২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিল্লা আওরঙ্গবাদের দুয়ারে

সভ্যতা আর ঐতিহ্য– যমজ দুই ভাইবোন। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। আজ থেকে আঠারো বছর আগে কাজের সূত্রে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তাদের বাবা আবির আবরার। সেই থেকে অস্ট্রেলিয়াতেই বসবাস। দীর্ঘ সময় পরে দেশে ফিরেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>শারমিন রেজওয়ানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2015, 02:57 PM

Updated : 12 Oct 2022, 03:36 PM

সভ্যতা আর ঐতিহ্যের বাংলাদেশেকে নিয়ে কৌতূহলের অন্ত ছিল না, এর সঙ্গে মিশে ছিল অনেক বেশি শ্রদ্ধা। স্কুলে পড়ার সময় সহপাঠীরা মাঝে মধ্যেই ওদের নাম নিয়ে হাসাহাসি করতো, বলতো, কী অদ্ভুত নাম তোমাদের- সিভিলাইজেশন, হেরিটেজ! ওরাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, মুখের উপর বলে দিতো-‘তোমাদের নাম বুঝি খুব অর্থবহ? মিস্টার ক্রো, মিস্টার ফক্স!!

ওরা জানতো ওদের এই নাম রেখেছিলেন ওদের নানাভাই। মায়ের কাছ থেকে শুনে ওরা জেনেছে তিনি প্রত্নতত্ত্ববিদ, সারাজীবন ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে। দেশের গ্রামের বাড়িতে নানাভাইয়ের নাকি একটা ছোট সংগ্রহশালাও আছে। তাই বাংলাদেশের মাটিতে পা রেখেই দুই ভাই-বোন অস্থির হয়েছিল নানাবাড়ি যাওয়ার জন্য। কিন্তু ওদের বাবার ঢাকায় খুব জরুরী কিছু কাজ থাকায় এই মুহূর্তে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না!

Image
আলোকচিত্রঃ নাফিস রহমান

আলোকচিত্রঃ নাফিস রহমান

তাই সভ্যতা আর ঐতিহ্য মন খারাপ করে বারান্দায় বসে বসে রাস্তা দেখে। ওদের অবস্থা দেখে মা বললেন, মন খারাপ করো না বাচ্চারা, এই ফাঁকে আমরা বরং ঢাকায় ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে নেই। ঢাকা চারশো বছরের প্রাচীন রাজধানী হলেও, ঢাকার মানববসতি কিন্তু আরও পুরানো। আমি তোমাদের আজকে লালবাগের কেল্লা দেখাতে নিয়ে যাবো। সেখানে ছোটবেলার তোমাদের নানা ভাইয়ের সঙ্গে আমি অনেকবার বেড়াতে গিয়েছি।

সেদিন দুপুরে খাওয়া-দাওয়ার পর সভ্যতা আর ঐতিহ্যকে নিয়ে বেড়িয়ে পরলেন ওদের মা তাসিন সাইয়েরা। বাড়ি থেকে বের হওয়ার সময় গরম কাপড় নিতে বলায় দুই ভাই-বোন মৃদু আপত্তি জানিয়ে বললো, মা ঢাকায় এই দুপুরে মোটেও শীত নেই। মিসেস তাসিন ওদের অবস্থা দেখে হেসে বললেন, তোমরা ভাবছো এই ভরদুপুরে শীতের কাপড় কেন, তাইতো? আসলে হয়েছে কি জানো, ঢাকায় এসে শুনেছি লালবাগের কেল্লায় নাকি সন্ধ্যের পরে ‘লাইট এন্ড সাউন্ড শো’ হয়। সেটা না দেখে ফিরে আশা কি ঠিক হবে বলো? ব্যাস, এটুকু শুনেই দু-ভাই বোন একছুটে বাসার ভিতর থেকে জ্যাকেট নিয়ে এলো। এরপর গাড়িতে চেপে আশেপাশে দেখতে দেখতে একসময়ে চলে এলো কেল্লা গেটের একদম সামনে।

টিকেট কেটে কেল্লার গেটে দাঁড়িয়ে মা ঘোষণা দেওয়ার ভঙ্গিতে বলে  উঠলেন, এখন আমরা দাঁড়িয়ে আছি ‘কিলা আওরঙ্গবাদে’! ওরা অবাক হয়ে বললো মা তুমি না আমাদের লালবাগের কেল্লা দেখার কথা বলেছিলে? আর টিকেটেও তো তাই লেখা আছে, তাহলে অন্য নাম বলছো কেন?

Image
আলোকচিত্রঃ নাফিস রহমান

আলোকচিত্রঃ নাফিস রহমান

মা মুচকি হেলে বললেন, বর্তমানে এর নাম লালবাগের কেল্লা হলেও এই দুর্গের আসল নাম ছিল ‘কিল্লা আওরঙ্গবাদ’। যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তাঁদের অনেকে মনে করেন এখানে আগে অনেক বড় একটা ফুলের বাগান ছিল, সেই থেকেই এলাকাটির নাম হয়েছিল লালবাগ। ‘বাগ’ মানে হলো বাগান, জানো তো? আর এই দুর্গটা এলাকার নামেই এক সময়ে ‘লালবাগের কেল্লা’ নামে পরিচিত হয়ে উঠলো!

‘কিল্লা আওরঙ্গবাদ’ কী অদ্ভুত নাম, তাই না ভাইয়া? নামটা আওড়াতে আওড়াতে বললো ঐতিহ্য! সভ্যতা আবার ইতিহাস পড়তে ভালবাসে, তাই সে বললো, মোটেও অদ্ভুত নাম না। আওরঙ্গজেব নামে মুঘল যুগের একজন সম্রাট ছিলেন, সম্ভবত তাঁরই নাম জড়িয়ে আছে এখানে, তাই না মা? ‘একদমই ঠিক ধরেছো তুমি’। মা খুশি হয়ে উঠলেন। এই দুর্গটা আসলে বানিয়েছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে মুহাম্মদ আযম শাহ। তিনি বাংলার সুবাদার হয়ে ১৬৭৮ সালে ঢাকায় এসেছিলেন। ঢাকায় থাকার সময়ে বুড়িগঙ্গার তীরের এই জায়গাটা তাঁর খুব পছন্দ হয়ে যায়, তাই তিনি এখানে দুর্গ নির্মাণ শুরু করেছিলেন। আসলে ঠিক দুর্গ বলতে যা বোঝায় তা নয়, তিনি চেয়েছিলেন প্রাসাদ নির্মাণ করতে। আর সেই প্রাসাদকে রক্ষা করার জন্য প্রাচীর ঘেরা একটা দুর্গ। কিন্তু কাজ শেষ হবার আগেই তাঁর বাবা সম্রাট আওরঙ্গজেব বিশেষ প্রয়োজনে দিল্লীতে তাকে ডেকে পাঠালে দুর্গের কাজ অসমাপ্ত রেখেই চলে যান তিনি, যা পরে আর কোনোদিন শেষ করা সম্ভব হয়নি। মা একটা অতৃপ্তির দীর্ঘশ্বাস ফেলে বললেন চলো দুর্গ দেখতে দেখতে বাকিটা বলছি তোমাদের! ও ভাল কথা, তোমরা হয়তো ভাবছো এত বড় একটা দুর্গের প্রবেশদ্বারটা এমন সাদামাটা কেন! আসলে আমরা এখন যে তোরণ বা প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম, এটা কিন্তু দুর্গের প্রধান দরজা নয়! মূল তোরণটা দক্ষিণ দিকের প্রাচীরে, ওটা এখন বন্ধ। আর এ দু’টা ছাড়াও এই দুর্গের আরও দুটি প্রবেশদ্বার ছিল, তার মধ্যে একটা অবশ্য বুড়িগঙ্গায় ভেঙ্গে গেছে।

Image
আলোকচিত্রঃ নাফিস রহমান

আলোকচিত্রঃ নাফিস রহমান

কথা বলতে বলতে দু’পাশে সবুজ ঘাসে ছাওয়া মৌসুমি ফুলের বাগানের  মধ্যে দিয়ে ইট বাঁধানো রাস্তায় হেঁটে মা ওদেরকে নিয়ে একটা ভবনের সামনে থামলেন। একতলা সুন্দর সেই ভবনটির চারদিকে চারটা মিনার আর মাঝে একটি গম্বুজ, মা বললেন এটি বিবি পরীর সমাধি। ‘সমাধি’ মানে যেখানে মানুষকে কবর দেয়া হয়। ইন্টারনেট বা বই-পত্রে লালবাগের কেল্লার যে ছবিটি সবচেয়ে বেশি দেখি আমরা তা হলো এই বিবি পরীর সমাধি। ‘পরীবিবি কে ছিলেন মা?’ সভ্যতা প্রশ্ন করে। ‘পরী বিবি’ ছিলেন শায়েস্তা খানের কন্যা আর শায়েস্তা খান ছিলেন বাংলার সুবাদার। যুবরাজ আযম দিল্লী চলে যাওয়ার পরে তাঁকে দ্বিতীয়বারের মতো বাংলার সুবাদার করে ঢাকায় পাঠানো হয় ১৬৭৯ সালে। সম্রাট আওরঙ্গজেব তাঁকে এই ‘কিল্লা আওরঙ্গবাদের’ স্বত্ব দান করে দিয়েছিলেন। এখানে শায়েস্তা খান কিছুদিন বসবাসও করেছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে দুর্গের নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে তিনি কোনো আগ্রহ দেখাননি। অবশ্য অনেকে বলেন যে, তাঁর কন্যা ইবনে দুখত বা বিবি পরীর মৃত্যুই এর কারণ। বিবি পরীর বিয়ে হবার কথা ছিল যুবরাজ আযমের সঙ্গে, কিন্তু তার আগেই পরী মারা যান। কন্যাশোকে কাতর পিতা আর এখানে বাস করেননি, তিনি এই দুর্গ ছেড়ে চলে যান।

অনেকেই মনে করেন মুঘল শাসকগণ সম্ভবত দুর্গে তাদের সন্তান মৃত্যুর ঘটনাকে অলক্ষণ বলে মনে করতেন এবং এমন হলে সাধারণত সেই দুর্গ ছেড়ে চলে যেতেন! মুঘল সম্রাট আকবরের নাম তো তোমরা জানোই। কথিত আছে, সেই সম্রাট তাঁর দুই ছেলে হাসান এবং হোসেনের মৃত্যুর পরে দিল্লীর দুর্গ ছেড়ে ফতেহপুর সিক্রিতে চলে গিয়েছিলেন।

শায়েস্তা খান কন্যার মৃত্যুজনিত মানসিক আঘাতের পর দুর্গের কাজ শেষ না করলেও মেয়ের কবরের উপর  নির্মাণ করে গেছেন এই অপূর্ব স্মৃতিসৌধটি। এটাই বাংলাদেশের একমাত্র স্থাপনা যা নির্মাণে মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। সৌধটি বানানোর জন্য শায়েস্তা খান রাজমহল থেকে এনেছিলেন ব্যাসল্ট পাথর, চুনার থেকে বেলে পাথর, জয়পুর থেকে সাদা মার্বেল। ছাদের উপরে যে বড় আকারের উল্টানো পেয়ালার মতো অংশ দেখছো, ওটাকে বলে গম্বুজ। এই গম্বুজটা আলাদা করে বানিয়ে ওখানে লাগানো হয়েছে, এটা তামা দিয়ে ঢাকা। এক সময়ে গম্বুজটায় সোনালী রংয়ের কারুকাজ ছিল। সমাধি সৌধটিতে মোট নয়টি অংশ আছে; যার ঠিক মাঝের অংশে শায়িত আছেন বিবি পরী। আর এখানে প্রবেশ করার জন্য ছিল চারটি দরজা, এখন অবশ্য সবগুলো বন্ধ, সমাধি আমাদের বাইরে থেকেই দেখতে হবে। বিবি পরীর এই সমাধিসৌধে বিবি পরী ছাড়াও আরও দু’টি কবর আছে, একটি শায়েস্তা খানের আরেক  মেয়ে শামসাদ বেগম এবং অন্যটি পৌত্র খুদাবন্ধ খান বা মীর্জা বাঙ্গালীর। 

Image
আলোকচিত্রঃ নাফিস রহমান

আলোকচিত্রঃ নাফিস রহমান

আচ্ছা এবার পশ্চিম দিকে তাকাও, দেখছো তো একটা মসজিদ, এটাও যুবরাজ আযমের সময়ে নির্মাণ করা হয়েছিল। এবার চলো আমরা সামনের দিকে এগুবো, দেওয়ান-ই-আম বা দরবার গৃহ দেখতে যাবো। যাওয়ার পথে তাদের সামনে পড়লো ফোয়ারাটা, অবশ্য তাতে পানি ঝরছিল না। মা বললেন, মুঘল শাসকরা যে সব জায়গায় প্রাসাদ বা দূরগ বানাতেন তাতে নাকি ফোয়ারা, জলাধার, চারখণ্ডে ভাগ করা বাগান এসব থাকতোই, এটাই ছিল তাদের ভবন নির্মাণের বৈশিষ্ট্য। বিবি পরীর সমাধি থেকে সামান্য দূরে একই সরল রেখায় অবস্থিত দেওয়ান-ই-আম। সেখানে গিয়ে ওরা মা’র কাছে জানতে চাইলো, কি ছিল এটা!

‘দেওয়ান-ই-আম’ নামের এই যে দোতালা প্রাসাদ দেখছো এখানেই বাংলার সুবাদার শায়েস্তা খানের বসবাস করতেন। সভাসদ, প্রজাদের সঙ্গে দেখা করতেন, এর জন্য এর নাম হয়েছে দেওয়ান-ই-আম বা দরবার-গৃহ! এই ভবনটিকে এখন জাদুঘর বানানো হয়েছে, দেখবে চলো। তার আগে আরেকটা জিনিস দেখাই তোমাদের- এই ভবনের নীচের তলায় একটা হাম্মামখানা আছে। হাম্মামখানা মানে হলো স্নানঘর। এটা সাধারণ স্নানঘরের মতো নয়। রাজকীয় বলে কথা! এখন যেমন তোমরা স্টিম বাথ নাও, এখানেও সেই ব্যবস্থা ছিল। হাম্মামখানার উত্তর-পশ্চিম কোণে বড় হাড়িতে পানি গরম করে তার বাষ্প বিশেষ কৌশলে হাম্মামে পাঠানো হতো। এছাড়াও ছিল গরম পানি ও ঠাণ্ডা পানির ছোট ছোট চৌবাচ্চা, শরীর মর্দনের কক্ষ, পোশাক পরিবর্তনের কক্ষ, প্রহরীদের কক্ষ ইত্যাদি।

তারপর তারা গেলো জাদুঘর দেখতে। সেখানে মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবি, শায়েস্তা খাঁ’র ব্যবহার্য নানান দ্রব্যাদি এবং  তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সেসময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদি দেখলো মুগ্ধ চোখে। দেওয়ানই-ই-আমের পূর্ব দিকে বেশ বড় একটা পুকুরও আছে-এখানে সম্ভবত সৈনিকরা স্নান করতো।

পরি বিবির মাজারের দক্ষিণ দিকে দুর্গপ্রাচীর লাগোয়া রয়েছে পূর্ব-পশ্চিমে লম্বা একটি একতলার ভবন। সেগুলোর দিকে হাঁটতে হাঁটতে মা বললেন, এটা ছিল সৈনিকদের ব্যারাক, এক সময়ে এই ভবনের  ছাদের উপর দারুণ একটা বাগান ছিল। সভ্যতা অবাক হয়ে বললো, কিন্তু মা গাছ-পালার জন্য তো পানি লাগবেই। তখন তো নিশ্চয় মটর পাম্প ছিল না, তাই না? ঠিক তাই। বললেন মা। তারপর ওদেরকে নিয়ে গেলেন কেল্লার দক্ষিণ-পশ্চিম কোণার টাওয়ারের মতো অংশটিতে। বললেন-এটি ছিল লাইট হাউজ। সন্ধ্যায় এখানে মশাল বাতি দেয়া হতো যাতে দুর্গঘেঁষা বুড়িগঙ্গা নদীতে যাতায়াতকারী নৌযানগুলো দুর্গটা চিনতে পারে। আর এর পাশেই ছিল নদী থেকে পানি তোলার একটা পার্সিয়ান হুইল। এই হুইল দিয়ে পানি তুলেই ছাদের বাগানের গাছগুলোতে দেয়া হতো। সভ্যতা আনন্দে হাততালি দিয়ে বলল—দারুণ তো!

Image
আলোকচিত্রঃ নাফিস রহমান

আলোকচিত্রঃ নাফিস রহমান

অনেকদিন পর্যন্ত লালবাগ দুর্গ বলতে শুধু বোঝানো হতো দেওয়ান-ই-আম, বিবি পরীর মাজার আর মসজিদ, প্রবেশ পথ দু’টি আর দুর্গপ্রাচীর। পরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুর্গের ভেতরে ১৮ টা জায়গার খনন করে এই যে ছাদ-বাগান দেখছো এটা, দুর্গের পানি সরবরাহের ব্যবস্থা, ঝরনার ধ্বংসাবশেষ সহ আরও ২৭টা কাঠামোর অস্তিত্ব খুঁজে পেয়েছে।

‘এখানে নাকি একটা সুরঙ্গ আছে আর সেখানে নাকি ভূত আছে, সত্যি নাকি মা?’ সভ্যতা জিজ্ঞেস করলো। মা হেসে  বললেন, ভূত বলে কিছু আছে নাকি? ওসব মানুষের বানানো গল্প। তবে দুর্গের দক্ষিণ দিকের প্রাচীরের বুরুজে একটা ভূগর্ভস্থ টানেল ছিল, পরে সেটা নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেয়া হয়েছে। চলো সেটা দেখি আসি। এভাবে ঘুরে ঘুরে সব দেখতে দেখতে বিকেল ঘনিয়ে আসলো, ওরা তখন দেওয়ান-ই-আমের পাশ ঘেঁষে বড় বড় কাঠ বাদাম গাছ গুলোর নিচের সিমেন্টের বেঞ্চিতে বসে চিনা বাদাম খেতে খেতে সন্ধ্যের অপেক্ষা করছিল লাইট এন্ড সাউন্ড শো দেখার জন্য। 

সভ্যতা এবং ঐতিহ্যের কেল্লা বেড়ানোর গল্প শুনে তোমরাও যারা লালবাগ কেল্লা দেখতে যেতে চাও, তাদের জন্য দরকারি কিছু তথ্য জানিয়ে দেই। শুরুতেই কবে কবে দর্শনার্থীদের জন্য কেল্লার দুয়ার খোলা থাকে সেটা জেনে নাও। রবিবার পুরো দিন এবং সোমবার এটা আধা বেলা বন্ধ থাকে। কেল্লা পরিদর্শনের জন্য কিন্তু নির্দিষ্ট সময়সূচীও আছে, গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে।

টিকেট পাবে লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশের টিকেট কাউন্টারে, জনপ্রতি টিকেট এর দাম দশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোনো বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়ে না। যে কোনো বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য দুইশ টাকা এবং সার্কভূক্ত দেশগুলোর জন্য একশ টাকা করে। তবে আর বসে থাকা কেন, চটজলদি তোমরাও বেড়িয়ে আসো লালবাগের কেল্লা থেকে।