ব্যাঙ ওস্তাদের জলসায়
বইয়ের নাম: ব্যাঙ ওস্তাদের জলসায়
লেখক: কাজী আবুল কাসেম
প্রকাশক: প্রগতি পাবলিশার্স
মূল্য: ৭৫ টাকা
গান ধরো হে
গান ধরো সব
কোলা ব্যাঙের পুত্তুর
সাপ আমাদের শত্তুর!
টুটু হাঁটছিল লেকের ধারে এক নিরিবিলি জায়গায়, হঠাৎ কানে লাগানো ট্রানজিস্টারে এই কিম্ভূত গান শুনতে পেয়ে হকচকিয়ে গেলো! ট্রানজিস্টারটা টুটুর দশ বছরের জন্মদিনে উপহার দিয়েছেন গামা মামা। টুটুর গামা মামা মস্ত রেডিও-ইঞ্জিনিয়ার। ছোট্ট বোতামের মতো দেখতে ট্রানজিস্টারটা দিয়ে বলেছেন, ‘এর নাম প্লুটো। সাধারণ রেডিওতে যেসব গান হয় তা কিন্তু এতে পাবে না। অসাধারণ আর আশ্চর্য গানবাজনার জন্যই এটা তৈরি।’
মামা ঠিকই বলেছিলেন তো, ভাবল টুটু, এমন গান তো আমি কোনোদিন রেডিওতে শুনতে পাইনি। কারা গায় এসব গান?
একটু এগোতেই টুটু দেখল, লেকের ধারে অনেকগুলো ব্যাঙ বিরাট এক গানের মজলিস বসিয়েছে! ফুর্তি করে গান করছে ওরা, একদল ব্যাঙ ঐকতান বাজাচ্ছে, আরেকদল গলা মিলিয়ে কোরাস ধরেছে।
খুব অবাক হলে নিশ্চয়ই? তোমাদের মতো টুটুও অবাক হয়ে গিয়েছে। ব্যাঙরাও কি তবে মানুষের মতো কথা বলতে পারে? আগে তো কখনও শুনতে পায়নি। তবে কি আজব ট্রানজিস্টার প্লুটো-ই ব্যাঙের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে টুটুকে?
এতদিন ব্যাঙকে সে তুচ্ছ প্রাণী ছাড়া কিছু ভাবেনি। এখন খেয়াল করে দেখল, ওদের বেশ চালাকচতুর আর চটপটে দেখাচ্ছে। ওদের মধ্যে একেকজন একেকরকম। ব্যাঙদের গায়ে যেসব ডোরাকাটা দাগ দেখা যায় ওগুলো শুধু দাগ নয়, বরং সেগুলো ওদের নানা ডিজাইনের জামাকাপড়! কালো চশমা পরা একটা বড় কোলা ব্যাঙ সবার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে গানের আসর পরিচালনা করছে। টুটু একটু এগিয়ে যেতে সেই গানের ওস্তাদ হঠাৎ তার দিকে চেয়ে বলল, ‘আরে টুটু যে! এদিকে কী মনে করে ভায়া!’
ব্যাঙ কথা বলছে দেখে টুটু তো একদম হতবাক। ওরা ওর নামও জানে! ব্যাঙ ওস্তাদ জানাল, ওরা টুটুকে প্রায়ই টিলার ওপর গান করতে শুনেছে, তাই ওকে চিনে রেখেছে। ওস্তাদের নাম ঘ্যানারাম ঘ্যানঘ্যানিয়া তবল্চিপুরম। টুটুর মতোই ব্যাঙ সমাজ গানবাজনার সমঝদার।
ওদের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেলো টুটুর। টুটু জানতে পারল, ব্যাঙদের মধ্যে বিভিন্নরকম গায়ক আছে, কেউ ভাওয়াইয়া গান গায়, কেউ গায় ভাটিয়ালি, কেউ আবার আধুনিক গান। ভাটিয়ালি গানটা টুটুর খুব মনে ধরল,
ওহো-রে ওরে
আমরা গৈ-গেরমের ব্যাঙ রে ভাই
ভাইটাল সুরে গাহান গাই
ভাওয়াল গড়ের ভাউয়া ব্যাঙ
ভাওয়াইয়া গান গায়---
ঘুব ঘুবিতং
বিতং বিতং।।
এভাবে সারাটা বিকেল কেটে গেলো জম্পেশ গানবাজনায়। বাড়ি ফিরে সবাইকে ব্যাঙদের জলসার কথা বলতে সবাই তো হেসেই অস্থির। তোমরা তো জানোই বড়রা কেমন, ছোটদের সব কথা ছেলেমানুষি মনে করে।
টুটুর খুব ইচ্ছে, ব্যাঙদের গান নিয়ে একটি গীতি বিচিত্রার আয়োজন করবে, সেখানে সবাই টিকেট কেটে গান শুনতে আসবে। কিন্তু মুশকিল কি জানো, বড়রা প্লুটো কানে লাগিয়ে কিছুই শুনতে পায় না। প্লুটোর কলকব্জা খুব সূক্ষ্ম কি-না, বড়দের কাছে ধরা পড়ে না এর গুণ। কিন্তু টুটু হাল ছাড়ার ছেলে নয়। শেষপর্যন্ত টুটু কি পারল ব্যাঙ সঙ্গীতের আনন্দ সবার মধ্যে ভাগ করে দিতে? উঁহু, সেটা আর বলে দিয়ে মজা নষ্ট করব না। তোমরা নিজেরাই পড়ে নাও ‘ব্যাঙ ওস্তাদের জলসায়’ বইটি।
এ বইয়ের লেখক কাজী আবুল কাসেম শুধু শিশুসাহিত্যিকই ছিলেন না, তিনি একজন শিল্পীও। বাংলাদেশের প্রথম মুসলিম চিত্রশিল্পী বলা হয় তাঁকে। ‘ব্যাঙ ওস্তাদের জলসায়’ বইটির প্রচ্ছদ ও ভিতরের মজার মজার ছবিগুলো তাঁরই আঁকা। গল্প আর ছবি মিলিয়ে চমৎকার এই বইটি তোমাদের সবার ভালো লাগবে আশা করি।
