২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলো বানাই মাইক্রোস্কোপ

যে যন্ত্রটা দিয়ে খুব ছোট আকারের কোনো জিনিসকে বড় করে দেখা যায় তার নাম মাইক্রোস্কোপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বড় বড় গবেষণাগার কিংবা বিজ্ঞানীদের নিশ্চয়ই দেখেছো, এক চোখ বন্ধ করে আরেকটা চোখ লম্বা একটা যন্ত্রের উপর রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে। এই অদ্ভুত লম্বা যন্ত্রটার নামই হল মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে, এই যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা কীভাবে কাজ করেন? ব্যস্ত বিজ্ঞানীদের বিরক্ত না করে, চলো আমরা নিজেরাই বানিয়ে ফেলি মাইক্রোস্কোপ আর জেনে ফেলি কীভাবে এটি কাজ করে।

যা যা লাগবে:

১) এক টুকরো তামার তার

২) অল্প পরিমাণ পানি

৩) একটা পত্রিকা বা বই

প্রথমে তামার তারটির এক প্রান্তে প্রায় ২ মিলিমিটার প্রস্থের গোল একটা লুপ তৈরি করো। এবার ঐ প্রান্তটি পানিতে ডুবাও যাতে ঐ লুপ পানির ফোঁটার সংস্পর্শে আসে। এবার খুব দ্রুত ঐ তারটি তোমার চোখের কাছে এনে ধরো এবং এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে ঐ লুপের ভেতর দিয়ে একটা পত্রিকা বা বইয়ের লেখার দিকে তাকাও। দেখবে লেখাগুলো আকারের বড় দেখাচ্ছে।

তোমাদের নিশ্চয়ই এখন জানতে হচ্ছে, কীভাবে এই তার আর পানি দিয়ে বানানো জিনিসটা একদম মাইক্রোস্কোপের মতো কাজ করে ছোট লেখাকে বড় বানিয়ে দিলো? ঠিক আছে তোমাদের নিরাশ না করে বরং জানিয়ে দিই রহস্যটা।

মাইক্রোস্কোপ আবিষ্কারের গল্পটাই হচ্ছে এরকম-- একবার এক বিজ্ঞানী একটি পাতলা কাচের গোলাকার টুকরা পানি দিয়ে পূর্ণ করেছিলেন। তিনি লক্ষ করলেন, সেই পানির মধ্য দিয়ে দেখলে ছোট জিনিস বড় করে দেখা যায়। বিষয়টি হচ্ছে, পানির ফোঁটা কাচের উপর উত্তল লেন্স তৈরি করে। ঐ উত্তল লেন্স আলোকে প্রতিসরণ করে এমন একটা বিন্দুতে মিলিত করে যেন যে দেখছে তার চোখে লক্ষ্যবস্তুটা একদম স্পষ্টভাবে ধরা পড়ে। মাইক্রোস্কোপ বানানোর একদম প্রাথমিক সময়ে এই পানির ফোঁটা দিয়ে তৈরি লেন্স এর কৌশলই তোমরা উপরের পরীক্ষাটায় কাজে লাগিয়েছো। এ কারণেই ছোট আকারের লেখাকে বড় করে দেখা গিয়েছে।

পরবর্তীতে বিজ্ঞানীরা কাঁচ দিয়ে আরও নিখুঁত লেন্স তৈরি করে মাইক্রোস্কোপ তৈরির কাজে এগিয়ে যান। বর্তমানের জটিল মাইক্রোস্কোপগুলোতে এরকম অনেকগুলো নিখুঁত লেন্স থাকে যেগুলোকে কাজে লাগিয়ে অনেক ক্ষুদ্র বস্তুকেও একদম পরিষ্কারভাবে এবং বড় আকারে দেখা যায়।