দুধরাজ
না দেখলে বোঝা যাবে না পাখিটি কত সুন্দর। এমন অপরূপ পাখিটিকে কেউ বলে দুধরাজ কেউ বলে শাহ বুলবুল; আবার কেউ রাজবুলবুলও বলে। ইংরেজিতে এর নাম Paradise Flycatcher. আর বৈজ্ঞানিক নাম Terpsiphone paradisi.
পুরুষ এবং স্ত্রী-পাখি দুটিকে আলাদা রঙের কারণে আলাদা করে চেনা যায়। পুরুষ পাখিটি ধবধবে সাদা। তার উপর মাথা গলা ঘাড় ও ঝুঁটি উজ্জ্বল ধাতব নীলচে কালো। পিঠের উপর দিকে সাদা পালকের ভেতর স্পষ্ট কালো টান। ডানা ও লেজের পালক সাদা। এই পালকের কয়েকটিতে কালো লম্বা লাইন দেওয়া আছে।
এই রূপটি পেতে হলে পুরুষ-দুধরাজকে তিনটি বছর পার করতে হয়। তার আগ পর্যন্ত ওর গায়ের রং থাকে মেয়ে পাখিটির মতো। অর্থাৎ এক দেখায় ডানা ও লেজ উজ্জ্বল বাদামি রঙের। তবে প্রাপ্তবয়স্ক দুধরাজ পাখির রূপের কারণেই হয়ত তার এই নাম হয়েছে।
পুরো এশিয়ায় এদের বসবাস। তবে সমুদ্রপৃষ্ঠের তিন হাজার ফুটের উপর এরা যায় না। মেয়ে-পাখিটির লেজ লম্বা পাখার মতো মনে হলেও পুরুষ পাখিটির লেজ কিন্তু দেখার মতো। যেন কেউ সাদা তুষারের মতো রিবন বেঁধে দিয়েছে তার লেজের অংশে। দুধরাজ মাছি বোলতাসহ ডানা সমৃদ্ধ পোকামাকড় খেয়ে থাকে। দুধরাজ সারাক্ষণ গাছেই থাকে। মাটিতে নামে না কখনও। উড়ন্ত পোকামাকড় ধরে ধরে খায় অপরূপ ভঙ্গিমায়।
অসম্ভব চঞ্চল এই পাখির গতিবেগও খুব ভালো। বাতাসের ঢেউ খেলে খেলে উড়ে যায়। ফেব্রæয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ওরা গাছের জোড়ার ডালের ফাঁকে বাটির মতো বাসা বানায়। সেই বাসায় ৩-৫টি ডিম পাড়ে। পুরুষ এবং স্ত্রী-পাখি পরস্পরকে সহযোগিতা করে ডিম বাচ্চা ফুটানোর বেলায়। দুজন পালা করে ডিমে তা দেয়। বাচ্চাদের খাওয়ায়। তবে স্ত্রী-পাখিকে একটু বেশি পরিশ্রমী বলে মনে হয়।
ছবি: শোভন সরকার।
