বিজ্ঞানের সাহিত্যিক
বইয়ের নাম : ‘আব্বাকে মনে পড়ে’
লেখক : আহমদ নাবীল শরফুদ্দীন
প্রচ্ছদ : অশোক কর্মকার
প্রকাশক : সাহিত্য প্রকাশ
মূল্য : দুইশত টাকা মাত্র
তোমরা নিশ্চয়ই শুনেছ, বাংলাদেশের জন্মের আগে আমাদের এ অঞ্চল আরেকবার স্বাধীন হয়েছিল। সে ১৯৪৭ সালের কথা। অবশ্য ওটিকে স্বাধীনতা না বলে দেশভাগ বলাই ভালো। যদিও এরপর বাঙালিরা বুঝতে পেরেছিল, দেশভাগ নয়; আমাদের দরকার স্বাধীনতা। ১৯৭১-এ আমরা সেই স্বাধীনতাও পেয়েছি।
যাক, সেই সাতচল্লিশের দেশভাগের পর আমাদের দেশের গুণী মানুষেরা চেয়েছিল, এ দেশের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে। শিক্ষা, শিল্প ও সাহিত্যের পাশাপাশি ছোটদের বিজ্ঞানমনস্ক করে তুলতে। তাদের মধ্যে একজন হচ্ছেন আবদুল্লাহ আল-মুতী।
বিজ্ঞান-লেখক হিসেবে আবদুল্লাহ আল-মুতীর নাম সবার আগে চলে আসে। বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে তার কোনো জুড়ি ছিল না। শুধু তাই নয়, শিশু বা কিশোরদের উপযোগী করে বিজ্ঞান-সাহিত্য রচনা তিনিই শুরু করেন।
কিন্তু সেই আবদুল্লাহ আল-মুতী সম্পর্কে আমরা কতটুকু জানি?
তাঁকে জানার জন্য একটি চমৎকার বই লিখেছেন আহমদ নাবীল শরফুদ্দীন। ‘আব্বাকে মনে পড়ে’ নামের বইটি মূলত আবদুল্লাহ আল-মুতীর জীবন কাহিনী নিয়ে। বইয়ের নাম দেখেই বোঝা যায় লেখকের পরিচিতি। আহমদ নাবীল শরফুদ্দীন হচ্ছেন আবদুল্লাহ আল-মুতীরই সন্তান। খুব কাছ থেকে দেখেছেন বলেই নাবীল বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তার বাবার জীবনাচারকে।
এই বই পড়লে বোঝা যাবে, কত বড় মনের মানুষ ছিলেন তিনি! বিজ্ঞান বিষয়ে তিনি লিখেছেন বিস্তর। এসব রচনার বড় একটা অংশ জুড়ে ছিল ছোটদের জন্য লেখা। ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে এত বই আর কেউ লেখেননি। ছোটদের কথা সবসময় ছিল তাঁর ভাবনায়। সুফিয়া কামাল এবং রোকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন কচি-কাঁচার আসর। শিশু-কিশোর মানস বিকাশে দেশজুড়ে করেছিলেন কাজ।
অন্যদিকে সরকারের উচ্চপদে আসীন ছিলেন তিনি, শিক্ষা নিয়েই ছিল তাঁর যাবতীয় কর্মকাণ্ড। বিজ্ঞান শিক্ষার প্রসার কীভাবে করা যেতে পারে, নবীন পাঠকদের কীভাবে উৎসাহিত করা যায় বিজ্ঞানের বই পড়তে এমনি ভাবনা থেকে যুক্ত ছিলেন নানা কাজে। তাঁর লেখা বই আজও পুরনো হয়ে যায়নি। ফলে তার নাম অনেকের কাছেই পরিচিত। কিন্তু তাঁর জীবনকথা বিশেষ কেউ জানে না। আবদুল্লাহ আল-মুতীর পুত্র আহমদ নাবীল শরফুদ্দীন এখন পরিণত বয়সে বাবার স্মৃতি মেলে ধরেছেন নবীন পাঠকদের জন্য। এখানে পিতাপুত্র সম্পর্কের এমন এক আন্তরিক ছবি ফুটে ওঠে, যা হৃদয় ছুঁয়ে যায়। সেইসঙ্গে মেলে মানুষ আবদুল্লাহ আল-মুতীর পরিচয়, যা অনুপ্রাণিত করবে সবাইকে।
