২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ রিভিউ- “little learner”

বাসার স্মার্টফোনগুলোতে যে গেমগুলো আছে, সেগুলোর হাইস্কোর কার বলো তো? তোমার যদি ছোট্ট কোন ভাই-বোন থেকে থাকে, নিঃসন্দেহে তাদের! আজকালকার বাচ্চারা মোবাইল হাতে বেশ পারদর্শী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2015, 02:28 PM

Updated : 12 Oct 2022, 03:22 PM

তাহলে টেম্পল রান আর ফ্রুট নিনজার পাশাপাশি ফোনে যদি শিক্ষণীয় কোন মজার অ্যাপ থাকে, তাহলে নিশ্চয়ই তোমার সেই ছোট ভাই বা বোনটি স্কুলে ভর্তি হবার আগেই কিছু মজার বিষয় শিখে ফেলতে পারবে! সেরকমই একটি অ্যাপ- Little Learner!

আনন্দের কথা হচ্ছে এই অ্যাপের ডেভেলপার আমাদের বাংলাদেশী একজন। সুরি দীপান্বিতা সাইদের তৈরি এ অ্যাপটি স্কুলে ভর্তি হয়নি এমন শিশুদের উপযোগী করে তৈরি। স্কুলে যাওয়ার আগেই এই অ্যাপটি থেকে তারা শিখে নিতে পারবে অনেক কিছু। এমনকি সদ্য স্কুলে ভর্তি হওয়া বাচ্চারাও ব্যাবহার করতে পারবে এই অ্যাপ। এখানে রয়েছে বাংলা এবং ইংরেজি বর্ণমালা থেকে শুরু করে শব্দ গঠন পর্যন্ত সহজ শিখন পদ্ধতি।

বাংলা বর্ণমালা শেখার পর প্রতিটি অক্ষর দিয়ে শব্দ তৈরি করেও দেখানো হয়। মজার ব্যাপার হচ্ছে প্রতিটি শব্দের সাথেই রয়েছে ছবি- এতে শিশুরা খুব সহজেই বুঝতে পারবে শব্দটিকে।

ইংরেজি বর্ণমালা স্মল এবং ক্যাপিটাল উভয় ধরণের লেটারই এখানে শেখা যাবে। আরও রয়েছে গণিতের ছোট্ট একটি আসর। সেখানে শিশুরা সহজেই শিখতে পারবে, কীভাবে গুণতে হয়। এছাড়া ছোট কিছু গাণিতিক পদ্ধতিও (যেমন যোগ, বিয়োগ ইত্যাদি) শেখার সুযোগ রয়েছে।

গণিতের এই বিষয়গুলো চাইলে কেউ বাংলাতেও শিখতে পারবে।

যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবে তখন বিরক্তি ভুলানোর জন্য রয়েছে আঁকার ক্যানভাস। সেখানে করা যাবে নানা রঙ নিয়ে ইচ্ছেমতো আঁকাআঁকি।

সত্যি কথা বলতে কী, ছোটোদের জন্য পুরো একটি বইয়ের কাজই করে দিয়েছে অ্যাপটি।

এত সুন্দর অ্যাপটিতে অবশ্য ছোট্ট কিছু সমস্যাও রয়েছে। এই যেমন , ফন্ট সাইজগুলো আরও একটু বড় হলে ভালো হত , বাচ্চাদের বড় ফন্টে পড়তে সুবিধা হয়। এছাড়া ব্যাকগ্রাউন্ডের রঙ নির্বাচন আরেকটু ভালো হলে ভালো হত। অনেক সময়ই অক্ষর কিংবা ছবি মিশে গেছে ব্যাকগ্রাউন্ডের রঙের সাথে। এ দুই-একটি সামান্য ব্যাপার বাদ দিলে বাচ্চাদের জন্য বেশ চমৎকার একটি অ্যাপই বলতে হয় little learner কে!

গত সপ্তাহেই প্রকাশিত হওয়া এই অ্যাপটি এখন পর্যন্ত ৫.০ রেটিং ধরে রেখেছে প্লে স্টোরে।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এই লিংক থেকে:

https://play.google.com/store/apps/details?id=com.littlelearner.layoutdesign