২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসো রাঙাই ফুলকে

বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে সহজেই সত্যিকারের ফুলকে দেয়া যায় নিজের পছন্দমতো রঙ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 04:31 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

মনে কর, তোমার প্রিয় রঙের ফুলটা এখনই খুব দরকার। কিন্তু কোথাও তোমার প্রিয় রঙের ফুলটা  খুঁজে পাচ্ছ না। কী করা যায় বল তো? আমার কাছে কিন্তু একটি সহজ সমাধান আছে। তুমি নিজেই বানিয়ে ফেলতে পার তোমার প্রিয় রঙের ফুলটা। হ্যাঁ, নকল বা প্লাস্টিকের ফুল না। একদম আসল ফুল। অবাক যদি হয়ে থাক তবে অবাক হতে হতেই চলো শিখে ফেলি কীভাবে বানাতে হয় পছন্দের রঙের আসল ফুল।

প্রয়োজনীয় উপকরণ:

এই রঙিন ফুল বানাতে আমাদের দরকার হবে, ৩-৪ টি সাদা রঙের ফুল (হতে পারে তা সাদা গোলাপ), দুই গ্লাস পানি, খাদ্য যোগ্য রঙ বা ফুড কালার (সবুজ, হলুদ বা যে কোনো পছন্দের রং)

যেভাবে করবে:

শুরুতে পানি দিয়ে দুই তৃতীয়াংশ ভর্তি এমন দুইটি গ্লাস নাও। এবার ঐ পানিতে দুটি আলাদা রঙ-এর ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। এরপরে ফুলগুলোকে তাদের বৃন্তসহ ঐ রঙিন পানিতে ডুবিয়ে রাখতে হবে। এবার ৪-৬ ঘণ্টার জন্য ফুলগুলোকে এভাবে রেখে দিব।

৪-৬ ঘণ্টা পর দেখবে, ম্যাজিক! ফুলগুলোর রং বদলে গিয়েছে এবং তোমার পানিতে মেশানো রঙেই ফুলটা রঙিন হয়ে গিয়েছে। কী অদ্ভুত, তাই না? এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে, কীভাবে এই ম্যাজিকটা সম্ভব হল। চল, বিজ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করি ব্যাপারটা।

আমরা জানি, সকল উদ্ভিদই তাদের পাতা, পাপড়ি এগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাষ্পাকারে এদের ভেতরের পানি প্রকৃতিতে ছেড়ে দেয়। এই ক্ষুদ্র ছিদ্রকে বলে পত্ররন্ধ্র বা স্টোমাটা। পানি ছেড়ে দেওয়ার পর উদ্ভিদের বা ফুলের ভিতরে আবার পানির প্রয়োজন হয়। তখন সে ঐ গ্লাসের পানি থেকে কিছু পরিমাণ পানি জাইলেম নামক টিস্যু দিয়ে শুষে নেয়। ব্যাপারটা অনেকটা স্ট্র দিয়ে জুস টেনে নেয়ার মতো। গ্লাসে রঙিন পানি থাকায়, ফুলের ভিতরেও রঙিন পানি প্রবেশ করে। তারপর যখন ফুল তার পাপড়ির ছিদ্র দিয়ে ঐ রঙিন পানি ছেড়ে দেয়, তখনই পাপড়ির রং পরিবর্তন হয়ে আগে থেকে শুষে নেওয়া রংয়ে রঙিন হয়ে যায়।

এবার একটু চেষ্টা করে দেখ তো, একটার বেশি রঙ দিয়ে একটি ফুলকে কয়েকটি রঙ-এর করা যায় কি-না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। চেষ্টা করেই দেখ। পার আর নাই বা পার, কমেন্ট করে জানাতে ভুল না। চলতে থাকুক রঙিন ফুলের রঙিন খেলা আর একটু একটু বিজ্ঞান শেখা।