২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিং কেটে গণ্ডারের প্রাণ রক্ষা!

চিড়িয়াখানায় বা সাফারি পার্কে গিয়ে তোমাদের অনেকেই দেখেছ গণ্ডার নামের প্রাণীটিকে। কেউ হয়ত কেবল ছবি আর ভিডিওতেই দেখেছ। আমাদের মতো ওরাও পৃথিবীর একটি উল্লেখযোগ্য প্রাণী। ওরাও আমাদের মতই শ্বাস নেয়, খায়দায়, ঘোরাফেরা করে, ব্যাথা পায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ওদেরও আছে সমান অবদান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2014, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:50 PM

কিন্তু এমন মানুষও আছে, যারা এত কিছু চিন্তা করে না। তাদের কাজই হচ্ছে দুষ্প্রাপ্য পশু পাখি ধরে হত্যা করা আর তাদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে টাকা উপার্জন করা। বহুবছর ধরেই এমন চোরা শিকারীরা আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বন-জঙ্গলে নিধন করে বেড়াছে বনের পশুপাখি। শুধু কি পশুপাখি? নির্বিচারে তারা উজার করে ফেলছে হাজার হাজার গাছ। এ নিষ্ঠুর কাজটিকে বলা হয় পোচিং। আর এই বাজে কাজটি যারা করে তাদের বলা হয় পোচার।

কথা হচ্ছিল গণ্ডারকে নিয়ে। তুমি কি লক্ষ করেছ, এই প্রাণীর মধ্যে একটি মজার বিষয় আছে। ওদের নাকের ঠিক উপরেই রয়েছে শিং। আর এই শিংটিকে নিয়েই বিশাল বিড়ম্বনায় পরেছে গণ্ডার প্রজাতি। এই বিড়ম্বনা যে সে বিড়ম্বনা নয়, একদম তাদের অস্তিত্ব নিয়েই টান পরে গেছে।

গণ্ডারের যে শিং আছে, তার কোনো ঔষধি গুণ থাকার কথা প্রমাণিত না হলেও এশিয়াতে অনেক জায়গাতেই গণ্ডারের শিং দিয়ে নাক থেকে রক্ত পড়া, জ্বর আর স্ট্রোকের ওষুধ তৈরি হয়-- এমন কথিত আছে। এমন বিশাল খ্যাতি যেই বস্তুর নামে, তার দামও সেরকিই বিশাল হবার কথা। আর হয়েছেও তাই। এর মূল্য শুনলে হয়ত অবাকই হয়ে যাবে তোমরা-- গণ্ডারের শিং-এর প্রতি কেজির মূল্য  প্রায় ৬০ হাজার ডলার! এত চড়া মূল্যের কারণে অনেক শৌখিন ব্যক্তি এটিকে মর্যাদার প্রতীক হিসেবে কিনে রাখতে চান নিজের কাছে।  

একটি পরিসংখ্যানে দেখা গেছে, কেবল এই শিং পাওয়ার জন্য ২০০৩ সালে ২২টি গণ্ডার হত্যা করা হয়েছিল। ১০ বছরের ব্যবধানে ২০১২ সালে এ সংখ্যা দাঁড়ায় ৬৬৮তে! আর গত বছর হত্যা করা হয়েছে ১ হাজার ৪টি গণ্ডার। বুঝতেই পারছ, দিন দিন আশংকাজনক হারে বেড়ে চলেছে গণ্ডার হত্যা। ইতোমধ্যেই গণ্ডার একটি বিলুপ্তপ্রায় প্রাণী হয়ে গিয়েছে, যদি পোচারদের এখনই থামানো না যায়, তবে খুব শিগগিরই হয়ত পৃথিবী থেকে হারিয়ে যাবে গণ্ডার ।

এ সংকটময় মুহূর্তে ‘রাইনো রেভলুউশন’ নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। তারা কিছু এলাকায় গণ্ডারদের ধরে তাদের অবশ করে শিং কেটে রেখে দিচ্ছে, যাতে গণ্ডারগুলো আর শিকারী বা পোচারদের টার্গেট না হয়। প্রথমে গণ্ডার নির্বাচন করা হয়, তারপর খুব শক্তিশালী ওষুধ প্রয়োগ করে গণ্ডারটিকে অবশ করা হয়। তারপর ধারালো যন্ত্র দিয়ে কেটে নেওয়া হয় তার মহামূল্যবান শিং। শেষে কাটা যায়গায় রঙ করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে চিহ্নিত করা যায় গণ্ডারটিকে।

শিং সাধারণত গণ্ডাররা আত্মরক্ষা এবং সঙ্গী নির্বাচনে কাজে ব্যাবহার করে বলে ধারণা করা হয়। এদিকে গবেষণায় দাবি করা হয়েছে, শিং কাটা গণ্ডার তার সমাজে সামাজিকভাবে কোনো সমস্যায় পড়ে না। তাছাড়া প্রতিবছর এক থেকে তিন ইঞ্চি করে তাদের শিং আবার গজায়। তাই শিং কেটে ফেললেই যে আবার উঠবে না, ঘটনাটা ঠিক এমন নয়। কাটা শিংগুলো পাঠিয়ে দেওয়া হয় গোপন এক স্থানে, পোচারদের নাগালের অনেক বাইরে।

‘রাইনো রেভলুশন’ এ কাজ করে আসছে প্রায় তিন বছর ধরে। এ কাজের পক্ষে বিপক্ষে রয়েছে বিভিন্ন মতামত। গণ্ডারদের হত্যা করাই হয় তাদের শিং-এর জন্যে, তাই শিং কেটে নেওয়ার মাধ্যমে অনেক গণ্ডারকেই বাঁচিয়ে দেওয়া যাবে। এমন বিশ্বাস করে সংস্থাটি।

একটা এলাকার গণ্ডারদের শিং কাটার পর সংস্থাটি সারা বিশ্বে খবরটি ছড়িয়ে দেয়। উদ্দেশ্য ছিল, পোচাররা যেন তথ্যটি জেনে আর ওই এলাকার গণ্ডার ধরতে না আসে। হোডস্প্রুট নামের এক অঞ্চল থেকে পোচারদের একটি গ্রুপ ইতোমধ্যে সরে গিয়েছে, কারণ তারা নিশ্চিত হতে পারছিল না, সে এলাকায় কোনো গণ্ডারের শিং আছে কিনা!

‘রাইনো রেভলুশন’ সংস্থাটি ওই এলাকায় অনেকদিন ধরে কাজ করেছে এবং তারা সারা বিশ্বে প্রচার করেছে তাদের কাজের কথা। খবরটি যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছে যে এ অঞ্চলে গণ্ডারদের শিং কেটে নিয়েছেন তারা। তাই এ এলাকায় পোচিং এর হার অনেক কমে গিয়েছে।

অনেকেই আবার মনে করেন, শিং কেটে নেওয়া কোনো ভালো সমাধান হতে পারে না। পোচাররা যখন ফাঁদ পাতে, তখন নিশ্চয়ই তারা সব ধরনের গণ্ডারের জন্যই পাতে। তাই ওই মরণফাঁদে যদি কোনো শিংবিহীন গণ্ডারও পা দিয়ে বসে, ওর মৃত্যু ঠেকানো যাবে না। তাছাড়া শিং কেটে নিয়ে গণ্ডারের প্রধান অস্ত্রটাই কেড়ে নেওয়া হচ্ছে। শত্রুর মুখোমুখি হলে লড়াই করার মূল অস্ত্রটাই তো থাকছে না ওর!

গণ্ডারদেরও আমাদের মতো অনুভূতি আছে। কাউকে রক্ষা করার জন্য তার দেহের সবচেয়ে সুন্দর অঙ্গটা কেটে নেওয়া একটি নিষ্ঠুর কাজও বটে। কিন্তু অবস্থা আজ এতটাই খারাপ, যেকোনো মূল্যে আমাদের বাঁচিয়ে রাখতে হবে গণ্ডারদের। নাহলে কিছুদিন পর ডাইনোসোরদের মতো গণ্ডাররাও হারিয়ে যাবে চিরতরে। শিং কেটে নেওয়ার এ সাময়িক অথচ বেদনাদায়ক সমাধানের ওপর ভরসা না করে আমাদের সবার উচিত সচেতনতা গড়ে তোলা। আর পোচারদের বোঝানো উচিত, কত বড় ক্ষতি তারা করছে নিজেদের লাভের জন্য। আমরা মানুষ, মানবিকতা না থাকলে সে মর্যাদার স্থানটুকু আমরা হারিয়ে ফেলব। গণ্ডারসহ অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় এগিয়ে আসা উচিত সবার-একযোগে।