শব্দের গল্প : খেই
আমরা যে ভাষায় কথা বলি, সে ভাষা সারাক্ষণ বদলায়। শুধু আমাদের বাংলা ভাষাই নয়, সবার ভাষাই বদলায়। যেমন ধর, এই যে মোবাইল ফোন দিয়ে নিজের ছবি নিজেই তোলে, ইংরেজি ভাষায় একে বলে সেলফি (selfie)। এই সেলফি শব্দটা কিন্তু আগে ইংরেজি ভাষায় ছিলই না।
আগে কিন্তু মোবাইল ফোনের সামনে ক্যামেরা ছিল না, তাই স্ক্রিনে দেখে নিজে থেকে নিজের ছবিও তোলা যেত না। তারপর যখন মোবাইলের সামনে পেছনে দুইদিকেই ক্যামেরা হল, তখন সবাই নিজের ছবি তোলা আরম্ভ করল। ইংরেজিতে সেলফ (self) মানে নিজে। তাই এইসব ছবির নাম হল সেলফি।
এভাবে প্রতিদিনই আমরা নতুন নতুন শব্দ বানাই, নতুন নতুন শব্দ শিখি। বাংলা ভাষাতেও এরকম অনেক অনেক শব্দ আছে। অনেকসময় হয় কি, শব্দের অর্থটাও বদলে যায়। কিভাবে বদলে যায় সেই গল্পটাও খুব মজার।
তাছাড়া, বাংলার পাশাপাশি আরও ৩৯টি ভাষা প্রচলিত আছে আমাদের দেশে। এই ভাষাগুলোরও আছে মজার শব্দ, মজার গল্প। এই গল্পগুলো নিয়ে তোমাদের জন্য আমাদের নতুন সিরিজ শব্দের গল্প।
তো আজকে যে শব্দটার গল্প বলব সেই শব্দটা হল খেই।
এই খেই শব্দের আসল অর্থ হল সুতার মাথা। তাঁতিরা সুতা দিয়ে কাপড় বোনে, আবার সুতা দিয়ে সেলাইও করা হয়। সেই সুতার মাথাটা যখন হারিয়ে যায় তখন ভারি বিপদ। সব কাজ ফেলে সেই ‘খেই’ খুঁজতে বসতে হয়। সেই থেকে কেউ কথা হারিয়ে ফেললে কিংবা গুনতে গুনতে গুলিয়ে ফেললে তাকে বলা হয় খেই হারানো।
