২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যত মজা বিভাজ্যতায়

ভাগের অংক তোমরা কে কে জানো? অনেকেই হয়তো জানো। আর যারা জানো তারা এটাও জানো যে ভাগের অংক কত মজার! ভাগের অংকে কিন্তু সংখ্যা বা অংকগুলোর আলাদা আলাদা নাম আছে। যেমন, যে সংখ্যাটিকে ভাগ করা হয় তার নাম ভাজ্য। যে সংখ্যাটি দ্বারা ভাগ করা হয় তার নাম ভাজক। ভাগ করার পরে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বলে ভাগফল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নুজহাত আয়েশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 12:15 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

এখন ধরো যদি আমাদের সংখ্যাটা পুরোপুরি ভাগ না হয়ে কিছু অবশিষ্ট থেকে গেল তবে কী হবে? হ্যাঁ, তারপরও ভাগ হয়, তবে পূর্ণ সংখ্যায় নয়, তখন ভগ্নাংশে ভাগ করতে হয়। তবে ভগ্নাংশে ভাগ করার আগে যে অবশিষ্ট সংখ্যাটি থেকে যায় তাকে কী বলে জানো? তাকে বলে ভাগশেষ। কিন্তু যদি ভাগশেষ শূন্য হয় তখন কী হয় জানো? তখন আসলে ভাগটি সমান ভাবে করা যায়, কোন ভগ্নাংশে ভাগ করতে হয় না আর যে সংখ্যাগুলোকে এভাবে সমান ভাগে ভাগ করা যায় তাদের আমরা বলি নিঃশেষে বিভাজ্য। সহজ করে বললে, যে ভাজ্যকে ভাগ করা হলে আর কোনো ভাগশেষ থাকবে না তাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য।

এখন তোমাদের একটা মজার জিনিস দেখাবো। তবে জিনিসটি বুঝতে হলে উপরের কথাগুলোর সঙ্গে আরও একটি কথা মনে রেখে এগুতে হবে। সেটি হচ্ছে, যখনই বলা হবে বিভাজ্য তার মানে হচ্ছে, এখানে নিঃশেষে বিভাজ্য বুঝানো হয়েছে। কোনো সংখ্যা ২ দিয়ে বিভাজ্য এর মানে হচ্ছে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে।

বিভিন্ন সংখ্যা কী দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তা জানার কিছু মজার উপায় আছে। আজকে সেই বুদ্ধিটিই শিখিয়ে দেব তোমাদের, যেন সংখ্যাটিকে দেখলেই বলতে পারো এটাকে কত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে।

#২

যে কোনো সংখ্যার শেষ অংকটি শূন্য বা জোড় হলে সংখ্যাটি ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। যেমন: ১০, ১৮ ইত্যাদি ২ দিয়ে বিভাজ্য। এই সংখ্যাটি যদি সহজ মনে হয় তবে ধরো একটা বিশাল বড় সংখ্যা। ঠিক আছে ধরলাম, ৪৩২৯৮৬৮। ২ দিয়ে ভাগ করলে আসবে, ২১৬৪৯৩৪। কোনো ভাগশেষ কিন্তু নেই। 

#৩

যে কোনো সংখ্যার অংকগুলোর যোগফল যদি ৩ বা এর গুণিতক হয়। তবে সেই সংখ্যাটিও যত বড়ই হোক না কেন সেটাকে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হবে। চল, উদাহরণ দেখে দেখে বিষয়টি আরও পরিষ্কার করে নেই।

যেমন ধরো, ৯৯ একটি সংখ্যা। এর অংকগুলোর যোগফল ৯+৯=১৮, ১+৮=৯, ৯ সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য, তাই সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য। বড় সংখ্যা ধরেও দেখানো যায়। যেমন, ৬৫৬১। ৬+৫+৬+১=১৮, ১+৮=৯। ৯ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য ৬৫৬১ ও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

#৪

কোনো জোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ দেয়ার পরও যদি সেটি একটি জোড় সংখ্যা পেয়ে যাও তবে নিশ্চিতভাবে ধরে নেবে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।

কোনো সংখ্যার শেষ দুটি অংক ৪ দিয়ে বিভাজ্য হলে বা শেষ দুটি অংক ০ হলে সংখ্যাটি ৪ দিয়ে বিভাজ্য।

যেমন: ১০০, ৪১৬ ইত্যাদি। এখানে ১০০ সংখ্যাটির শেষ দুই অংক ০ তাই এটি ৪ দিয়ে বিভাজ্য। আবার ৪১৬ সংখ্যাটির শেষ দুটি অংক ১৬, ৪ দিয়ে বিভাজ্য। তাই ৪১৬ সংখ্যাটি ৪ দিয়ে বিভাজ্য।

#৫

কোনো সংখ্যার শেষ অংকটি ৫ বা শূন্য হলে চোখ বুজে ধরে নিবে, সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য।

যেমন: ৪৫০, ৭৮৬৫ ইত্যাদি

#৬

কোনো সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করার পর যদি সংখ্যাটি জোড় হয় তবে তা ৬ দিয়ে বিভাজ্য হবে।

যেমন: ১৮কে ৩ দিয়ে ভাগ করলে পাই ৬, যা একটি জোড় সংখ্যা। তাই ১৮ সংখ্যাটি ৬ দিয়ে বিভাজ্য হবে।

#৯

কোনো সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করার পর যদি পুনরায় ৩ দিয়ে ভাগ করা যায় তবে সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য।

অন্যভাবে বলা যায়, কোনো সংখ্যার অংকগুলোর যোগফল ৯ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য।

যেমন: ১৮ কে ৩ দিয়ে ভাগ করে তার ফলকে আবার ৩ দিয়ে ভাগ দেয়া যায়। তাই ১৮ সংখ্যাটি ৯ দিয়ে বিভাজ্য।

আবার ১৮ এর অংকগুলোর যোগফল ৯, যা ৯ দিয়ে বিভাজ্য।

#১০

কোনো সংখ্যার শেষ অংকটি ০ হলে সংখ্যাটি ১০ দ্বারা বিভাজ্য।

যেমন ৪৫০, ১৮০, ১০০ ইত্যাদি।

#১১

দুই অংকের সংখ্যার ক্ষেত্রে দুটি অংক একই হলে সংখ্যাটি ১১ দিয়ে বিভাজ্য। যেমন ধরো ৩৩, ৪৪,৬৬,৯৯ ইত্যাদি।

তিন অংকের ক্ষেত্রে প্রথম এবং শেষ অংকের যোগফল যদি মাঝখানের অংকের সমান হয় তবে সংখ্যাটি ১১ দিয়ে বিভাজ্য। যেমন ১২১।

প্রথম ও শেষ দুটি সংখ্যার যোগফল ৯ এর চেয়ে বেশী হলে কী করবে দেখে নাও। মধ্যের সংখ্যাটি যোগফলের বড় অংক থেকে ছোট অংকটির বিয়োগফল এর সমান হলেই তা ১১ দিয়ে বিভাজ্য।

২০৯ সংখ্যাটি দেখো। ২+৯=১১, ১-১=০। ২০৯ এ মধ্যের সংখ্যাটিও ০। তাই এটি ১১ দিয়ে বিভাজ্য।

৪২৯ এর ক্ষেত্রে ৪+৯=১৩, ৩-১=২। ৪২৯ এর মধ্যের সংখ্যাও ২। তাই এটি ১১ দিয়ে বিভাজ্য।

আরও বড় সংখ্যার ক্ষেত্রে প্রথম অংক থেকে দ্বিতীয়টি বিয়োগ, এর সঙ্গে তৃতীয়টি যোগ করে পর্যায়ক্রমে বিয়োগ যোগ করে গেলে ফলাফল ১১ দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি ১১ দিয়ে বিভাজ্য।

যেমন: ৩১৮৫৩৫৮ সংখ্যাটি দেখি। ৩-১+৮-৫+৩-৫+৮=১১, যা ১১ দিয়ে বিভাজ্য। তাই সংখ্যাটি ১১ দিয়ে বিভাজ্য।

আজ এ পর্যন্তই থাকুক। তোমরা অনুশীলন করো আর গণিতের মজা বুঝে নাও।