শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫
তোমরা যারা বিজ্ঞানকে ভালোবাসো আর বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করে সারাদিন বাসার সবাইকে ব্যতিব্যস্ত করে রাখো তাদের জন্য একটি সুখবর আছে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায়, তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিএফএফ-এসপিএসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫।
এই তো, ৭ জুন বিএফএফ এর কার্যালয়ে আয়োজক প্রতিষ্ঠান দু'টির মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়ে গিয়েছে। এসপিএসবির পক্ষে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫ এর আহ্বায়ক ড. এম. নুরুজ্জামান খান এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় এসপিএসবির সহসভাপতি মুনির হাসান, শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, সমন্বয়ক মোঃ জোনায়িদুল ইসলাম ও প্রতিষ্ঠান দুইটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি বছর জুন মাস থেকে কংগ্রেস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য সারা দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প, মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা, বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত লেকচার সিরিজ, অ্যাক্টিভেশন ইত্যাদি।
তোমরা যারা এই কংগ্রেসে অংশ নিতে চাও তাদের সুবিধার্থে তিনটি বয়স ভিত্তিক ক্যাটাগরি করা হয়েছে, প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী), জুনিয়র (ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী) এবং সিনিয়র (নবম থেকে দ্বাদশ)। এই তিন বয়সী শিশু ও কিশোররা বৈজ্ঞানিক পোস্টার, বিজ্ঞান প্রকল্প ও বৈজ্ঞানিক নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
দুই দিনের অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক নানা প্রকল্প ও পোস্টার প্রদর্শনী, নিবন্ধ উপস্থাপনের পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে সেরা ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় তৃতীয় জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করা হবে।
ভেবো না এই কংগ্রেসই সব। কংগ্রেসের উদ্দেশ্য কিন্তু শুধু তোমাদের বিজ্ঞানের প্রতিভা প্রদর্শনের মাঝেই সীমাবদ্ধ না। বরং এই কংগ্রেসকে বিজ্ঞানী হওয়ার পথে তোমাদের প্রথম যাত্রা বলতে পারো। বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর তোমাদের দক্ষ করে তোলা এবং গুগল সায়েন্স ফেয়ার ও ইন্টেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের মতো আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশেকে যেন তোমরা নিয়ে যেতে পারো তারই প্রস্তুতি শুরু হবে এই কংগ্রেস থেকে।
তাহলে ঝটপট কংগ্রেসে অংশগ্রহণের নিয়ম এবং সময়সীমা জেনে নাও—
আগামী ১২ জুন থেকে শিক্ষার্থীরা শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ওয়েবসাইট www.cscongress.org-এ যেয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একজন প্রতিযোগী কেবল একটি বিষয়েই অংশ নিতে পারবে।
রেজিস্ট্রেশনের সময়ে শিক্ষার্থীদের প্রথমে তাদের পোস্টার, প্রকল্প কিংবা নিবন্ধ নিয়ে “কনসেপ্ট পেপার” বা ধারণাপত্র জমা দিতে হবে।
দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম শেষে সারা দেশের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় আগামী ২১ ও ২২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনের ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫’।
তবে জলদি রেডি হয়ে যাও তোমার পরিকল্পনা নিয়ে। কে জানে হয়তো তোমার মাথায় ঘুরতে থাকা বৈজ্ঞানিক পরিকল্পনাগুলোই একদিন বাংলাদেশকে দিবে নতুন এক পরিচিতি।
