২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কীভাবে আঁকব হাতি

আঁকা-আঁকি কাজটা মজার। কিন্তু না পারলে বেশ কঠিনও বটে। আমরা নিজে কর বিভাগে আজ ধাপে ধাপে হাতি আঁকা শিখব। আপাতদৃষ্টিতে হাতি আঁকা একটু জটিল মনে হলেও ধাপ ধরে ধরে এগুলে বিষয়টা তত জটিল মনে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:22 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

তাহলে এস, ধাপের বর্ণনা আর ব্যাখ্যা মিলিয়ে আমরা একটি হাতি একে ফেলি। প্রথমেই দেখে নেই আমাদের কী কী লাগবে—

১। একটি কাগজ।

২। পেনসিল

৩। কলম

৪। ইরেজার

৫। পেনসিল সার্পনার

যেভাবে আঁকব—

 

১। প্রথমে পেন্সিল দিয়ে কাগজে একটি বৃত্ত আঁকব। একদম সূর্য মামা টাইপ এর গোল বৃত্ত না। একটু লম্বাটে ডিমের মতো বৃত্ত।

২। এরপরে লম্বাটে বৃত্তটিকে দুইটি লাইন দিয়ে চার ভাগ করবে। একটি লাইন ওপর থেকে নিচে, আরেকটা পাশাপাশি।

খেয়াল রাখবে দুইটা লাইন একেবারে মাঝখানে কিন্তু ছেদ করবে না। উপর থেকে নিচের লাইনটা একটু বাম দিক ঘেঁষে আঁকবে এবং পাশাপাশি লাইনটা একটু নিচের দিকে। এই পর্যন্ত আঁকতে হবে পেন্সিল দিয়ে।

৩। এইবার কলম দিয়ে হাতির মাথার আকৃতিটা আঁকবে। বাম দিকের দাগটা বড় আর ডান দিকের দাগটা ছোট।

৪। তারপর আমরা আঁকব হাতির শুঁড়ের একটি অংশ। যদি হাসিখুশি হাতি আঁকতে চাও তাহলে শুঁড়ের নিচটা উপরের দিকে তুলে দিবে। আর দুঃখী হাতি আঁকতে হলে নিচের দিকে বাঁকিয়ে দিবে। এখানে আমি হাসিখুশি হাতি আঁকছি। তাই উপরের দিকে তুলে দিয়েছি।

৫। এইবার হাতির কান আঁকবে, একটা বড় উলটা C এর মতো। আর শুঁড়ের মাথাটা M এর মতো বাঁকিয়ে বন্ধ করে দাও। একটু খানি চুলও একে দিতে পার মাথায়, ভালো লাগবে দেখতে।

৬। শুঁড়ের উপরের অংশে আরও কিছু ভাঁজ ভাঁজ দাগ দাও।

৭। এইবার চোখ আঁকা শুরু। এখন দেখতে ভূতুড়ে হাতির মত লাগলেও আস্তে আস্তে সুন্দর হবে।

৮। চোখের মণির চার পাশের অংশ এঁকে ফেল।

৯। এবার পুরো চোখ ঘিরে আরও একটা বড় গোল দাগ দাও।

১০। চোখের পাপড়ি আঁকলে একটা কিউট লুক আসবে।

১১। এবার হাতির আরেকটা কান এঁকে দাও।

 

হয়ে গেল তোমার ছোট্ট মিষ্টি হাতি। ছবিগুলো দেখতে গ্যালারিতে ক্লিক কর। আর তোমার আঁকা ছবি আমাদের ফেসবুক পেইজে শেয়ার করতে ভুলো না যেন। আমাদের ফেসবুক পেইজের ঠিকানা— https://www.facebook.com/kidz.bdnews24

গ্যালারি দেখতে ক্লিক করুন