অ্যাপ রিভিউ: ধাঁধা- Bangla Puzzle
“শুঁড় দিয়ে করি কাজ, নই আমি হাতি- পরের উপকার করি তবু খাই লাথি”
ঠিক ধরেছ! একটা ধাঁধার মুখোমুখি হয়েছ তুমি। উত্তর কী হতে পারে বলতো? আচ্ছা বলেই দিই, উত্তর হচ্ছে ঢেঁকি!
আমরা অনেকেই হয়ত জানি না যে, বাংলা ভাষায় ধাঁধা বা পাজল অনেক সমৃদ্ধ। অনেকেই অবশ্যই জানি। কারও কারও দাদু-নানুরা ছোটবেলায় হয়ত বিচিত্র রকমের ধাঁধা দিয়ে আমাদেরকে ভড়কে দিতেন। বিজ্ঞানীরা বলেন ধাঁধা মানুষের মস্তিষ্ককে সক্রিয় করে। এই উদ্দীপনার ফলে মস্তিষ্ক অনেক বেশি কর্মক্ষম হয়। এর বাইরেও ধাঁধা বিষয়টা খুব দারুণ একটা উত্তেজনা মনের মধ্যে তৈরি করে। আর ধাঁধার জবাব যদি ভেবে বের করতে পারো, তবে তো সেই আনন্দের কোনো সীমাই থাকে না।
তোমাদের জন্য সুখবর হচ্ছে বাংলা ভাষার অনেকগুলো ধাঁধা একদম তোমাদের হাতের কাছে নিয়ে এসেছে ‘ধাঁধা- Bangla Puzzle’ নামের একটি মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে নিচের লিঙ্ক থেকে বিনামূল্যে নামিয়ে নিতে পারবে মোঃ নাসির উদ্দিন মোড়লের তৈরি এ অ্যাপটি।
১৬ খণ্ডে সাজানো এ অ্যাপটিতে রয়েছে মোট ১৭০টি ধাঁধা। প্রতি খণ্ডেই রয়েছে ১০-১২টি করে ধাঁধা। প্রতি পেইজের শেষে দেওয়া আছে সেই পেইজের ধাঁধাগুলোর উত্তর। সুতরাং কোনো ধাঁধা যদি তুমি সমাধান না করতে পারলেও, উত্তর জেনে নিয়ে অন্যদের জিজ্ঞেস করে দেখতে পারবে।
বাংলার লোকমুখে প্রচলিত ধাঁধা ছাড়াও এখানে আছে গাণিতিক অনেক মজার মজার ধাঁধা। তোমরা যারা চিন্তাভাবনা করতে পছন্দ করো তাদের সময় কাটানোর জন্য বেশ ভালো একটা অ্যাপ হতে পারে এটি। বাংলা ফন্টগুলোও ভালোই নির্বাচন করা হয়েছে। তাই পড়তেও সমস্যা হবে না।
গুগল প্লে স্টোরে গেমটির রেটিং ৪.১। এতেই বোজা যায় অ্যাপটি বেশ জনপ্রিয়। তবে, কিছু ব্যাপার আরও উন্নত করা যেতে পারে। যেমন, ধাঁধার জটিলতার ভিত্তিতে বিভিন্ন খণ্ডে ভাগ করা যেতে পারত ধাঁধাগুলোকে। তাছাড়া গাণিতিক ধাঁধাগুলো আরও সহজভাবে উপস্থাপন করা গেলে ভালো হত। তবে সবমিলিয়ে মজার কিছু সময় কাটানোর জন্য অ্যাপটি রাখতেই পারো তোমরা সংগ্রহে!
