২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2014, 07:36 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

বইয়ের নামঃ আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস
লেখকঃ মনজুরুল হক
প্রকাশনীঃ ঐতিহ্য
মূল্যঃ ১৮০ টাকা

যাদের বয়স সাত থেকে এগারো বছর, তারা সারাদিন কী করে? স্কুলে যায়, বন্ধুদের সাথে খেলে, টিভি দেখে, বই পড়ে, গেমস খেলে, এসবই তো? স্বাভাবিক, এই বয়সে সবাই তাইই করে। কিন্তু আজ এমন একটি ছেলের গল্প বলব যার বয়স এগারো কিন্তু এই বয়সেই তার কাজ অনেক বড় মানুষদের থেকেও বড় ছিল।

১৯৭১ সালের কথা বলছি। ছেলেটির বয়স তখন মোটে এগারো। বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিম রণাঙ্গনে বন্দুক হাতে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সেও। আজকে আমরা যখন বিজয় দিবসে আনন্দ করে পতাকা উড়াই তারা হয়ত জানিও না ঠিক এই দিনে ১৯৭১ সালে আমাদের দেশের বাচ্চাগুলোর কী হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের দেশের সেই সব কিশোরদের হঠাৎ করেই বড় করে দিয়েছিল। তাঁরাও কাঁধে তুলে নিয়েছিল অপরিসীম দায়িত্ব।

ছেলেটির নাম মনজুরুল হক। বাড়ি চুয়াডাঙ্গা। ইপিআর ক্যাম্পের কাছেই বাড়ি , যুদ্ধের প্রথমেই তাই প্লেন থেকে বোমা ফেলে ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া দেখে ফেলে সে। চোখের সামনে দেখে বাঙালি ও পাঞ্জাবী সেনাদের মেরে ফেলা। তখন থেকেই কৈশোরের উচ্ছ্বাসটা যেন কমে আসতে শুরু করে। ফলে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরও সেই কিশোরসুলভ দুষ্টুমিতে মেতে উঠতে পারে না সে। কিছু বন্ধুর সঙ্গে শহরের এখানে ওখানে ঘুরে বেড়ায় আর খেলে। এমনই একটি জায়গা ছিল হ্যাবা ডাক্তারের  বাড়ির পিছনে। হ্যাবা ডাক্তারের আসল নাম ডাক্তার আসহাবুল হক। উনি তখন আওয়ামী লীগের নেতা। তাঁর বাসায় অন্যান্য নেতাদের নিয়ে মিটিং চলত। একদিন হ্যাবা ডাক্তার মনজুরকে ডেকে বলেন, “স্কুল তো বন্ধ, সারাদিন কী কর? আমার বাড়ির আশেপাশে একটু খেয়াল রেখ, সন্দেহজনক কিছু দেখ কিনা।” নিজের অজান্তেই সেদিন থেকে মুক্তিবাহিনীর জন্য গোয়েন্দাগিরি শুরু করে দেয় মনজুর আর তার বন্ধুরা।

একদিন তার বাবা তাকে জানান যে এখানে থাকাটা তিনি আর নিরাপদ বলে মনে করছেন না। তিনি মা এবং তিন বোনসহ মনজুরকে ইন্ডিয়াতে রেখে আসতে চান। একটি ট্রাক্টরে করে তারা রওনা দেন মুর্শিদাবাদের দিকে। পথে পড়ে মেহেরপুর, সেই সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে ঢোকেন তারা। বর্ডার পর্যন্ত যাওয়ার পর তার বাবাকে একজন আর্মি অফিসার জানায় , তাঁকে উনার সাথে ফিরে যেতে হবে, শুধু ছেলে মেয়েসহ মা যেতে পারবে মুর্শিদাবাদ। দেশের টানে কর্তব্যে অবহেলা না করতে পেরে বাবা ফিরে গেলেন চুয়াডাঙ্গা। যাওয়ার সময় বলে গেলেন, “ভয় পেওনা, তোমার উপর দায়িত্ব থাকল, নিজে বাঁচবে, মা-বোনদের বাঁচাবে...।”

এই কথাটা যেন মনজুরকে অনেক বড় বানিয়ে দিল, অনেক দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। চোখের পানি মুছে মা আর বোনদের শান্ত করল সে। বুকপকেটে একটুকরো কাগজ, তাতে লেখা  মোঃ রেজাউল ইসলাম, সুন্দরপুর, কান্দি, মুর্শীদাবাদ। কাগজের টুকরোটা বুক পকেটে রেখে চোখ মুছে উঠে দাঁড়াল হাফপ্যান্ট হাওয়াই সার্ট স্যান্ডেল পায়ে ঘাড়ে ব্যাগ নিয়ে এগারো বছরের এক কিশোর! শুরু হল তার পথচলা।

শরণার্থী ক্যাম্পে পৌছে সেদিন রাতেই তারা মুর্শিদাবাদের পথে রওনা হল। সারারাত স্টেশনে জেগে থেকে মা আর বোনদের পাহারা দিয়ে একদিন পরে তারা পৌছুলো তাদের গন্তব্যে। ছোট একটি কুঠিতে তাদের ঠাঁই হল। কিন্তু এখানে বেশিরভাগ মানুষই ছিল পাকিস্তানপন্থী। সেখানে একজন মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষে থাকাটা কঠিন হয়ে পড়ছিল। একদিন তাদের উপরে হুকুম এল, যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছাড়তে হবে। মা গোপনে তার একটি গয়না বিক্রি করে মনজুরকে বললেন, “যা খুঁজে দেখ তোর বাবাকে পাস কিনা।”

কথাটা শুনতে অনেক সহজ মনে হলেও অচেনা অজানা একটি দেশে মাত্র এগারো বছরের একটি ছেলের পক্ষে একা একা তার বাবাকে খোঁজা কিন্তু মুখের কথা নয়। কিন্তু মনজুর পরদিন সকালে এক কাপড়ে বাবার খোঁজে বের হয়ে গেল। শুরু হল একপ্রান্ত থেকে শরনার্থী আর মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে খোঁজা। বহরমপুর, কল্যানী, কৃষ্ণনগর, শিকারপুর, রাধিকাপুর, মালদহ হয়ে শেষ পর্যন্ত সতের দিন পরে বেতাইতে মিলল বাবার খোঁজ। এই কয়দিন খাওয়া, গোসল, ঘুম কিছুই ঠিকমতো হয়নি, কিন্তু বাবাকে কাছে পেয়ে যেন যুদ্ধ জয় করে ফেলল সে। মায়ের কাছে গিয়ে মাকে বলল, “এই যে বাবা, আমি বাবাকে খুঁজে নিয়ে আসলাম!”

এরপরে লালবাজারের কাছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প হল , বাবাও সবাইকে নিয়ে চলে গেলেন সেখানে। সেখানে বাবা দিতেন ট্রেনিং আর মনজুরের স্থান হল মেডিক্যাল টেন্টে। ইয়াসিন ডাক্তারের সঙ্গে এসিস্ট্যান্ট হিসেবে আহত যোদ্ধাদের সেবা দিত সে। এভাবে কাজ করতে করতে একদিন ইয়াসিন ডাক্তারের অনুমতি নিয়ে হাবিলদার সেকেন্দারের কাছ থেকে গুলি চালানোও শিখল। ধীরে ধীরে মনজুর প্রস্তুত হতে থাকল যুদ্ধের জন্য।

একদিন বাবার কাছ থেকে ইয়াসিন ডাক্তার আর হাবিলদার সেকেন্দার অনুমতি নিয়ে নিল মনজুরকে যুদ্ধের ফ্রন্টে পাঠানোর জন্য। বাবা বলেন, “তোমরা যা ভাল মনে কর, আমার একটিই তো ছেলে, মরে গেলে যাবে!” সেদিন থেকেই শুরু হল তার সম্মুখ সমরে অংশগ্রহণ। কাঁধে একটি এসএলআর (সেলফ লোডিং রাইফেল) ঝুলিয়ে সে রওনা দিল ফ্রন্টে।

প্রথম অপারেশন ছিল বুড়িপোতা আউটপোস্ট পার হয়ে ভৈরব নদীর তীরে। প্রথম অপারেশনটা মনমতো হল না, নিজের এসএলআরটাও হারিয়ে গেল। ফিরে এসে আবার শুরু হল সেই মেডিক্যাল টেন্টের ডিউটি, সেখান থেকে আর্মার টেন্টের পাহারার দায়িত্ব, সেখান থেকেই সে উঠে গেল ইংল্যান্ডের এক খবরের কাগজের পাতায়।

গল্পটাও বেশ মজার, একদিন রাতে টেন্ট পাহারা দেওয়ার পরে ফ্রন্টে খাবার দিতে গিয়ে গোলাগুলির মাঝে পড়ে মনজুর। সেখান থেকে ফিরে এসে ক্লান্তিতে আর্মার টেন্টের মাঝেই গোলাবারুদের মধ্যে সে খালিগায়ে শুয়ে পড়ে। সকালে উঠে জানতে পারে যে একদল বিদেশী সাংবাদিকরা এসেছিল, সেই গোলাবারুদের মধ্যে শুয়ে থাকা মনজুরের  ছবি তুলে নিয়ে গেছে। কিছুদিন পরে ইংল্যান্ডের এক পত্রিকায় সেই ছবি ছাপা হয়েছিল। ক্যাপশন ছিল, “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস”।

আমাদের এই গল্পের নায়ক মনজুর কোনো কল্পিত চরিত্র নন। এটি কোনো কল্পগল্পও নয়। এর প্রতিটি ঘটনাই সত্যি। উনি এখনও জীবিত। ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক হিসেবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময়ের সেই নয় মাসের পুরো সময়টার স্মৃতিকথা তিনি ধরে রেখেছেন মনে, আর তোমাদের জন্য ঐতিহ্য প্রকাশনীর সহায়তায় প্রকাশ করেছেন “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস” নামের একটি বই।

যতটুকু বললাম, তার থেকেও অনেক চাঞ্চল্যকর ও রোমাঞ্চক ঘটনা বর্ণিত আছে এই বইতে। আমি জানি তোমরা অনেকেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রকম বই পড়েছ। এই বইটি পড়লে তোমরা তোমাদের বয়সী একজনের চোখে পুরো যুদ্ধের সময়টাকে দেখতে পাবে, যুদ্ধের দামামায় মনজুরের সঙ্গে একাত্ম হয়ে যাবে। মা ও মাটিকে আরও গভীরভাবে ভালবাসবে। বুঝতে পারবে, শুধু বড়রাই নয়,  তোমাদের বয়সী ছেলেমেয়েরাও আসলে একটি দেশের জন্য অনেক কিছুই করতে পারে। তোমরাই পারবে দেশকে একটি শুদ্ধতম প্রজন্ম উপহার দিতে। এই বিজয়ের মাসে তোমাদের জন্য রইল অনেক শুভকামনা।