আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি
তুমি কি জানো এই ২০১৫ সাল বছরটা যে আলোর বছর? আমার কথায় অবাক হচ্ছো? ভাবছো এটা আবার কেমন কথা? বছর আবার আলোর কীভাবে হয়? এ বছর কি আলোর জ্যোতি বেড়ে গেছে নাকি? না, আলোর জ্যোতি আলাদা করে বাড়েনি, তবে আমরা যে আলোর মধ্যে প্রতিনিয়ত বাস করি তার বিষয়ে গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সালকে জাতিসংঘ আন্তর্জাতিক আলো এবং আলোক-প্রযুক্তির বছর হিসেবে ঘোষণা করেছে।
যে কোনো দিবস বা বর্ষ ঘোষণার কিছু উদ্দেশ্য থাকে। এই আলোক বছর উৎযাপনের উদ্দেশ্য হচ্ছে, আলো এবং আলোক-প্রযুক্তি মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, জীবনকে সহজ করেছে, সেটা নিয়ে সচেতনতা তৈরি করা এবং এর পাশাপাশি কীভাবে ভবিষ্যতে আরও ব্যাপক মাত্রায় অবদান রাখতে পারে সে বিষয়ে মানুষকে জানানো। মজার বিষয় হচ্ছে আলো নিয়ে যত জরুরী গবেষণা এই পর্যন্ত হয়েছে। সবগুলো গবেষণার একটা মাইলফলক এই বছরে এসে পরেছে। যেমন-- ১০১৫ সালে অপটিকস নিয়ে করা আল-হাজেন এর কাজ, ১৮১৫ সালে ফ্রেনেলের আলোকে তরঙ্গ হিসেবে প্রস্তাব করা, ১৮৬৫ সালে দেয়া ম্যাক্সওয়েলের বিখ্যাত আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব, ১৯০৫ সালে কোয়ান্টাম বিজ্ঞান ব্যবহার করে আইনস্টাইনের ফটো-ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যা প্রদান, ১৯১৫ সালে আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের প্রকাশ, ১৯৬৫ সালে আরনো পেনজিয়াস এবং রবার্ট উইলসনের আবিষ্কৃত কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের তাপমাত্রা - যেটা বিগ ব্যাংকে নিশ্চিতভাবেই প্রমাণ করে ছেড়েছে, এবং একই বছরে স্যার চার্লস কাওয়ের ফাইবার অপটিক কমিউনিকেশনে পাওয়া সাফল্য - এই সব কিছুরই মাইলফলকের কোনো না কোনো বার্ষিকী পড়েছে ২০১৫ সালে!
এর ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায় স্কলাস্টিকা স্কুলের উত্তরা ক্যাম্পাসে এবং বিকেল ৪টায় বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে “আলোর ঝিলিক” (Spark of Light) নামে আলোর বিভিন্ন পরীক্ষণের উপর দুটি কর্মশালা।
স্কলাস্টিকা স্কুলে আগেই চলছিল বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা। এর সঙ্গে যুক্ত হয়ে এসপিএসবির পক্ষ থেকে আয়োজন করা হয় আলোর ঝিলিকের একটি বিশেষ পর্ব। পাশাপাশি এসপিএসবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোর ঝিলিকের আরেকটি পর্ব। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এই আয়োজন দুইটিতে হাতেকলমে দেখানো হয়েছে আলো নিয়ে মজার মজার সব পরীক্ষা। আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, পোলারায়ন, ব্যতিচারসহ আলোর নানা ধর্ম বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝানো হয়েছে। এছাড়া সাধারণ ব্যবহার্য জিনিষ দিয়ে বানানো হয় পেরিস্কোপ ও ক্যালাইডোস্কোপ। এছাড়া লেজার, অপটিক্যাল ফাইবার, নিউটনের রিং, প্রিজমসহ মজার সব উপকরণের মাধ্যমে তুলে ধরা হয় আলোর বিভিন্ন ধর্ম এবং বৈশিষ্ট্য। প্রতিটি পরীক্ষণের পেছনের বিজ্ঞানটিও সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে শিক্ষার্থীদের কাছে। পরীক্ষণগুলো দেখানোর জন্য ব্যবহার করা হয় সহজলভ্য সব উপকরণ, যেন তোমরা বাসায় বসে নিজেরাই এগুলো তৈরি করে নিতে পারো।
যারা যারা আগ্রহী তারা জলদি যোগাযোগ করো। আলোর বছরের দুই মাস কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। বাকি ১০ মাসও দেখতে দেখতে ফুরিয়ে যাবে। এর আগেই আলোক বছর উৎযাপনে অংশ নিয়ে যোগ দাও আলোর মিছিলে।
