দেশে বিদেশে ক্রিসমাস
তোমাদের মধ্যে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা তো ডিসেম্বর মাস এলেই ক্রিসমাসের জন্য দিন গুনতে শুরু কর।
আর যারা খ্রিস্টান নও, তারাও কিন্তু ক্রিসমাসকে একদমই ভুলে থাক না; ডিসেম্বর মাস যতই শেষের দিকে আসতে থাকে, ততই তোমরা ক্রিসমাসের কথা ভাবতে শুরু করে দাও। আর কিছু না হোক, সেদিন যে আব্বু-আম্মুরও ছুটি! বাসায় সবাই মিলে মজা তো করা যায়-ই, চাই কি বাইরে থেকে খুব করে ঘুরেও আসা যায়।
কিন্তু ক্রিসমাস আসলে কীভাবে উদযাপন করা হয়? আমাদের দেশে খ্রিস্টানরা কীভাবে উদযাপন করে ক্রিসমাস? আর অন্যান্য দেশেই বা কীভাবে উদযাপিত হয় যিশু খ্রীস্টের জন্মদিন? হ্যাঁ, আজকে আমরা সে সব গল্পই শুনবো। তাহলে আর দেরি করে লাভ কি, চলো যিশুর জন্মদিন দেশে-বিদেশে কীভাবে উদযাপিত হয়, সেই সব গল্প শুনে আসি।
একটা মজার জিনিস কি জান, আমাদের দেশে ক্রিসমাস পালন করা শুরু হয়েছে আমেরিকারও আগে! আমেরিকায় ক্রিসমাসের দিনটিকে ছুটির দিন হিসেবে পালন করা শুরুই হয়েছে ১৮৭০ সালে; অথচ বৃটিশরা এদেশে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আমাদের দেশে বড়দিনে ছুটি পালন করা হয়।
যা হোক, আমাদের এই অঞ্চলে তো আর আগে খ্রিস্টধর্ম প্রচলিত ছিল না; একদম প্রথমে ছিল হিন্দু, বৌদ্ধ আর জৈন ধর্ম। পরে ১৩ শতকে তুর্কিরা নিয়ে আসে ইসলাম ধর্ম। আর খ্রিস্টান ধর্ম এসেছে সবার শেষে, ১৬ শতকে পর্তুগিজরা এই অঞ্চলে আসার পরে। এই অঞ্চলে প্রথম চার্চটিও ওরাই বানিয়েছিল, বৃহত্তর যশোর জেলার কালিগঞ্জে (সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে), ১৫৯৯ সালে। প্রথম বড়দিন পালন করা হয় অবশ্য আরও পরে। সেটা ১৬৬৮ সালের কথা। জব চার্ণক যাচ্ছিলেন হিজলির উদ্দেশ্যে। এই জব চার্ণককে তোমরা চিনেছ? ইনি-ই কিন্তু কলকাতা নগরী পত্তন করেছিলেন। তো যাওয়ার পথে সুতানুটি গ্রামে আসার পর খেয়াল করলেন, বড়দিন এল বলে! কি আর করা, সেখানেই যাত্রাবিরতি করে বড়দিন পালন করলেন, সেই প্রথম আমাদের দেশে বড়দিনের উৎসব পালিত হল। সেই থেকেই আমাদের দেশে বড়দিন পালিত হয়ে আসছে।
আমাদের দেশে খ্রিস্টানরা সংখ্যায় খুব বেশি হবে না; শতাংশের হিসাবে মোট জনসংখ্যার মাত্র ০.০৪% খ্রিস্টান। কিন্তু জনসংখ্যায় কম হলে কী হবে, যিশুর জন্মদিন পালনে আনন্দ কিন্তু কম হয় না। বড় বড় হোটেলগুলোতে তো বিশেষ আয়োজন থাকেই, সাজানো হয় ক্রিসমাস ট্রি-ও। সব থাকলেও তাতে কিন্তু বাঙালিয়ানার ছাপটা থেকেই যায়। কারণ, অন্যান্য দেশে যেখানে পাইন গাছ দিয়ে ক্রিসমাস ট্রি বানানো হয়, সেখানে আমাদের দেশে সাধারণত ব্যবহৃত হয় ঝাউগাছ। আবার ক্রিসমাসের খাবার হিসেবে বিশেষ কেকের পাশাপাশি উৎসবে বাঙালিদের যত আয়োজন- পিঠা-পুলি, পোলাও, মাংস, বিরিয়ানী, এসবও থাকে। আবার ক্রিসমাস ক্যারল বা ক্রিসমাসের যে গানগুলো গাওয়া হয়, সেগুলোও সব ইংরেজি গানই গাওয়া হয় না, তার মধ্যে থাকে ভাটিয়ালী গান, কীর্তন, এমনকি রবীন্দ্রসঙ্গীতও গাওয়া হয়। ভাবছ, ক্রিসমাসের সঙ্গে আবার রবীন্দ্রসঙ্গীত জুড়লো কী করে? আচ্ছা, তেমন একটা গানের কথা তোমাদের বলছি শোনো- ‘আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই...’
ভারতে তো মূলত হিন্দুধর্মাবলম্বীই বেশি। আরও আছে অনেক মুসলমান ধর্মাবলম্বী। সেই তুলনায় খ্রিস্টধর্মাবলম্বী মানুষ খুবই কম। তারপরও কিন্তু ওখানেও খ্রিস্টানদের বড়দিন বেশ ঘটা করেই পালন করা হয়, অনেকটা আমাদেরই মতো। ভারতেও এই দিনটি সরকারি ছুটি। তবে ওদের দেশের মজা কি জান? ওরা ক্রিসমাস ট্রি সাজায় আমগাছ বা কলাগাছ দিয়ে! আবার দক্ষিণ ভারতে, তামিলনাড়ু কেরালা- কর্ণাটক- অন্ধ্রপ্রদেশের মানুষেরা এই দিন আরও কী করে জান? ঘরের ছাদে ছোট ছোট মাটির প্রদীপ জ্বালায়। তবে শহুরে খ্রিস্টানরা আবার পশ্চিমাদের মতোই, মানে ইউরোপ-আমেরিকানদের মতোই বড়দিন উদযাপন করে।
এখন, ভারতের সংস্কৃতির সঙ্গে তো তোমরা বেশ পরিচিত, তাই না? সেখানে যে অনেক জাতির মানুষ থাকে, আর তারা বিভিন্ন ভাষায় কথা বলে, সেটাও তো খুব ভালো করেই জান। এখন বিভিন্ন ভাষায় সান্তা ক্লজের নাম কী, আর বিভিন্ন ভাষায় ‘মেরি ক্রিসমাস’ কীভাবে বলে, সেটা কি জানো? ঠিক আছে, আমি-ই বলে দিচ্ছি।
| হিন্দি | তামিল | তেলেগু | পাঞ্জাবি |
সান্তা ক্লজ | ক্রিসমাস বাবা | ক্রিসমাস ঠাঠা | ক্রিসমাস ঠাঠা | সান্তা সিং |
মেরি ক্রিসমাস | বড়ে দিন কি মুবারাক | ক্রিস্ট জয়ন্থি নালভাল্ঠুকাল | ক্রিস্টু জয়ন্থি শুভাকাক্সক্ষালু | ক্রিসমাস দিয়া ভাড়িয়া |
নাইজেরিয়ায় বড়দিন অনেকটা আমাদের দেশের ঈদের মতো আবহ তৈরি করে; সব লোকজন বড় বড় শহর ছেড়ে তাদের গ্রামের দিকে ছুটতে শুরু করে। ফলে কয়েকদিনের মধ্যে শহরগুলো ফাঁকা হয়ে যায়; আর লোকজন বাজারগুলোতে ভিড় করে কেনাকাটা করতে। ওখানে বড়দিনের সবচেয়ে মজার ব্যাপার হলো, ওরা কিন্তু বড়দিনের কেক তেমন একটা তৈরি করে না; ওরা রান্না করে নানা পদের মাংস, সুস্বাদু সব মাংস। আর এই মাংসের তরকারিগুলোর আবার গালভরা সব নামও আছে-- জুলোফ রাইস, টুয়ো, ফুফু। সঙ্গে থাকে নানা রকমের পানীয়।
ইতালিতে বড়দিন
ইতালিতে বড়দিন উদযাপন করা শুরু হয় সেই ৮ ডিসেম্বর থেকে; সেদিনই ওখানকার সবাই ক্রিসমাস ট্রি তৈরি করে। সঙ্গে সঙ্গে তারা যিশুর জন্মের সময়ের ছবি ফুটিয়ে তুলতে মা মেরি, জোসেফ, যিশু, একটি গাধা ও একটি হাঁসও তৈরি করে; এই মূর্তিগুলোকে বলে প্রিসেপে।
ইতালিতে বড়দিনের আরেকটা মজা আছে। ওখানকার বাচ্চারা বড়দিনে রাখাল সেজে পাইপ বাজিয়ে বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের গান গায় আর ছড়া কাটে। বিনিময়ে সব বাড়ি থেকে তাদেরকে টাকা দেওয়া হয়। আর সেই টাকা দিয়ে ওরা বড়দিনের উপহার কেনে।
অস্ট্রেলিয়ান বড়দিন
অস্ট্রেলিয়ার একটা মজার জিনিস বলার আগে বল তো, মানচিত্রে অস্ট্রেলিয়া মহাদেশটা কোথায়? কিংবা অস্ট্রেলিয়া দেশটা? ঠিক নিচের দিকে আমাদের বিপরীতে। পুরো মহাদেশটাই নিরক্ষরেখা থেকে অনেক দূরে। তাই এই মহাদেশের সব রকম-সকম একেবারে আমাদের উল্টো। আমাদের এখানে যখন গরম, ওখানে কনকনে ঠাণ্ডা। আবার আমরা যখন শীতে কাঁপতে থাকি, ওরা তখন গরমে রৌদ্রস্নান করে। আর সবচেয়ে মজা কোন জিনিসটায় জান? আমাদের দেশে কাক যেমন কালো কুচকুচে, ওদের কাকগুলো তেমনি ধবধবে সাদা!
এতক্ষণে তো এটা বুঝেই গিয়েছ যে, ওখানে ক্রিসমাস যখন আসে, তখন ওদের গ্রীষ্মকাল। তারপরও কিন্তু জাঁকজমক কম হয় না। ওরা ইউরোপ-আমেরিকানদের মতো করেই বড়দিন পালন করে; খ্রিস্টান ধর্মটা যে ওদের মধ্যে গেছে ইউরোপ-আমেরিকা থেকেই। আর ওখানকার আদিবাসীরা তো ওদের নিজেদের মিষ্টি-মিষ্টি ধর্মই পালন করে। তবে ওদের খাবার-দাবারের মধ্যে একটা বিশেষ পুডিং থাকে। সেই পুডিংয়ের মজা কি জান? তার ভেতরে এক টুকরো সোনা থাকে। সেই সোনার টুকরোটা যার ভাগ্যে পড়ে, ধরে নেওয়া হয়, তার ভাগ্য খুবই ভালো।
ওদের দেশে ক্রিসমাসের দিন কিন্তু দু’টি বড় বড় খেলাও অনুষ্ঠিত হয়। এটাও ওদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। একটার নাম তোমরা অনেকেই শুনেছ- বক্সিং ডে টেস্ট। ডিসেম্বরের ২৫-২৬ তারিখকে ওরা বলে বক্সিং ডে, আর সেদিন কোনো না কোনো টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া খেলে প্রতি বছরই। সেই টেস্ট ক্রিকেট ম্যাচটা কিন্তু ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ; ঐতিহ্যবাহী টেস্ট ম্যাচই শুধু না! আরেকটা খেলা হয় ইয়ট রেস। সিডনি থেকে হোবার্ট পর্যন্ত হয় এই ইয়ট রেস।
এছাড়া অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যেও যে খ্রিস্টান নেই, তা নয়। আর ওরা ক্রিসমাসের আগে আগেই ক্রিসমাসের আগমনী বার্তা সবাইকে জানিয়ে দিতে অ্যাডিলেডে একটা বিশাল শোভাযাত্রার আয়োজন করে। তাতে লোক হয় প্রায় ৪ লাখ! আবার মেলবোর্নে ‘ক্যারোলস বাই ক্যান্ডললাইট’ নামে একটা মিউজিক্যাল শো হয়, অনেকটা কনসার্টই বলা যায়। বড়দিনের রাতে ‘সিডনি মেয়র মিউজিক বল’-এ অনুষ্ঠিত এই কনসার্টটি এখন এতই জনপ্রিয় হয়ে গেছে, অন্তত টিভিতে এই কনসার্টটি না দেখলে অনেকের ক্রিসমাস-ই পালন হয় না!
ব্রাজিল
অস্ট্রেলিয়ার আবহাওয়া সম্পর্কে কী বলেছি মনে আছে? এবার মানচিত্রে আরেকবার চোখ বুলোলে দেখবে ব্রাজিলও অস্ট্রেলিয়ার মতোই নিরক্ষরেখা থেকে অনেক নিচের দিকে; মানে ক্রিসমাসের সময় এখানেও গ্রীষ্মকাল। কিন্তু গ্রীষ্মকাল হলে কী হবে, ক্রিসমাস বলে কথা! সব জায়গাতেই ইউরোপ-আমেরিকার মতো সাজসাজ রব পড়ে যায়। বিশেষ করে সাও পাওলো, রিও ডি জেনিরোর মতো বড় বড় শহরগুলো তো পুরোই সেজেগুজে বড়দিন পালন করে। এমনকি তুষার পড়ে না বলে ওরা অনেক সময় ক্রিসমাস ট্রি’র উপরে তুলো দিয়ে বরফের মতো বানিয়ে রাখে! আর সবচেয়ে মজা হয় কিউরিতিবা শহরে। সেখানে যাকে বলে ঘরবাড়ি সাজানোর প্রতিযোগিতাই হয়! ক্রিসমাসের দিন বিচারকরা বাড়ি বাড়ি ঘুরে কাদের বাসা সবচেয়ে সুন্দর করে সাজানো হয়েছে, সেটা খুঁজে বের করেন।
ও আচ্ছা, ভালো কথা, ওরা কিন্তু সান্তা ক্লজকে ডাকে অন্য একটা নামে, পাপাই নোয়েল বলে। আবার ওদের খাবারের তালিকাতেও থাকে বিশেষ একটা খাবার। চকলেট আর কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি এই বিশেষ খাবারটির নাম- ব্রিগেডেইরো। আবার ওদের উৎসবেও থাকে এক বিশেষ অংশ; ২৪ ডিসেম্বর রাত ১২ টা বাজলেই, মানে ২৫ ডিসেম্বর হওয়ার সাথে সাথে ওদের চার্চগুলোতে ‘মিসা দ্য গ্যালো’ উদযাপন করা হয়।
মেক্সিকান বড়দিন
মেক্সিকোতে ক্রিসমাস পালন হয় একটু অন্যভাবে। যেমন ধর, ওদের ক্রিসমাসের আরও একটা নাম আছে- লাস পোসেদাস। আবার ক্রিসমাসে ওরা এমন অনেক আচারই পালন করে, যেগুলো শুধু মেক্সিকোতেই দেখা যায়। এরকম আচারের সংখ্যা কম করে হলেও ৩০টি হবে! যেমন ধর, প্রায় ৯ দিন ধরে শহরের মানুষেরা শহরের ঘরের দরজা থেকে দরজায় ঘুরে বেড়ায়। ভাবছ, এমন অদ্ভুত কাজ ওরা কেন করে? আসলে বেথলেহেমে আসার পর মা মেরি যিশুকে নিয়ে দিনের পর দিন এভাবে মানুষের ঘরের দরজা থেকে দরজায় ঘুরে বেড়িয়েছিল; কিন্তু কেউ তাঁকে আশ্রয় দেয়নি। সেই করুণ ঘটনা স্মরণ করেই তারা এই আচার পালন করে।
মেক্সিকানদের ক্রিসমাসের উৎসবও চলে অনেক দিন ধরে। শুরু হয় ১২ ডিসেম্বর ‘লা গুয়াদালুপানা’ নামের ভোজ দিয়ে। আর শেষ হয় ৬ জানুয়ারি, ‘এপিফানি’ নামের ভোজ দিয়ে। আর তারা বিশ্বাস করে, মাঝরাতে শিশুদের স্টকিং (মোজা) উপহারে ভরে দিয়ে যায় ৩ জ্ঞানী ব্যাক্তি (থ্রি ওয়াইজ ম্যান)। এই ৩ জ্ঞানী ব্যক্তি কে কে বলতে পারবে? সেই ৩ রাজা, যারা যিশুর জন্মের পরপরই তাঁর জন্য উপহার নিয়ে গিয়েছিলেন।
রাশিয়ার ক্রিসমাস
সবাই-ই তো ক্রিসমাস পালন করে ২৫ ডিসেম্বর, তাই না? এদিক দিয়ে রাশিয়া কিন্তু একদমই ব্যতিক্রম। ওরা ক্রিসমাস বা বড়দিন পালন করে ৬ জানুয়ারি। আমরা এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করলেও রাশান চার্চ এখনও ধর্মীয় অনুষ্ঠান পালন করে সেই পুরনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে। আর সেই ক্যালেন্ডার অনুযায়ীই ওরা ৬ জানুয়ারি বড়দিন পালন করে।
আর রাশিয়ার ক্রিসমাসে আরেকটা মজা আছে; ওখানে ক্রিসমাস আর নববর্ষ একসঙ্গে পালিত হয়। আর তাই ওদের নববর্ষের উদযাপনেও দেখবে ঠিক মধ্যেখানে একটা ক্রিসমাস ট্রি আছে। ওরা অবশ্য ক্রিসমাস ট্রি’কে ডাকে ইয়োল্কা নামে। আর ওরা ক্রিসমাস ট্রি হিসেবে পাইন গাছের বদলে বেশিরভাগ সময়েই ব্যবহার করে স্প্রাস গাছ।
তবে ওরা এখন যেভাবে ক্রিসমাস পালন করে, আগে ঠিক সেভাবে পালন করত না। ওদের ক্রিসমাস উদযাপনের এই পালাবদল করেন পিটার দ্য গ্রেট। তিনি ১৭ শতকে ইউরোপে ঘুরতে এসে ওদেরকে ক্রিসমাস উদযাপন করতে দেখেন। আর ওদের উদযাপন দেখে তাঁর এতই ভালো লেগে যায়, তিনি রাশিয়াতেও সেগুলো প্রচলন করেন। তার ফলেই এসেছে ইয়োল্কা। এরকম ‘দায়েদ মরজ’, ‘গ্র্যান্ডফাদার ফ্রস্ট’, ‘স্নেগুরোচকা’, ‘দ্য স্নোমেইডেন’সহ আরও অনেক কিছুরই প্রচলন করেন তিনি। আর সেগুলো এখনো রাশানরা মহানন্দে পালন করে যাচ্ছে।
