রংপেন্সিল
ইরার খুব মন খারাপ। ও পরীক্ষায় প্রথম হয়েছে। এ জন্য বাবা ওকে যে রংয়ের বাক্সটা গিফট করেছে ওটা ওর মোটেও পছন্দ হয়নি। ও চেয়েছিল জলরং বক্স। বাবা দিয়েছে মোমরংয়ের বক্স। আচ্ছা ও কি এখনও ছোট্টটি আছে যে, জল রং দিয়ে ছবি রং করতে পারবে না।
ওর বয়স এখন সাত বছর। ক্লাস ওয়ানের ছাত্রী। মা-বাবাকে বলে দিয়েছে জলরং আনবে না। জল আর রং দিয়ে ঘরবাড়ির বারটা বাজিয়ে দেবে।
খাটের উপর গাল ফুলিয়ে বসে বসে মোম রংগুলোকে খুব জোরে বকা দিতে লাগল, “পাজি রং, দুষ্ট রং-- আমি তোদের দিয়ে কোনো ছবিই আঁকব না।
একসময় ও ঘুমিয়েই পড়ল। ঘুমের ভেতর মজার একটা স্বপ্ন দেখল ও।
মোমরংগুলো ওকে ঘিরে ‘রিঙ্গা রিঙ্গা রোজেস’ খেলছে।
লাল রংটা ওকে বলল, “রাগ কর না ইরামণি, আমাকে দিয়ে যখন তুমি ফুল আঁকবে। দেখবে ফুলগুলো কি সুন্দর দুলছে! ওই ফুলগুলোতে প্রজাপতি-মৌমাছি উড়ে উড়ে খেলা করবে।”
নীল রং বলল, “আমাকে দিয়ে আকাশ আঁকবে, দেখবে কত্ত পাখি ওখানে উড়ে বেড়াবে।”
বাদামি রং বলল, “আমাকে দিয়ে গাঁয়ের ছোট ছোট ঘরবাড়ি আঁকবে। ওখানে পিচ্চি পিচ্চি ছেলেমেয়ে ছোঁয়াছুঁয়ি খেলবে। কী যে সুন্দর ছবি হবে!”
মা এসে ইরাকে ঘুম থেকে ওঠাল, “ওঠো তাড়াতাড়ি, আর্ট কম্পিটিশনে যাবে না।”
ইরা মাথা নাড়ে, “না যাবে না।”
ওর রংয়ের বাক্স পছন্দ হয়নি। ও যাবেই না।
মা বলল, “ছি! ইরামণি, রাগ করে না! যখন তুমি আরেকটু বড় হবে তখন দেখ, তোমাকে অ-নে-ক সুন্দর জলরং কিনে দেব। এখন লক্ষ্মীমেয়ের মতো চল।”
কী আর করা! মায়ের হাত ধরে ও আর্ট কম্পিটিশনে গেল। ছবি আঁকতে বসল।
কী আঁকবে, কী আঁকবে কিছুই মাথায় ঢুকছে না।
বাহ্ স্বপ্নের ছবিটাই ও আজ আঁকবে।
সবুজ মোম দিয়ে একটা সুন্দর ছবি আঁকল, নীল দিয়ে আকাশ, আকাশে আবার কতগুলো পাখি উড়ছে। লাল দিয়ে থোকা থোকা ফুল আর আকাশি মোমরং দিয়ে আঁকল একটা চমকার নদী। নদীর মধ্যে ছোট ছোট ঢেউ আর নৌকা দিল।
কিছুক্ষণ পর রেজাল্ট বেরুল। ছোটদের গ্রুপে প্রথম হয়েছে ইরা। সে খুশিতে নাচানাচি শুরু করে দিল। মাও খুব খুশি। ও মোমরং বাক্সটা বুকের মধ্যে চেপে রাখল।
ইস! রংগুলোকে ও কত্ত বকাই না দিয়েছে! ভাগ্যিস রংগুলো ওকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়েছিল। ওই ছবিটা একেই তো ও প্রথম হয়েছে। পুরস্কার হাতে খুশিতে ও লাফাতে লাগল। তবে স্বপ্নের কথাটা ও কাউকেই বলল না।
