চখাচখি পাখি
বর্ষার শেষে যখন নদীর পানি কমতে থাকে তখনই দেখা যায় চখাচখির ঝাঁক। বড় নদী বা চরাঞ্চলের মানুষ ছাড়া এই পাখিকে খুব কম মানুষই চেনে। পাখিটি দেখতে কিন্তু বেশ মনোরম, অনেকটা হাঁসের মতোই।
হাঁস যেমন বিভিন্ন রংয়ের হয়, চখাচখি কিন্তু সেরকম নয়। এরা একই রংয়ের। রঙটিও খুব অনন্য। একদম দারুচিনির মতো, না কমলা না খয়েরী। মাঝামাঝি একটি রঙ। এরা আসলে পরিযায়ী পাখি। পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে এরা বসবাস করে। পাখি শিকারীদের শিকারে বিপন্ন হতে থাকলেও আশংকাজনক পর্যায়ে এখনও পৌঁছে যায়নি। শীত মৌসুমে এরা পরিযায়ী পাখি হিসাবে বাংলাদেশে আসে। আমাদের দেশের বন্যপ্রাণী আইনে এরা সংরক্ষিত।
এবার বলি, চখাচখি নামটি কোথা থেকে এল। চখাচখি কিন্তু একটি পাখিকে বুঝায় না। এরা জোড়ায় জোড়ায় থাকে বলেই পুরুষটি চখা আর স্ত্রীটিকে চখি নামে অভিহিত করা হয়েছে। সবসময় মানিকজোড়ের মতো একসঙ্গে থাকে বলে এদের একবারেই ডেকে ফেলা হয়। তোমরা কিন্তু আবার একে হাঁস ভেব না। এরা আকারে হাঁসের চেয়ে বড়। দারুচিনি রংয়ের এ পাখিগুলি পানিতে সাঁতার কেটে ভেসে বেড়ায়। শুধুমাত্র চখার এবং চখির মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। চখা কমলা ও বাদামি থেকে দারুচিনি রংয়ের। মাথা ও ঘাড় হালকা বাদামি বর্ণের হয়। ধাতব সবুজ পতাকা বর্ণের ডানা ও সাদা পালকের ঢাকনি। চখার লেজ কালো। আর গলায় থাকে সরু কালো বলয়। চখার চেয়ে চখি আকারে সামান্য ছোট। ফিকে রংয়ের মাথাওয়ালা চখির গলায় বলয় থাকে না। চখাচখির চোখ হয় বাদামি। আর ঠোঁট, পা ও পায়ের পাতা হয় কালো।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উত্তর ও দক্ষিণাঞ্চলে এরা বিচরণ করে। তবে বিশ্বের বিভিন্ন দেশে এরা পরিযায়ী পাখি হয়ে আসে। শীতের মৌসুমে বাংলাদেশের বিভিন্ন নদনদী যেমন- বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের হাওর এলাকায় এরা পরিযায়ী পাখি।
চখাচখি পলিময় উপকূল, হ্রদ, বড় নদীর চরে বিচরণ করে। জোড়ায় জোড়ায় থাকলেও শীতকালে ঝাঁক বেঁধেই চলে। এই নিশাচর পাখি। ভোরবেলা ও সন্ধ্যাবেলায় বেশ সক্রিয় থাকে। কাদামাটিতে আবার তৃণভূমিতেও খাবার খুঁজে বেড়ায়। সর্বভূক পাখি হিসেবে শস্যদানা, অঙ্কুরিত উদ্ভিদ, নরম পাতা, চিংড়ি-- এই জাতীয় প্রাণী খেয়ে থাকে। শামুক, কেঁচো, ব্যাঙও এদের খাদ্য।
পানিতে এরা দেহের সামনের দিক পানিতে ডুবিয়ে চলাচল করে। মনে হয় যেন গলাপর্যন্ত পানিতে ঢোবানো। যদিও এরা পানিতেই থাকতে ভালবাসে তবে উড়াউড়িও ভালোই করে। তবে ডিম পাড়ার সময় এক মাস পর্যন্ত উড়তে পারে না। এসময় এদের শরীরের সমস্ত পালক পরিবর্তিত হয়। বিষয়টি মনে হয় খানিকটা কষ্টদায়ক কারণ তখন এদের ভয়ে উচ্চস্বরে ডাকতে শোনা যায়। যখন এরা আকাশে উড়ে, তখন আবার ‘আঙক’, ‘আঙক’ আওয়াজ তোলে। যেন অন্যদের সাবধান করে দেয় ওরা যাচ্ছে। মাঝে মাঝে আবার হাঁসের মতো ‘প্যাক’, ‘প্যাক’ শব্দও করে।
মে-জুন মাসের সময় এরা ডিম পাড়ে। তারপর তা দেয় বাচ্চা ফুটানোর জন্য। চখাচখি ৬টি থেকে ১০টি পর্যন্ত ডিম পাড়ে। চখি একাই ডিমে তা দেয়। মালভূমির উঁচু বাদা এলাকা ও জলাভূমির পাশে মাটিতে গর্ত করে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো সাদা। চখা কাছাকাছি থেকে ডিম পাহারা দেয়। ২৮ থেকে ৩০ দিনেই ডিম ফুটে বাচ্চা বের হয়। ছোট এ ছানাগুলো ৫৫ দিন হলেই উড়তে শেখে। বাচ্চাগুলোর বয়স দুই বছর হলেই এরা আবার ডিম পাড়ার উপযোগী হয়।
আবাসন সমস্যা, পরিকল্পনাবিহীন উন্নয়ন, পরিবেশ দূষণ, বার্ড ফ্লু ইত্যাদি নানা কারণে চখাচখির বিশ্বব্যাপী আজ হুমকির মুখে। মাংসের জন্য দক্ষিণ-পূর্ব ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় ব্যাপক হারে চখাচখি শিকার করে। আমাদের নদ-নদী, হাওড় ও বিলে শিকারীরা জাল দিয়ে ফাঁদ পেতে শিকার করে। এসো এই পরিযায়ী পাখিকে আমরা সবাই মিলে রক্ষা করি।
