ছোট্ট পাখি, কীভাবে আঁকি?
পাখি আঁকা খুব সহজ। আর যদি আমরা ধাপে ধাপে পাখি আঁকি তাহলে এটা কোনো ব্যাপারই না। বিশ্বাস না হলে চলো পাখি আঁকার ধাপগুলো একে একে দেখে নেই। সবার আগে জেনে নেই আমাদের পাখি আঁকতে কী কী লাগবে।
যা যা লাগবে—
১। কাগজ
২। পেনসিল
৩। ইরেজার
৪। সার্পনার
৫। রঙ
কীভাবে করবে—
১। সাদা কাগজের কোণাকুণি উপরের দিকে একটি ছোট্ট বৃত্ত আঁকো।
২। বৃত্তটির নিচে আরেকটি ডিমের মত গোল দাগ দাও। গোল দাগটি উপরে বৃত্তের নিচে চলে যাব, তাই কিছুটা দেখা যাবে না।
৩। এবার উপরের বৃত্তের নিচে নিচের ডিম্বের ডানে একটা পাতার মতো অংশ আঁকো। এটাই আমাদের পাখির পাখা। নিচের গোলকের যে দাগটি পাখার মাঝে দেখা যাচ্ছে সেটিকে মুছে ফেল।
৪। এবার উপরের বৃত্তের বাম দিকে একটা ত্রিভুজ আঁকবে। ত্রিভুজটি এমন করে আঁকবে যেন এর শীর্ষটি নিচের দিকে থাকে। এভাবে আঁকলে মনে হবে তোমার পাখিটি যেন নিচের দিকে তাকিয়ে আছে। চাইলে ত্রিভুজটি উপরের দিকেও আঁকতে পারো। তাহলে মনে হবে পাখিটি আকাশের দিকে তাকিয়ে আছে।
৫। এবার উপরের বৃত্তটির ভিতরে আরও দুইটি বৃত্ত আঁকো। একদম ভিতরের বৃত্তটি পুরোপুরি কালো করে দাও। হয়ে গেল আমাদের পাখির চোখ। একই সঙ্গে পাখির শরীরের নিচে দুই জোড়া সরু, সমান্তরাল দাগ আঁকো। দাগটি শেষের দিকে একটু বাঁকিয়েও দিতে পারো।
৬। তোমার পাখি প্রায় হয়েই গিয়েছে। এখন পাখির পাখার নিচে একটু ঢেউয়ের মতো দাগ দাও যেন পাখার পালকগুলো আলাদা করে বোঝা যায় এবং পেটের দিকেও একটা গোল দাগ দিয়ে দাও। ব্যাস রঙ করে দিলেই হয়ে যাবে তোমাদের পাখি।
আমার পাখিটির রঙ সবুজ তোমার পাখিটি কী রঙ করলে তা যদি আমাকে দেখাতে চাও তবে পাখিটির ছবি আমাদের ফেইসবুক পেইজে পাঠিয়ে দাও।
আমাদের ফেইসবুক পেইজের ঠিকানা— www.facebook.com/kidz.bdnews24
