২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমটি ভালো নাকি পঁচা?

একটি ডিম ভালো নাকি নষ্ট সেটা কি তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে? খারাপ ডিম আর ভালো ডিম দুটিরই বাইরের চেহারা কিন্তু একই থাকে। আমরা সাধারণত ডিম ভাঙ্গার পর বুঝতে পারি ডিমটা ভালো নাকি নষ্ট!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 02:43 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

আজ তোমাদের এমন একটি পদ্ধতি শেখাব যেন, তুমি ডিম না ভেঙ্গেই বুঝতে পার ডিমটার ভিতরের অবস্থা কী।

এই পরীক্ষাটা করতে তোমার দরকার হবে ডিম আর পানি।

একটি বিকার বা পাত্রে পরিষ্কার পানি নিতে হবে। পাত্র প্রায় ভরা থাকবে। কিন্তু একদম পুরোটা পানি দিয়ে পূর্ণ করতে যেও না কিন্তু! এতে ডিম দিতে হবে। আগে থেকেই পানি দিয়ে সবটা পূর্ণ থাকলে ডিম দিলে পানি উপচে পড়ে যাবে। তাই কিছুটা খালি জায়গা রাখতে হবে।

আচ্ছা তোমাদের মনে কি প্রশ্ন এসেছে যে পানিপূর্ণ পাত্রে ডিম দিলে কেন পানি উপচে পড়ে যাবে?

কারণ, পাত্র পানি দিয়ে পূর্ণ থাকায় ডিম রাখার জায়গা থাকে না। পাত্রে ডিম দেয়ার পর ডিম তার আয়তনের সমান পরিমাণ ওজনের পানির জায়গা দখল করে। পাত্রে আর জায়গা খালি না থাকায় বাড়তি পানিটুকু উপচে পড়ে যায়।

এবার আমরা মূল এক্সপেরিমেন্টে ফিরে যাই। আমরা পানিতে ডিম দিলেই দেখতে পাব ডিম তলিয়ে গেছে। কিন্তু এটা কেবল ভালো ডিমের ক্ষেত্রেই হবে। খারাপ ডিম ডুবে না থেকে ভেসে থাকবে। যদি কোনো ডিম ভেসে থাকে তাহলে বুঝবে ওই ডিম নষ্ট হয়ে গেছে।

ব্যাপারটা বেশ মজার, তাই না? কিন্তু কেন এমন হল জান?  

খারাপ ডিমে হাইড্রোজেন সালফাইড নামে একটা গ্যাস তৈরি হয়। সেই গ্যাস ডিমের গায়ে অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র দিয়ে বের হয়ে আসে। ফলে ডিমের ভর কমে যায়। আর আমরা তো জানি যে হালকা জিনিস পানিতে ভেসে থাকে আর ভারী জিনিস ডুবে যায়।

এখানে খারাপ ডিমের ভর কমে যাওয়ায় এটা ভেসে থাকে। ভাল ডিম থেকে কোনো গ্যাস নির্গত হয় না বলে ওটা তুলনামূলক ভারী থাকে এবং নিচে ডুবে যায়।

একদিন বন্ধুদের ডেকে এনে পরীক্ষাটি করে তাক লাগিয়ে দাও না! তবে বিজ্ঞানের বিষয়টিও খুলে বলতে ভুলো না। কারণ যত বেশি বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আর এটির চর্চা করবে, তত ভালোভাবে বিজ্ঞানকে জানতে পারবে।