অতিথি পাখির মায়াবি ডানা
পাখিরা প্রতিবছর দেশভ্রমণ করে। এ আর নতুন কী? জীবজগতে এমন কোনো প্রাণী নেই, দেশভ্রমণে বের হয় না। মানুষও তার ব্যতিক্রম নয়। শুধু তফাৎ হচ্ছে-মানুষ দেশভ্রমণ করে নানা উদ্দেশ্যে। এর মধ্যে মনের খোরাকটি বড় হয়ে দেখা দেয়। কিন্তু পাখিরা দেশভ্রমণে বের হয় কেন?
ওরা দেশভ্রমণে বের হয় বেঁচে থাকার জন্যে। অনেকটা ঋতুচক্রের আবর্তনের মতোই যুগ-যুগ ধরে পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে আসা-যাওয়া করে। ওরা নির্দিষ্ট সময়ে যায়, নির্দিষ্ট সময়ে ফেরে। ওদের গমনাগমনের পথও কম নয়, হাজার-হাজার মাইল।
মানুষের আবির্ভাবের অনেক আগেই পাখিদের উদ্ভব। পাখিরা কবে থেকে তাদের দেশান্ত যাত্রা শুরু করেছিল তা সঠিকভাবে এখনও জানা যায়নি। অবশ্য জানার উপায়ও নেই। তবে প্রাচীনকালের মানুষেরা যে পাখিদের দেশ ছাড়া বা দেশে পুনরাগমন লক্ষ করেছিল, তার প্রমাণ পাওয়া যায়। আজ থেকে প্রায় ৪০ হাজার বছর আগের প্রাচীন প্রস্তরযুগের মানুষের আঁকা গুহাচিত্রে দেশান্তরী পাখির ছবি পাওয়া গেছে। নানা লোককথা, উপকথা থেকে শুরু করে আধুনিক সাহিত্য পর্যন্ত— এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। প্রাচীন গ্রিক কবি হোমারের কবিতায়, ওল্ড টেস্টামেন্টের বাইবেলে এবং এই উপমহাদেশের সংস্কৃত গ্রন্থে বিদেশ থেকে আগত পাখিদের সাময়িক অবস্থানের কথা জানা যায়।
সম্প্রতি আমি ঘুরে এসেছি গোপালগঞ্জের বর্ণিবাওড় এলাকা। সাত্তার মাঝির নৌকায় করে বাওড়ে ঘুরতে-ঘুরতে মুগ্ধ হয়ে গেল দুটি চোখ। শীতের কী অপরূপ দৃশ্য আমাদের দেশের জলাভূমিতে! সরালি, লেঞ্জা, ভূতি, নীলশির, দীঘর, লালশির ইত্যাদি হাঁস দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডানায় কাঁপন তুলে একবার দল বেঁধে উঠে যায় আকাশে, আবার দলবদ্ধ হয়ে নেমে আসে জলাশয়ে। যারা এ দৃশ্য দেখেনি, তাদের বোঝানো যাবে না লেখার ভাষায়। আর তাদের সৌন্দর্যের কথা লেখার ভাষায় প্রকাশ করাও কঠিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছি হাওড়ে। সকালের চেয়ে বিকেলের রূপ ছিল আরও মোহময়। মমতায় ভরে উঠল মন। ওদের শরীরের পালক বিকেলের রোদ লেগে যেন আরও মায়াবি হয়ে উঠেছে।
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও পাখি-পর্যবেক্ষক আলী ইমামের সঙ্গে কিছুদিন আগে চট্টগ্রাম ও কক্সবাজার ঘুরে এসেছি। যাওয়ার সময় কুমিল্লার সিঙ্গলা দিঘিরপাড় দেখে চমকে উঠলাম আমরা। হাজার-হাজার বক নেমেছে এখানে। গাড়ি থামানোর নির্দেশ দিলেন আলী ইমাম। আমরা গাড়ি থেকে নেমে মুগ্ধ নয়নে দেখেছি বকগুলো। হাজার-হাজার বকের মধ্যে দুটি বক আমাদের বিমোহিত করল। বিশাল বড় আকারের দুটি সারস।
এই সারস এখন আর দেখা যায় না বলতে গেলে। কখনও খালি চোখে, কখনও চোখে বাইনোকুলার লাগিয়ে দেখতে লাগলাম। নেশা যেন আর কাটে না। আলী ইমাম বললেন, ছোটকালে কত দেখেছি এসব, আজ থেকে ত্রিশ বছর আগেও বিরল ছিল না।
শীতের পাখিরা আমাদের দেশের কোথায়-কোথায় আসে? শীতের শুরু তেই ওরা নামতে থাকে বরিশালের দুর্গাসাগর দিঘিতে। বিশাল দিঘির মাঝখানে ছোট একটা দ্বীপ। সেটাই ওদের আস্তানা। ওদের দেখা যায় নোয়াখালির সুধারামের চরমজিদে। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে, কুড়িগ্রামের রৌমারির জলাভূমিতে, দিনাজপুরের রামসাগরে। পুরো মুন্সিগঞ্জ, পদ্মার চরাঞ্চলের গ্রামগুলো এবং সিলেট-সুনামগঞ্জ মৌলভীবাজারের হাওড় এলাকাগুলো যেন অতিথি পাখিদের স্বর্গরাজ্য। যেসব জলাভূমিতে দেশান্তরী পাখিদের আগমন বেশি, সেগুলো হচ্ছে-- আটাভাঙা বাওড়, বর্নিবাওড়, হাইলা, হাকালুকি, বরাম, বাংকা, মাকা, মাকালকান্দি, গুলদুবা, টাঙ্গুয়া, মতিয়ান, পাথার, চানালি, ঝিকর, জিংকর, জামইকাটা, মাহাই, নলুয়া, পারুয়া, দিনসাপোতা, গনেশ্বর, দুবরিয়া, চলনবিল, বউধা, চালচাকতা, চিংড়া, মেদা, কুকড়িমুকড়ির চর, চরখিদিরপুর, চরমুশান, চরওসমান, নীল সাগর, দুর্গা সাগর, কাপ্তাই লেক, বগা লেক, বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা এবং সুন্দরবনের সমগ্র এলাকা।
