মাঠচড়াই
কত রঙের পাখি দেখেই না আমরা মুগ্ধ হই। ওদের সুমধুর গান আমাদের মনকে উজার করে দেয়। আবার আমরা বিমোহিত হই ওদের ¯^ভাব দেখেও। বাংলাদেশে কত প্রজাতির পাখি আছে তা সঠিক জানা না থাকলেও কম করে হলেও ছয়শত প্রজাতির পাখি বাংলাদেশে বিচরণ করে থাকে। আমরা তার কয়টাই বা চিনি! শহরে বসবাস করে তো পাখিই দেখা হয় না। আর দেখলেও তা চেনা বেশ ভার। আজ তোমাদের মাঠচড়াই এর গল্প শোনাব। সাধারণ চড়াই পাখি থেকে এরা আলাদা।
রজনীকান্ত সেন-এর সেই কবিতার কথা মনে আছে? ঐ যে, যেখানে বাবুই পাখি চড়াই পাখিকে গর্ব করে বলে আমরা নিজের বাসা নিজেরাই বুঁনি। আর তোড়া থাকিস মানুষের তৈরি ঘরে। রোদ হোক আর বৃষ্টি হোক আমাদের নিজের তৈরি ঘরটাই খাসা। আসলেও কিন্তু তাই। চড়াই পাখি ঘরের কোণে বা দালানের বাড়ির ফাঁকফোঁকরে বাসা বানিয়ে সংসার পাতে। ওরা মানুষের বেশ অত্যাচার সয়ে দালান বা ঘরের কোণে খরকুটো দিয়ে বাসা বানায়। আর বাড়ির লোকজন খরকুটোয় বিরক্ত হয়ে বাসা ভেঙ্গে দেয় বার বার। তবুও ওরা বেশ অসহায় হয়েই বাসা বানায়। বিরক্ত না হয়ে একটু কষ্ট সহ্য করলে কিন্তু ওরা সংসার পেতে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চলে যাবে অনায়াসে।
চড়াই বা চড়–ই পাখি সচারচর ঘরের আঙিনায়, বারান্দায়, টিনের চালে, খড়ের গাদায়, দালানের ছাদে বা মাঠে বেশ চলাফেরা করতে দেখা যায়। কিন্তু মাঠচড়াই সাধারণত মাঠে চড়ে বেড়াতে দেখা যায়। আমরা সচারচর যে চড়াই পাখি দেখি মাঠচড়াই তার চেয়ে আকারে কিছুটা ছোট। গায়ের রঙ দেখতে বাদামি রঙের। মাঠচড়াইয়ের মাথার রঙ ছাই আর সাদায় মেশানো বেশ মানানসই। মাঠচড়াই সাধারণত খোলা মাঠে ও জোড়ায় জোড়ায় অথবা দলবেঁধে ঘুরে বেড়ায়। মাটির রঙের সাথে গায়ের রঙের বেশ মিল রয়েছে বলে সহজে চোখে পড়ে না মাঠচড়াইয়ের। এদের চলাফেরা সাধরণত লাফিয়ে লাফিয়ে। এই চলার সময় ঘাসের বীজ, শস্যের দানা, পোকামকড় খুঁজে বেড়ায় খাবারের জন্য। পুরুষ মাঠচড়াইয়ের ডাক কিন্তু বেশ মিষ্টি-মধুর।
পোকামাকড়ের খোঁজে কিংবা শূন্যে উড়ে খেলা করার সময় বেশ সুরেলা কণ্ঠের ডাক শোনা যায় মাঠচড়াইয়ের। ভালো করে দেখলে দেখা যায়, শূন্যে বেশ সুন্দর ভঙ্গিতে অনেক উঁচুতে উড়ে গিয়ে আবার সোজা নিচের দিকে নেমে আসে। দিনের অনেকটা সময় কাটিয়ে দেয় এভাবে খেলা করে। মাঠচড়াই বিভিন্ন ঝোপঝাড়ের পাতার আড়ালে মাটিতে ছোট্ট একটা গর্ত করে বাসা বানায়। গর্তে বিছিয়ে দেয় ঘাস ও লতাপাতা। ফিকে হলুদ রঙের দুই থেকে তিনটি ডিম পাড়ে বাসায়। ডিম ফেটে বাচ্চা বের হলে মা-বাবা খাইয়ে বড় করে তোলে। বাচ্চারা ওড়া শিখলে মা-বাবার সাথে সঙ্গে খাবারের খোঁজে ঘুরেও বেড়াতে দেখা যায়। ওরা আমাদের পরিবেশের জন্য বেশ সহায়ক ভ‚মিকা রাখে।
