২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপন ভাইয়ার গেম রিভিউ: অ্যামেজিং নিনজা

গেম খেলতে কে না ভালোবাসে। বাসে উঠলে তোমরা দেখবে বড় ভাইয়া, আপু, আংকেলরা নিজেদের সেল ফোনে গেম খেলতে ব্যস্ত। তবে তারা কী খেলছে তা যদি দেখতে, তবে বুঝতে বড়দের কল্পনার পরিধি কত ছোট। তাদের দৌড় কেবল ফোনে ‘অ্যাংরি বার্ড’, ‘টেম্পল রান’, ‘ক্যান্ডি ক্রাশ’, আর বাসার পিসিতে ‘এলিয়েন শুটার’, ‘সাব-ওয়ে সার্ফার’ পর্যন্তই। সবাই মিলে মাত্র কয়েকটা গেম নিয়েই ব্যস্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 05:00 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

তবে এই দু-চারটি গেইমে কি তোমাদের মন ভরে? কখনও না। তোমাদের গতিশীল রুচি আর নতুন কনসেপ্টের চাহিদা মেটাতে রীতিমত হিমশিম খাচ্ছে গেম নির্মাতারা। আর এই চাহিদা মেটাতে তারা তৈরি করে যাচ্ছে একের পর এক অসাধারণ গেইম। তবে, সব গেম কিন্তু সবার জন্য না। আমরা প্রত্যেকে যেমন অন্যের থেকে কিছুটা আলাদা, আমাদের প্রত্যেকের গেইমের পছন্দও আলাদা। এতে অবশ্য দিশেহারা হওয়ার কিছু নেই, বিভিন্ন দিনে বিভিন্ন প্লাটফর্মের অদ্ভুত সুন্দর কিছু গেইমের রিভিউ নিয়ে আমি আপন ভাইয়া এখন থেকে তোমাদের সঙ্গে আছি। আর প্রত্যেক গেম রিভিউয়ের সঙ্গে থাকছে রেটিং।

আজকের রিভিউ

এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম হল ‘অ্যান্ড্রয়েড’। শব্দটাই হয়ত তোমাদের জন্য নতুন। এর অর্থ কী তাই হয়ত তোমরা অনেকে জান না, তাই একবার বলে নেই-- এটি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। মানে হল যা দিয়ে তোমার যন্ত্রটি চলে। যেমন, পিসি চলে উইন্ডোজ দিয়ে, স্মার্টফোন তেমন চলে অ্যান্ড্রয়েড দিয়ে। তবে কিছু ফোনও আছে যেগুলো উইন্ডোজ দিয়ে চলে, যেমন নকিয়ার নতুন ফোনগুলো। আইফোন চলে যে অপারেটিং সিস্টেম দিয়ে তার নাম আই-ও-এস।

এই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গেমিং-এ তোমাদের মতো সুপার গেমারদের প্রিয় গেমের তালিকায় সবচেয়ে উপরে আছে ‘ফিজিক্স গেম’। ফিজিক্স গেম মানে তো তোমরা জানই, যে গেমগুলোতে ক্যারেক্টারগুলো সাধারণ ফিজিক্সের নিয়ম মেনে চলে।

তোমাদের আজকে নতুন একটা গেম-এর কথা বলি, গেমটার নাম ‘অ্যামেজিং নিনজা’।

নিনজা নাম দিয়ে কিন্তু হাজার হাজার গেম রয়েছে। তাই অ্যামেজিং নিনজা খুঁজে পেতে বেশ কষ্ট হতে পারে। আমি বরং তোমাদের কষ্টটা কমিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েডে গেইমটা পাবে এখানে-- আর উইন্ডোজ ফোনেরটা পাবে এখানে ।

এটি একটি এন্ডলেস গেম। এন্ডলেস গেম মানে হল যে গেমের কোনো শেষ নেই।

অন্যসব এন্ডলেস গেমের থেকে এটা কিন্তু একটু আলাদা। এই গেমের একমাত্র চরিত্র একজন নিনজা। তার কাজ শুধু সামনে দৌড়ান। সামনে থাকে একটি পর একটি দেয়াল, মাঝখানে শুধু একটি করে ফাঁকা জায়গা। লাফ দিয়ে দেয়ালগুলোর ভেতর দিয়ে পার হওয়াটাই তোমাদের কাজ। স্ক্রিনের যেকোনো জায়গায় টাচ করলেই নিনজা দিবে লাফ। একটি করে দেয়াল পার করতে পারলেই এক পয়েন্ট।

পড়ে যেতে ভয় পেলে চলবে না

লাফ দেওয়ার সময় ঠিক রাখাই হল এই গেমের মূল বিষয়। প্রয়োজনে প্রথম লাফের ঠিক পরপরই শূন্যেই আরেকটি লাফ দিতে হবে। প্রথমে গেমটা একটু বেশি কঠিন লাগবে তোমাদের তা আগেই বলে রাখি, তবে গেমটি যদি কঠিনই না হল, তাহলে খেলে আর মজা কী বল?

তোমাদের আমি আগে থেকেই একটু শিখিয়ে দেই, খেলার সময় খুব কাছাকাছি দুইটা দেয়াল পড়লে ঠিক মাঝখানে নিনজাকে নিজে থেকে পড়তে দেবে। একটু নিচে নেমে গেলেই ঠিক সময় বুঝে লাফ দিয়ে পরের দেয়ালে চলে যাবে। পড়ে যাবার ভয় পেলে চলবে না কিন্তু!

চলবে স্কোরের পাল্লা

সব গেম একই ধরণের না, কোনোটা খেলতে হয় সিরিয়াস ভাবে, কোনোটা হালকা মেজাজে, কোনোটা বন্ধুদের সঙ্গে। অ্যামেজিং নিনজা হল শেষ ধরণটির অর্থাৎ সব্বাইকে নিয়ে খেলার গেম। একদম ছোট্ট এই গেমের মাধ্যমে স্কোর করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পার বন্ধুদের। আমার হাই স্কোর হল ২০।

স্কোরের অবস্থা দেখে হাসছ তাই না? ঠিক আছে, হেসে নাও। আমার চেনা-জানা মানুষদের মধ্যে সেরা স্কোর আমার এক ছোট ভাইয়ের, তারটা হল ১০২। দেখি তোমরা কত করতে পার। তোমাদের হাই-স্কোর আমাকে জানাতে পার আমাদের ফেসবুক পাতায়।

ধরণ: বিরামহীন ফিজিক্স গেম।

রেটিং: ৪.৫/১০।

প্লাটফর্ম: অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন।