২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাত নিয়ে মজার কথা

বৃষ্টির দিন, মন চাচ্ছেই না আজ স্কুলে যাই। জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখে দিন পার করে দেওয়াতেই যেন সব আনন্দ! দিনের বেলা হলেও চারদিক কালো মেঘে অন্ধকার হয়ে আছে। এর মধ্যেই হঠাৎ প্রচণ্ড আলোর ঝলকানিতে এক মুহূর্তের জন্য চারদিক আলোকিত হয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই বিকট শব্দে কানে তালা লেগে যাওয়ার দশা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 04:03 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

ভেতর থেকে মা জোরে ডাকলেন ঘরের ভিতরে চলে আসতে। বজ্রপাত হচ্ছে যে বাইরে!

বজ্রপাত বা বাজ পড়া নিয়ে আমাদের অনেকেরই অনেক শিহরণ জাগানো অভিজ্ঞতা আছে। এ ঘটনাকে এলাকা ভেদে অনেক নামেই ডাকা হয়- কেউ বলে, বিজলি চমকান, কেউবা বলে বিদ্যুৎ চমকান। বিজলি বা বিদ্যুৎ যাই তার নাম হোক না কেন আমরা চল বজ্রপাত নিয়ে বেশ কিছু মজার তথ্য জেনে নিই--

•          বজ্রপাত হল বিদ্যুতের বিস্ফোরণ, যা অনেক শক্তিশালী। ঝড়বৃষ্টির সময় চোখের পলকে বজ্রপাত হতে পারে।

•          তোমরা হয়ত জান, বৈদ্যুতিক প্রবাহের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বা চার্জ আছে। দুটো মিলে একটি পরিবেশে একটি চার্জ নিরপেক্ষ অবস্থা তৈরি হয়। এখন পরিবেশে যদি কোনো একটি আয়নের সংখ্যা তবে বজ্রপাত ঘটে। এভাবে পরিবেশ আবার চার্জ নিরপেক্ষ হয়ে যায়।

•          মেঘের ভেতর বৃষ্টি আর পানির চলাচলের ফলে তৈরি হয় বৈদ্যুতিক চার্জ। এ চার্জ আবার দুই রকম- ধনাত্মক আর ঋণাত্মক। প্রোটনের থাকে ধনাত্মক চার্জ, আর ইলেকট্রনের থাকে ঋণাত্মক। মেঘের নিচের দিকে থাকে ইলেকট্রন, আর উপরের দিকে প্রোটন।

•          পরস্পর বিপরীতধর্মী হওয়ায় প্রোটন ও ইলেকট্রন একে অপরকে আকর্ষণ করে।

•          বজ্রপাত মেঘের ভিতরেও হতে পারে, একাধিক মেঘের মধ্যেও হতে পারে, এমনকি মেঘ থেকে মাটিতেও হতে পারে।

•          যত বজ্রপাত হয়, তার প্রায় এক চতুর্থাংশই হয় মেঘ থেকে মাটিতে।

•          বজ্রপাতের সময় মেঘের যে ইলেকট্রন, সেগুলো যেকোনো ধনাত্মক চার্জ খুঁজতে থাকে। আশপাশের সবচেয়ে কাছে যাকে পায় সেদিকেই ছুটে যায় বিজলি! সেটা অনেক সময় একটি গাছের ওপর পড়ে, কখনও বা লম্বা কোনো ভবনের ওপর, আর ভাগ্য খারাপ হলে সরাসরি কোনো মানুষের ওপর।

•          প্রতি বছর হাজার হাজার মানুষ বজ্রপাতের শিকার হয়।

•          বিজলি সরাসরি এসে গায়ে পড়লে ফলাফল ভয়ংকর হতে পারে।

•          উঁচু ভবনের ওপরে অনেক সময় বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্যুৎ পরিবাহী ধাতব লম্বা দণ্ড ব্যবহার করা হয়। এগুলো মাটির সঙ্গে যুক্ত থাকে। তাই ভবনের ছাদে বাজ পড়লেও, এই ধাতুগুলো তা নিরাপদে মাটিতে পৌঁছে দেয়।

•          বেশিরভাগ বজ্রপাত সাগরের ওপরেই হয়, এদের মধ্যে প্রায় ৭০ শতাংশই হয় ক্রান্তীয় অঞ্চলে।

•          প্রতি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও বজ্রপাত হচ্ছে।

•          বজ্রপাত সাধারণত মাত্র ১ থেকে ২ মাইক্রো সেকেন্ড স্থায়ী হয়, এজন্যই তোমার মনে হয় আলোর ঝলকানি বোধহয় হয়েই মিলিয়ে গেল!

•          বিজলির গড় তাপমাত্রা প্রায় ২০০০০ ডিগ্রি সেলসিয়াস (৩৬০০০ ডিগ্রি ফারেনহাইট)

•          যেসব মেঘ অনেক ঘন আর লম্বা, সাধারণত সেগুলোতেই বজ্রপাত হয়।

•          অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সময়ও বজ্রপাত হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ধুলোর ঝড়, তুষার ঝড়, আর টর্নেডোর সময় অনেক ক্ষেত্রেই বজ্রপাত হতে দেখা গিয়েছে।

•          বজ্রপাত নিয়ে যে পড়াশোনার ক্ষেত্র আছে, তাকে বলে fulminology

•          তুমি যদি বজ্রপাত ভয় পাও, তাহলে জেনে রাখো, এই ভয়েরও একটা আলাদা নাম আছে- Astraphobia