২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচের বাতিক

বয়স হল অষ্টাআশি, চিম্‌‌সে গায়ে ঠুন্‌‌কো হাড়,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>সুকুমার রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

নাচ্‌‌ছে বুড়ো উল্টোমাথায়- ভাঙলে বুঝি মুণ্ডু ঘাড়!

হেঁইয়ো ব'লে হাত পা ছেড়ে পড়ছে তেড়ে চিৎপটাং,

উঠ্‌‌ছে আবার ঝট্‌পটিয়ে এক্কেবারে পিঠ সটান্‌।

বুঝিয়ে বলি, "বৃদ্ধ তুমি এই বয়েসে করছো কি?

খাও না খানিক মশ্‌লা গুলে হুঁকোর জল আর হর্‌তকী।

ঠাণ্ডা হবে মাথার আগুন, শান্ত হবে ছট্‌ফটি-"

বৃদ্ধ বলে, "থাম না বাপু, সব তাতে তোর পট্‌পটি!

ঢের খেয়েছি মশ্‌লা পাঁচন, ঢের মেখেছি চর্বি তেল;

তুই ভেবেছিস আমায় এখন চাল্‌ মেরে তুই করবি ফেল?"

এই না ব'লে ডাইনে বাঁয়ে লম্ফ দিয়ে হুঁশ ক'রে

হঠাৎ খেয়ে উল্টোবাজি ফেল্‌‌লে আমায় 'পুশ' ক'রে।

"নাচ্‌‌লে অমন উল্টো রকম," আবার বলি বুঝিয়ে তায়,

"রক্তগুলো হুড়্‌হুড়িয়ে মগজ পানে উজিয়ে যায়।"

বললে বুড়ো, "কিন্তু বাবা, আসল কথা সহজ এই-

ঢের দেখেছি পরখ করে কোথাও আমার মগজ নেই।

তাইতো আমার হয় না কিছু- মাথায় যে সব ফক্কিফাঁক-

যতটা নাচি উল্টো নাচন, যতই না খাই চর্কিপাক।"

বলতে গেলাম, "তাও কি হয়"- অম্নি হঠাৎ ঠাং নেড়ে

আবার বুড়ো হুড়মুড়িয়ে ফেললে আমায় ল্যাং মেরে।

ভাবছি সবে মারব ঘুঁষি এবার বুড়োর রগ্‌ ঘেঁষে,

বললে বুড়ো, "করব কি বল্‌ ? এ সব করায় অভ্যেসে।

ছিলাম যখন রেল-দারোগা চড়্‌তে হত ট্রেইনেতে

চলতে গিয়ে ট্রেনগুলো সব পড়ত প্রায়ই ড্রেইনেতে।

তুব্‌ড়ে যেত রেলের গাড়ি লাগত গুঁতা চাক্কাতে,

ছিট্‌কে যেতাম যখন তখন হঠাৎ এক এক ধাক্কাতে।

নিত্যি ঘুমাই এক চোখে তাই, নড়লে গাড়ি- অম্নি 'বাপ্‌-

এম্‌নি ক'রে ডিগবাজিতে এক্কেবারে শূন্য লাফ

তাইতে হল নাচের নেশা, হঠাৎ হঠাৎ নাচন পায়,

বসতে শুতে আপ্‌নি ভুলে ডিগ্‌বাজি খাই আচম্‌কায়!

নাচতে গিয়ে দৈবে যদি ঠাং লাগে তো পাঁজরাতে,

তাই ব'লে কি চটতে হবে ? কিম্বা রাগে গজ্‌রাতে?"

আমিও বলি, "ঘাট হয়েছে, তোমার খুরে দণ্ডবৎ!

লাফাও তুমি যেমন খুশি, আমরা দেখি অন্য পথ।"