২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি ভ্রমের মজার খেলা

কোনো কিছুর দিকে তাকালে আমরা বস্তুটি দেখতে পাই। কিন্তু তোমরা কি জানো, দেখার পুরো প্রক্রিয়াটি কেমন? বিষয়টি কিন্তু খুব সরল নয়। আমরা যখন কোনো জিনিস দেখি, তখন চোখ থেকে আমাদের মস্তিষ্কে তথ্য যায়, আমাদের মস্তিষ্ক সে তথ্য যাচাই বাছাই করে আমাদের জানিয়ে দেয় যে আমরা কী দেখছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মিনহাজ-উস-সালেকীন ফাহমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2014, 03:03 PM

Updated : 13 Oct 2022, 12:49 PM

এই পুরো প্রক্রিয়ায়, কখনও কখনও কিন্তু আমাদের মস্তিষ্ককে ধোঁকা দেওয়া সম্ভব। কিছু রঙ আর রেখার অবস্থান তোমার মস্তিষ্ককে এমন কিছু দেখাবে যা আসলে বাস্তবে সেখানে ছিলই না! এ ঘটনাটাকেই বলা হয় দৃষ্টি ভ্রম। এবার এসো, আমরা দৃষ্টি বিভ্রমের কিছু মজার মজার উদাহরণ দেখে নিই।

একই রঙের মায়া

ছবিতে দুটি ঘরে A আর B লেখা আছে, লক্ষ্য কর দেখ। A যেদিকে আছে সেদিকের ধূসর ঘরগুলো কি B  এর দিকের ঘরগুলোর মতো একই রকম ধূসর? মনে হচ্ছে একরকম না। একটা একটু গাঢ় আর অপরটি হালকা; তাই না? আসলে দুটি একদম একই রকমের ধূসর রঙ, কিন্তু সবুজ চাকতিটার ছায়া পড়াতে একপাশের ঘরগুলো একটু অন্যরকম লাগছে।

তোমার হয়ত আমার কথা বিশ্বাস করতে কষ্ট হবে। তবে, তুমি যদি ছবি সম্পাদনার কোন সফটওয়্যার (যেমন ফটোশপ) নিয়ে পরীক্ষা করে দেখ, দেখতে পাবে যে, দুপাশের ঘরের রঙ অবিকল একই রকম।

সাদার ভ্রম

আমাদের মস্তিষ্ক যখন কোনো রঙকে যাচাই করে, তখন আগে রঙটির চারপাশ সম্পর্কে সচেতন হয়। দ্বিতীয় ছবিটাতে দেখ, বামের অংশটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে না ডানপাশেটার তুলনায়? আসলে কিন্তু দুপাশের ঔজ্জ্বলতা সমান। বামপাশের সাদা বা ধূসর ঘরগুলো কালোর মাঝে আছে বলে ওরকম উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু ডানপাশে সাদার মাঝে পড়ে যাওয়ার কারণে ধূসর রঙটি একটু গাঢ় দেখাচ্ছে। আর তাই আমরা ভাবছি ওপাশটা বেশি অন্ধকার। কিন্তু আসলে বাম আর ডানপাশে একই রঙ ব্যবহার করা হয়েছে। পুরোটাই আমাদের দৃষ্টি ভ্রম!

ডেলবিউফ ভ্রম

এই ছবিতে বামপাশের কালো বৃত্তটাকে ডানপাশেরটার থেকে অপেক্ষাকৃত ছোট মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু ওরা পুরোপুরি সমান! তাহলে একটাকে বড় আর আরেকটাকে ছোট লাগছে কেন? বামের বৃত্তটাকে ঘিরে যে বড় বৃত্তটা আছে, সেটা অনেক দূরে আছে, তাই কালো বৃত্তটাকে অপেক্ষাকৃত ছোট মনে হচ্ছে। আর ডানের বৃত্তটা ঘিরে যে বৃত্ত আছে ওটা অনেক কাছে আছে, তাই ডানের কালো বৃত্তটাকে দেখতে বামেরটার চেয়ে বড় লাগছে। এই ভ্রমটাকে বলা হয় ডেলবিউফ ভ্রম।

গোলাপি ভ্রম

কোনোকিছুর প্রেক্ষাপট বদলে দিলে কিন্তু সেটার চেহারাও বদলে যায়। যেমন ধর, একটা সবুজ বলকে লাল পর্দার সামনে রাখলে তোমার চোখে যেমন দেখাবে বলটা, সবুজ পর্দার সামনে রাখলে কিন্তু একই রকম  লাগবে না। এই ছবিটা লক্ষ্য কর, উপরে আর নিচে কিন্তু একই ঘনত্বের গোলাপি রঙ ব্যবহার করা হয়েছে, অথচ তোমার চোখে মনে হচ্ছে নিচের গোলাপিটা একটু বেশি গাঢ়। এর কারণ হল, নিচের গোলাপি বর্গটাকে ঘিরে আছে গাঢ় রঙ, এ কারণে মনে হচ্ছে গোলাপি রঙটাও বুঝি একটু অন্ধকার হয়ে গেল।

হারানো আকৃতির ভ্রম

কখনও কি ভেবে দেখেছ, তুমি কোনো জিনিস না এঁকেও দর্শকদের সে জিনিসটা দেখাতে পার? এই ছবিতে সাদা-কালো দিয়ে খুব সহজ দুটি আকৃতির ভ্রম দেখানো হয়েছে। উপরের ছবি দেখে তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে ওখানে একটি ত্রিভুজ আছে! আসলে কিন্তু ওটা আঁকা নেই, তবু তোমার দেখে মনে হচ্ছে! আর নিচে একটা সাদা গোলকও আঁকা আছে বলে মনে হচ্ছে, তাই না? কালো রঙগুলো জায়গা মতো বসিয়ে দেবার ফলেই কিন্তু সাদা রঙের দুটি আকৃতির ভ্রম সৃষ্টি হয়েছে আমাদের মনে।

বাঁকানো বাড়ির ভ্রম

কী ভাবছ? এ ছবিটাও আঁকা? না, এ ছবিটা ক্যামেরায় তোলা। নিউজিল্যান্ডের ডানলিনের বাডউইন স্ট্রীটে গেলেই এ বাড়ির দেখা পাওয়া যাবে। এখন নিশ্চয়ই ভাবছ যে, বাঁকা বাড়িতে কীভাবে মানুষ থাকে? ভালো করে খেয়াল কর, আসলে বাড়িটা বাঁকা না, রাস্তাটাই বাঁকা! পৃথিবীর অন্যতম খাড়া রাস্তার একটি এটা। বাঁকা রাস্তা থেকে ছবি তোলায় মনে হচ্ছে বাড়িটাই বুঝি বাঁকা!

মুখ আর পাত্র ভ্রম

এই ছবিটা হয়ত অন্য কোথাও দেখে থাকতে পার। কেননা এটা অনেক জায়গায়ই ব্যবহার করা হয়েছে। ছবিটা দেখলে একবার মনে হয় দুজন মানুষের মুখ দেখছ, আবার মনে হয় একটি পাত্র দেখছ। কালো রঙের দিকে তাকালে মনে হবে মানুষের মুখই দেখছ, আর সাদা বা খালি অংশটার দিকে তাকালে মনে হবে পাত্র!

ইবিংহ্যাস ভ্রম

এই ছবিটার একটা নাম আছে-- টিচেনার বৃত্ত। দুটি কমলা রঙের বৃত্ত আছে ছবিতে, বামপাশেরটা একটু ছোট বলে মনে হবে ডানপাশেরটার তুলনায়। এর কারণ হল, বামের বৃত্তকে ঘিরে আছে বড় বড় বৃত্ত, তাই ওটাকে তুলনামূলক ভাবে ছোট মনে হচ্ছে। আর ডানপাশের বৃত্তটির চারদিকে আছে ছোট ছোট কিছু বৃত্ত। তাই ডানপাশের বৃত্তটিকে তুলনামূলক ভাবে বড় মনে হয়। আসলে দুটি বৃত্তই একই আকারের। সবই আমাদের মনের ভ্রম!