রূপকথা কে লেখে?
মনে আছে, সেই কুৎসিত হাঁসের ছানার গল্পটা? কিংবা থাম্বেলিনা? স্নো হোয়াইট অথবা ছোট্ট মৎস্যকুমারীর গল্প? বলবে, বারে! এসব গল্প কে না জানে? এগুলোর কথা আবার নতুন করে বলার কী আছে? না, ওই গল্পগুলোর কথা বলব না, বলব ওইগল্পগুলোর লেখকের কথা। নাম তার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। ডেনিশ, মানে ডেনমার্কের এই লেখক তার রূপকথাগুলোর জন্যই অমর হয়ে আছেন। তাই বলে কিন্তু ভেবো না, তিনি অন্য কিছু লেখেননি; তার বিখ্যাত কিছু কবিতাও আছে। তারসবচেয়ে বিখ্যাত কবিতাটার নাম জেগ এর এন স্ক্যান্ডিনেভ, ইংরেজি করলে হয়- আই এম এ স্ক্যান্ডিনেভিয়ান।
ভাবছ, আজ হঠাৎ এই রূপকথার রাজপুত্রকে নিয়ে বসলাম কেন? আরে, ২ এপ্রিল যে তার জন্মদিন। তোমাদের জন্য যে লেখক এতো সুন্দর সুন্দর সব রূপকথা লিখে গেছেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে না?
জন্মদিনের শুভেচ্ছা জানানোর আগে তো তার সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার, তাই না? তাহলে আর দেরি করে কাজ কী, চলো শুরু করা যাক।
হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্ম হয় ১৮০৫ সালের ২ এপ্রিল, মঙ্গলবার-- ডেনমার্কের ওডেন্স শহরে। কিন্তু শহরের ঠিক কোথায় তার জন্ম হয়, সে কথা নিশ্চিতভাবে জানা যায়নি। জানা যাবে কী করে, তার বাবা-মার তো তখনো কোনো স্থায়ীঠিকানাই ছিল না! তার বাবা ছিলেন জুতার কারিগর আর মা ধোয়া-মোছার কাজ করতেন। সব মিলিয়ে তো বুঝতেই পারছো, অ্যান্ডারসনরা বেশ গরিব ছিল। আর অ্যান্ডারসন ছিলেন বাবা-মার একমাত্র সন্তান।
এখন গরিব ঘরের সন্তানদের ভাগ্যে কী জোটে, বলো তো? ছোট্ট থাকতেই ওদের পড়াশুনা করা বাদ দিয়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়তে হয়। ঠিক একই কাজ করতে হল অ্যান্ডারসনকেও; তিনিও বেরিয়ে পড়লেন টাকা রোজগারে ধান্দায়। শিক্ষানবীশহিসেবে প্রথমে কাজ করলেন এক কাপড়ের কারিগরের কাছে, এরপর এক নাবিকের কাছে।
এরই মধ্যে অ্যান্ডারসনের জীবনে দুটো বড় বড় ঘটনা ঘটে গেল। তার বাবা নেপোলিয়নের নেতৃত্বে পেনিনসুলার যুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন। সেই যুদ্ধে নেপোলিয়নের বেশিরভাগ যোদ্ধাই হয় মারা গিয়েছিলেন, নয়তো জখম হয়ে ফিরেছিলেন। অ্যান্ডারসনেরবাবা বেঁচে ফিরলেও মারাত্মকভাবে জখম হয়েছিলেন। সেই জখমের জেরেই তিনি মারা যান ১৮১৬ সালে। আর এখনও কোন মেয়ে একা একা বেশিদিন থাকতে পারে না, আর সে তো আজ থেকে আরো দুশ’ বছর আগের কথা। অ্যান্ডারসনের মা-ও বেশিদিনএকা একা থাকতে পারলেন না, দু’বছর পর তিনি আবারও বিয়ে করলেন।
ওদিকে এসব শিক্ষানবীশি কাজ অ্যান্ডারসনের ভাল লাগছিল না। তুমি-ই বল, অ্যান্ডারসনের মতো কাউকে কী এসব কাজে মানায়? অনেক আগে, ওডেন্স শহরে তিনি একবার থিয়েটার দেখেছিলেন, যাকে বলে মঞ্চনাটক। আর সেই নাটক তাকে খুব নাড়াদিয়েছিল। তিনি ভাবলেন, একটা থিয়েটারের দলেই যাওয়ার চেষ্টা করে দেখা যাক। এই ভেবে তিনি রওয়ানা হলেন কোপেনহেগেনের পথে। সেখানকার রয়েল থিয়েটারে যদি তার একটা গতি হয়। এখন তো তার আর ওডেন্সে থাকবারও তেমন দরকার নেই;বাবা নেই, মা-ও আরেকজনের সঙ্গে সংসার করছেন। তখন ১৮১৯ সাল।
রয়েল থিয়েটারের লোকজন তার প্রতিভা ঠিকই টের পেল। তবে প্রতিভা থাকলে কী হবে, বাবা-মা গরীব হওয়ায় যে তার পড়াশুনাই হয়নি! সুতরাং, প্রথমেই তার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হল। ১৮২২ সাল নাগাদ তিনি কয়েকটা নাটকেও কাজকরলেন। কিন্তু সফল হতে পারলেন না। তবে দলটির ম্যানেজার জোনাস কলিন তাকে পছন্দ করে ফেললেন। শুধু তাই না, তিনি অ্যান্ডারসনের অভিভাবকই হয়ে গেলেন। এই জোনাস কলিনই অ্যান্ডারসনের পড়াশুনার দায়িত্ব নিলেন। তিনি ভর্তি হলেনএকটি গ্রামার স্কুলে। একবার স্কুল পরিবর্তনও করলেন। কিন্তু স্কুল তার ভালো লাগলো না। স্কুলের দিনগুলোই নাকি তার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। পরিবর্তে কলিন বাসায় অ্যান্ডারসনের জন্য শিক্ষক নিয়োগ করলেন। আর ১৮২৮ সালে পরীক্ষাদিয়ে পাসও করলেন অ্যান্ডারসন।
এর মধ্যেই কিন্তু অ্যান্ডারসনের একটা কবিতা বেশ বিখ্যাত হয়ে গেছে। ইংরেজিতে কবিতাটির নাম- দ্য ডাইং চাইল্ড। কবিতাটি তিনি লিখেছিলেন ১৮২৭ সালে। আর তখনকার কোপেনহেগেনের শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকাতেও নিয়মিতই তার কবিতা ছাপাহচ্ছিল।
১৮২৯ সালে অভিনীত হয় তার প্রথম নাটকও। বেশ জনপ্রিয়ও হয় নাটকটি। ১৮৩১ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই। আর এ বছর তার আরেকটি গুরুত্বপূর্ণ বই বের হয়। অ্যান্ডারসন বিখ্যাত মূলত দু’টি কারণে, তার রূপকথার জন্য তোতিনি বিখ্যাতুই, আরেকটি কারণ তোমরা চিন্তাও করতে পারবে না-- তার ভ্রমণ ডায়েরির জন্য (ট্রাভেললগ)। আর তার প্রথম ভ্রমণ ডায়েরিও প্রকাশিত হয় এ বছরই। জার্মানি ঘুরে এসে তিনি তার সেই ভ্রমণকাহিনী প্রকাশ করেন। কিছুদিনের মধ্যেই তারভ্রমণবিষয়ক বইগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি ১৮৩৩ সালে ভ্রমণের জন্য রাজার আর্থিক সহায়তাও পান। আর তা দিয়ে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটা ট্যুর দেন, জার্মানি- ফ্রান্স- ইতালি ট্যুর।
১৮৩৫ সাল অ্যান্ডারসনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলোর একটি। এ বছরেই প্রকাশিত হয় তার প্রথম রূপকথার বই-- এভেনটির, ফরটেল্ট ফর বর্ন; ইংরেজি করলে হয়- ফেইরি টেইলস, টোল্ড ফর চিল্ড্রেন। পরের দুই বছরে প্রকাশিত হয় তারআরও দুটি রূপকথার বই। তবে তখন তখনই তার রূপকথাগুলো তেমন জনপ্রিয় হয়নি। বরং জনপ্রিয় হয়েছিল পরের কয়েক বছরে প্রকাশিত তার উপন্যাসদুটি- ওটি এবং ওনলি এ ফিডলার। অবশ্য তার প্রথম উপন্যাসও প্রকাশিত হয়েছিল ১৮৩৫ সালেই,দ্য ইম্প্রোভাইজেটর।
তার রূপকথাগুলো প্রথম প্রথম জনপ্রিয় না হলেও, লেখক হিসেবে মোটামুটি নামডাক হয়ে গিয়েছিল। আর তার রূপকথা লেখাও চলছিল। তবে তার প্রথমদিকের সবগুলো রূপকথার বইয়ের নামের শেষেই থাকত- টোল্ড ফর চিল্ড্রেন।১৮৪৩ সালে প্রথম তারএকটি রূপকথার বই বের হল, যেটার নামে এই কথাগুলো লেখা ছিল না।
১৮৪৫ সালে তার লেখা ইংরেজিতে অনূদিত হতে শুরু করে। জার্মান ভাষায় প্রথম তার লেখার অনুবাদ প্রকাশিত হয় ১৮৪৭ সালে। আর ফরাসি ভাষায় ১৮৪৮ সালে তার প্রথম যে লেখাটি অনুবাদ হয়, সেটি তো রূপকথাই ছিল।
১৮৭২ সালে প্রকাশিত হয় তার শেষ রূপকথা। আর লিখবেন কী করে, তিনি যে সে বছরই ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, যাকে বলে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। তার শেষ দিনগুলো কেটেছিল তার এক বন্ধুর বাসায়, মরিৎজ নামের তার ওই বন্ধুটি ছিলব্যাংকার। বলা হয়নি বুঝি, অ্যান্ডারসন যে জীবনে বিয়েই করেননি। আর তাই তিনি যখন ভীষণ রোগে
