২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টি বন্ধু বেড়ালছানা

তিতিরদের জানালা দিয়ে রোজ একটা বেড়ালছানা আসে। এসেই রান্নাঘরে ঢুকে ময়লার বালতি থেকে এঁটো খাবার ঘাঁটাঘাঁটি করে। ওখানে যা পায়, তা-ই খায়। তিতিরদের বাসার কেউ-ই পছন্দ করে না বেড়ালছানাকে। দেখলেই তাকে মারার জন্য তেড়ে আসে। কিন্তু তিতিরের খুব প্রিয় বিড়ালছানাটি! ছানাটি দেখতে দারুণ! ধবধবে সাদা, মাঝে মাঝে কালো কালো ডিজাইন করা। কী তুলতুলে! ইস, ছানাটা একদমই খাবার পায় না। আচ্ছা, ওর মাটাকে তো একদমই দেখা যায় না। মনে হয় মরে গেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজিনা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2014, 10:24 AM

Updated : 22 Aug 2022, 07:56 PM

তিতির মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ছাদের উপরে মাছের কাটা, মাংসের টুকরো রেখে আসে। তারপর লুকিয়ে লুকিয়ে ছানাটার খাওয়া দেখে। কী রকম করে চেটেপুটে খায়, দেখলে মায়া-ই লাগে।

স্কুল বন্ধ। তিতির ঘরে বসে বসে বিড়ালের ছবি আঁকছিল। মা রান্নাঘরে মুরগি রান্না করছে। মাংসের লোভাতুর গন্ধ অনেক দূর পর্যন্ত চলে গেছে। ছাদে বিড়ালটার নাকেও হয়ত গেল। বিড়ালছানা আস্তে আস্তে জানালাটার কাছ ঘেষে দাঁড়াল।

তিতির ওকে দেখে জানালার কাছে গিয়ে বলল, এখনও রান্নাই হয়নি। আগে আমরা খাব, তারপরে তো তুই খাবি। ছানাটা তাও ওকে দেখে মিউমিউ করতে লাগল।

বুঝেছি, তোর অনেক খিদে পেয়েছে। ইস, পেটটা একদম সেঁটে রয়েছে। মনে হয় সকাল থেকে কিছুই খাসনি।

দুপুর বেলা খাবার দাবারের পর কয়েকটা মাছের কাটা আর মুরগির এক টুকরো মাংস নিয়ে ছাদে উঠল তিতির। বেড়াল ছানাটা ওর গা ঘেষে মিউমিউ করতে লাগল।

তিতির প্রথমে মাছের কাটাগুলো দিল। গপাগপ খেতে লাগল ও। তারপর দিল মাংসের টুকরোটা। ছানাটা পাগলের মতো খেতে লাগল।

তিতিরের খুব মজা লাগল বেড়ালছানার অবস্হা দেখে। ছানাটা খেতে খেতেই তিতিরের পা দুটো ঘষতে লাগল।

তিতির বলল, “তুই আমার বন্ধু হবি?”

বিড়াল বলল, “মিউ, মিউ।”

“ও বুঝেছি হবি। তাহলে হাতটা মেলা। এখন থেকে আমরা দুজনে দুজনার বন্ধু।” বিড়ালটাও বলল, “মিউ.. মিউ.. মিউ..।”