২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শৈশব কৈশোর

তারপরে আসে প্রিয় কৈশোর হাসি খুশি অমলিন বাবার আদর মায়ের সোহাগে কাটে মহাসুখে দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আহাদ আলী মোল্লা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:15 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

সবে তো আমার শৈশবকাল, কৈশোর আছে হাতে

এখনই সময় চাঁদ-তারা দেখা পাটি পেতে আঙিনাতে

এখনই সময় খাঁ খাঁ রোদ্দুরে ঘোরাফেরা টো-টো করে

সময় কাটানো ঘাস ফড়িং আর ঝিঁঝিঁ পোকা ধরে ধরে।

কখনো সকাল কখনো বিকেল আকাশে ওড়াই ঘুড়ি

আবার কখনো মরা গাঙ পাড়ে আনমনে ঢেলা ছুড়ি

ঢেলাগাড়ি মাঠ বাবলা বাগান করে যেন কানাকানি

হরিয়াল ঘুঘু ডেকে বলে আয়, দিয়ে যায় হাতছানি।

চোখে পড়ে যদি পাখিদের ডিম বাসা কি বা কারো ছানা,

ছোটাছুটি করি বাগানে-বাগানে সারাদিন একটানা।

মায়ের কাছে খাই বকুনি পিটুনি আদুরে আদুরে গালি

‘দস্যি, বানর’ যত শুনি তাও হেসে হই ফালি ফালি।

শৈশব প্রিয় পাগলামি কাল হারালে আসে না ফিরে

যাযাবর মন বসতিপাড়ায় ঘর বাঁধে ধীরে ধীরে

তারপরে আসে প্রিয় কৈশোর হাসি খুশি অমলিন

বাবার আদর মায়ের সোহাগে কাটে মহাসুখে দিন।