টুব-টুব-টুব কোড়ার ডাক
সারা পৃথিবীর বিশাল এলাকা জুড়েই কোড়া পাখির বসবাস। কোড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যালিক্রেক্স সিনেরিয়া।
আর বৈজ্ঞানিক এই নামের অর্থ ছাইরঙা মুরগিছানার মত দেখতে ঝিল্লি। কোড়া পাখির মোটামুটি ১০/১২টি প্রজাতি বাংলাদেশের প্রায় সব এলাকাতেই পাওয়া যায়। বর্ষাকালে আমাদের দেশের মাঠে-ঘাটে, বিশেষ করে ধান খেতের পানিতে এদের দেখা যায়। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
আমাদের দেশে আগের মতো নদী তীরবর্তী এলাকাতে এদের আর তেমন দেখা যায় না। বৈশাখ মাস থেকে আউস-আমন ধানের চাষ শুরু হয় নদী তীরবর্তী এলাকাতে। আর এ সময় থেকেই কোড়ার দেখা মিলতে শুরু করে। কিন্তু এখন আর আগের মতো বর্ষাকালে গ্রামে গেলে কোড়ার ডাক শোনা যায় না বললেই চলে। বর্ষাকালে টুব-টুব-টুব-টুব-টুব করে ডাকাই পুরুষ কোড়ার স্বভাব। খানিক বিরতি দিয়ে আবার ডাকে। অনেকক্ষণ এই ডাকের শব্দ দূর থেকে কানে ভেসে আসলে কার না ভাল লাগে! তোমরা যারা শহরে বড় হয়েছো, তারা বর্ষাকালে গ্রামে গেলে কোড়ার ডাক শুনবে পাবে। অনেক দূর থেকে পুরুষ কোড়া টুব-টুব-টুব-টুব করে ডাকতে থাকে। পুরুষ কোড়া ডাকের শব্দ শুনে স্ত্রী পাখিটি ছোপ ছোপ ধানগাছের ফাঁক দিয়ে এগিয়ে যায়। মাঝে মাঝে মাথা তুলে দেখে আর কতদূর।
বর্ষা-শরতে কোড়া পাখির বাসা বাঁধার মৌসুম। এই সময়ই ডিম-ছানা তোলার সময়। আর এই সময়টাতে পুরুষ কোড়াটি বেশ আনন্দে ডাকতে থাকে। পুরুষ কোড়াকে দিয়ে শিকারীরা শিকার ধরে। ধানক্ষেত বা নল-খাগড়ার আড়ালে ফাঁদ পেতে রাখে। পুরুষ কোড়ার ডাকে স্ত্রী কোড়া সাড়া দিয়ে ফাঁদে ঢুকেই আটকে যায়। এদের দৈহিক কাঠামো সমান্তরাল। কোনো বিপদ টের পেলে খুব দ্রুত ধানক্ষেত, নল-খাগড়া বা ঝোপ-ঝাড়ের ভিতর দিয়ে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য।
স্ত্রী কোড়া, পুরুষ কোড়ার চেয়ে একটু বড়। কোড়া পাখির লম্বা পা ও খাটো আকৃতির লেজ। এদের খাদ্য বিভিন্ন বীজ, পোকা-পতঙ্গ, কচি ঘাসের ডগা, ছোট মাছ ইত্যাদি।
ডিম পাড়ার সময় হলে বাদামি রঙের পুরুষ পাখিটির রঙ হয় কালো। কপালে হয় আলতা রঙের মুকুট। পা হয় লালচে-ধূসর, ঠোঁট হয় টকটকে হলুদ। ধানগাছ বা ঘাস দিয়ে খানক্ষেত বা বিল-হাওরের ঘাসবনে বেশ বড়সড় বাসা বানায়। ছয় থেকে ৮টি পর্যন্ত ডিম পাড়ে। ডিমে তা দিয়ে ১৬ দিনে বাচ্চা ফোটায়।
