হীরামতি ও ডাইনি
অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক বিশাল বনভূমি। যাকে বলে গহিন অরণ্য। সে বনের পাশে ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকত এক দরিদ্র কৃষক। তার ছিল এক ছেলে আর এক মেয়ে। মেয়েটির নাম হীরা আর ছেলেটির নাম মতি। ওদের মাঝে ছিল বন্ধুর মতো সম্পর্ক। একজন আর একজনের সঙ্গে খেলত। মাঝেমধ্যে শুকনো কাঠ কুড়িয়ে এনে মাকে সাহায্য করত। মা-বাবা দুজনেই ওদের খুব আদর করত।
একদিন হঠাৎ ওদের মা মারা গেল। অনেক কান্নাকাটি করল ওরা। এখন কে আর ওদের ময়ের মতো আদর করবে? কে তাদের জন্য খাবার রেঁধে দেবে? হীরামতি চারদিকে অন্ধকার দেখল। বাবা তো সারাদিন বাইরে বাইরে থাকেন। নানা কাজ করে টাকা আয় করেন। হীরামতি একদিন যুক্তি করে রাতে বাবার কাছে বায়না ধরল, ‘বাবা, আমাদের জন্য একটা নতুন মা এনে দাও।’
বাবা তো প্রথমে রাজি হননি। কিন্তু প্রতিদিন অনুরোধ করায় বাবা রাজি হলেন। ওদের ঘরে একজন মা এল। নতুন মা প্রথম প্রথম ওদের একটু একটু আদর করত। কিন্তু এ আদর বেশিদিন থাকল না। কিছুদিন পর হীরামতির একটা বোন হল। নতুন মা তখন তার আসল রূপ বের করল। হীরামতিকে সে খেতে দেয় না। যখন তখন পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওরা আবার ফিরে এলে বাসি খাবারগুলো খেতে দেয়। ‘মা’ বলে কাছে গেলে মেরে দূরে সরিয়ে দেয়। একদিন গভীর রাতে হীরা শুনতে পেল তার সৎ মা কার সঙ্গে যেন কথা বলছে। সে বলছে, ‘হীরামতিকে জাদু করে পাথর বানিয়ে পুকুরঘাটে রেখে দিতে হবে। আমি ওদের শরীরে পা রেখে প্রতিদিন গোসল করব।’
হীরা বুঝতে পারল যে তার সৎ মা আসলে মানুষ নয়, সে একজন ডাইনি। সে মতিকে বলল, ‘চলো, আমরা কোথাও পালিয়ে যাই। তা নাহলে এই ডাইনি আমাদের পাথর বানিয়ে ফেলবে।’
এ কথা শুনে মতি কেঁদে ফেলল। বলল, ‘ইস, আমাদের মা যদি আমাদের দুঃখের কথা জানত! চল, আমরা কোথাও পালিয়ে যাই। এত বড় দুনিয়ায় আমরা একসঙ্গে ঘুরব।’
সকালে হীরামতি ঘর থেকে বেরিয়ে বনের ভেতর ঢুকে পড়ল। তারপর তারা কেবল হাঁটতে লাগল। পাহাড়-নদী, মাঠঘাট পেরিয়ে ওরা চলে এল আর একটা বড় জঙ্গলে। সারাদিন ওরা বৃষ্টিতে ভিজল, রোদে শুকাল, কিন্তু সৎ মায়ের ভয়ে কোথাও বসল না।
সারাদিনের ক্লান্তির পর ওদের কেবল ঘুম পাচ্ছিল। ওরা একটা গাছের নিচে শুয়ে আজকের রাতটা কাটিয়ে দেবে। অনেক কষ্টে গাছ হতে কয়েকটা ফল পেড়ে সেগুলো খেয়ে নিল ওরা। তারপর অঘোরে ঘুমুতে শুরু করল। মাঝরাতে হীরা হঠাৎ জেগে উঠল। সে তখন শুনতে পেল গাছের উপর বসে কে যেন কথা বলছে। ভালো করে তাকিয়ে দেখল, একজোড়া বেঙ্গমা-বেঙ্গমি গাছে বসে গল্প করছে। বেঙ্গমি বলছে, ‘বেঙ্গমা, তোমাকে একটা কথা বলি। এই ছেলেমেয়ে দুটোর সৎ মা একজন ডাইনি। সকালে দেখবে, এখানে একটা ছোট্ট নদী বয়ে যাবে। আর সেই নদীর পানি প্রথমে যে খাবে সে বাঘ হয়ে যাবে। আর বাঘ হয়েই দ্বিতীয় জনকে সে খেয়ে ফেলবে।’
পরদিন ওরা দুজন ঘুম হতে উঠে দেখে তাদের পাশেই একটা ছোট্ট সুন্দর নদী। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীটির পানি টলমল করছে। মতি ঘুম হতে উঠে নদী দেখেই সেদিকে দৌড় দিল। সে বলল, ‘বুবু, আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমি একটু পানি খাব।’
হীরা অনেক কষ্টে দৌড়ে গিয়ে তাকে ফিরিয়ে আনল। সে বারবার মতিকে বুঝাতে লাগল, ‘পাগলামি করিস না ভাই। জানিস তো, আমাদের সৎ মা একজন ডাইনি। সে এই নদীটি বানিয়েছে। এটির পানি খেলে তুই বাঘ হয়ে যাবি; আর আমাকে খেয়ে ফেলবি।’
মতি বলল, ‘মিথ্যে কথা। ডাইনি নদী বানাবে কীভাবে?’
হীরা বলল, ‘কেন? মনে করে দেখো, কাল কিন্তু এখানে নদী ছিল না।’
এ কথাটি মতিরও মনে পড়ল। ওরা তখন আবার হাঁটতে শুরু করল। মতির খুব তৃষ্ণা পেয়েছে। কিন্তু হীরার কথায় সে পানি পান করল না দেখে সে কাঁদতে লাগল।
মতি বলল, ‘কাঁদিস না বোন। আমার যত কষ্টই হোক, আমি এ নদীর পানি পান করব না। আমি সবসময় তোর ভাই হয়েই থাকতে চাই।’
হীরামতি নদীর ধার দিয়ে হাঁটছে। হঠাৎ একসময় নদীটি মিলিয়ে গেল। তখন তারা পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে থাকল। এভাবে সারাদিন হেঁটে তারা আবার একটি ধুধু মাঠে পৌঁছাল।
মাঠের মাঝখানে একটি সবুজ গাছ। ওই গাছে অনেক ফল পেকে আছে। সারাদিন ওরা কিছু খায়নি। সুতরাং ফল দেখে ওদের ক্ষিধে যেন আরও বেড়ে গেল। ওরা তখন গাছ থেকে কটি ফল পেড়ে খেল। তাদের পা আর চলছে না। ওরা তখন সেই গাছের নিচেই শুয়ে রইল। গভীর রাতে আবার হীরার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল আশপাশেই কারা যেন কানাকানি করে কথা বলছে। সে ভালো করে কান পেতে শুনল। এই গাছের ডালে দুটো জাদুকরি বক বসেছিল। ওরা দুজন তখন কথা বলছিল। বকি বককে বলছে, ‘জান, সকালে এখানে একটা নদী হবে। এই নদীর পানি যে খাবে সে সিংহ হয়ে যাবে। আর সিংহ তো হিংস্র প্রাণী, সে জন্ম নিয়েই আশপাশের মানুষ খাওয়া শুরু করবে।’
বক বলল, ‘সর্বনাশ। গাছের নিচে যে দুটো ছেলেমেয়ে শুয়ে আছে ওদের কেউ যদি পানি খায়?’
বকি বলল, ‘খেলে সিংহ হবে। একজন আর একজনকে খাবে। এ জাদুর নদী তো ডাইনি বানাচ্ছে।’
হীরা ওদের সব কথাই বুঝতে পারল। সকালে একটা নদীর কুলুকুলু শব্দে ওদের ঘুম ভেঙে গেল। ওরা ঘুম থেকে জেগে দেখে ওদের পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। নদীতে কত নৌকা পাল তুলে যাচ্ছে। দূরে জেলেরা মাছ ধরছে। নদী দেখেই মতি আনন্দে পাগল হয়ে গেল। সে এক দৌড়ে পানিতে নেমে পানি পান করার জন্য হাত বাড়াল। ততক্ষণে হীরা কাছে এসে পড়েছে। সে বলল, ‘সোনামানিক ভাই আমার। তুই এই পানি খেতে পারবি না। খেলে তুই একটা সিংহ হয়ে যাবি। তারপর আমাকে খেয়ে ফেলবি।’
হীরার কথা শুনে মতি তার হাতে নেওয়া পানিটুকু ফেলে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগল, ‘তোর কথা আমি মানব। কিন্তু আমি ভালো পানি পাব কোথায়? আমার তো খুব তৃষ্ণা পেয়েছে। আমাকে একটুখানি পানি দে না বুবু!’
এবার নদী ছেড়ে ওরা অন্যদিকে হাঁটতে শুরু করল। সারাদিন হাঁটার পর ওরা একটা বনের ধারে এল। সারাদিন হেঁটে হেঁটে ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। বনের পাশেই একটা শান্ত ঝিল। ওতে ওরা হাতমুখ ধুয়ে বিশ্রাম নেবে। ঝিলের পাশে বসে ওরা একটু জিরিয়ে নিল। তারপর ওরা ভালো করে হাতমুখ ধুয়ে নিল। হীরা এবারও মতিকে পানি পান করতে দিল না। সে বলল, ‘আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দেয়। রাতেই হয়ত আমি জানতে পারব, এ ঝিলটা জাদুর ঝিল কি না?’
মতি হীরার কথা শুনল, সে কোনো পানি পান করল না। রাতে ওরা একটা গাছের নিচে ঘুমুল। হীরা মাঝরাতে আবার জেগে শুনতে পেল গাছের ডালে কারা যেন কানাকানি করছে। সে স্পষ্ট শুনতে পেল, ‘এ ঝিলের পানি খেলে ছেলেমেয়েগুলো মোরগ হয়ে যাবে। তখন ওদের শিয়ালেরা ধরে খেয়ে ফেলবে।’
যখন সকাল হল, তখন হীরা ঘুম হতে জেগে উঠল। কিন্তু এ কী! মতি গেল কোথায়? আশপাশে কোথাও সে মতিকে দেখতে পেল না। কিছুক্ষণ তাকিয়ে সে ঝোপের পাশে একটা মোটা মোরগ দেখতে পেল। হীরার তখন বুঝতে বাকি রইল না যে এটির তার প্রিয় ভাই মতি। সে হয়ত খুব সকালে ঘুম থেকে উঠে এই ঝিলের পানি পান করেছে। সে মোরগটিকে ডেকে কাছে আনল। ওকে কোলে নিয়ে আদর করল। বলল, ‘ভাই রে, মন খারাপ করিস না। আমি কখনও তোকে ছেড়ে যাব না। তুই আমার কথা শুনলে আমরা ভাইবোন একসঙ্গে সারাজীবন থাকতে পারব।’
হীরা ওর মাথা থেকে সোনালি ফিতাটি খুলে মোরগের গলায় বাঁধল। তারপর মোরগরূপী ভাইকে কোলে নিয়ে জঙ্গলের ভেতর পা বাড়াল। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে এল, তখন রো গভীর জঙ্গলে চলে এসেছে। হীরা দেখতে পেল সামনে একটা ছোট্ট চমৎকার বাড়ি। হীরা বাড়ির সামনে গিয়ে জোরে জোরে ডাকতে লাগল, ‘বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন?’
বাড়ির ভেতর হতে কোনো আওয়াজ না পাওয়ায় হীরা এ বাড়িতেই থাকবে বলে সিদ্ধান্ত নিল। মতিকে ঘরে রেখে সে আশপাশে খাবার ও কিছু খড়ের সন্ধানে বেরোল। ঘণ্টাখানেক পর হীরা ফিরে এসে ভাইকে খাওয়াল। নিজেও খেয়ে নিল। এরপর খাটের পাশে খড়গুলো বিছিয়ে দিয়ে সেখানে মোরগকে ঘুমুতে দিল। নিজে বিছানায় আরাম করে শুয়ে পড়ল।
পরদিন হতে ওরা একসঙ্গে ঘুরতে বেরোয়। খাবার সংগ্রহ করে। কথা বলে, খেলা করে। হীরা ক্লান্ত হয়ে পড়লে মতির পিঠে মাথা রেখে ঘুমায়। আবার মতি ক্লান্ত হলে হীরার কোলে ঘুমায়। ওদের কেবল মনে হয়, মতি যদি আজও মানুষ থাকত তাহলে কী মজাই না হত!
এভাবে ওদের আনন্দের দিন কেটে যাচ্ছিল।
একদিন এই বনে দেশের রাজা শিকার করতে এলেন। রাজার সঙ্গে আরও অনেক শিকারি এসে বনকে একদম সরগরম করে তুললেন। তাদের তীরে বিদ্ধ হয়ে কুকুর, শিয়াল, বনগরু, মহিষ, বানর এবং আরও সব প্রাণী কান্নাকাটি শুরু করল। এদের কান্নাকাটি শুনে মোরগটি অনেক ভয় পাচ্ছে। তাই হীরা ওকে কোলে করে বেশ দূরের একটি বনে রেখে এল। আসার সময় সে বলে এল, ‘সন্ধ্যার পরে কিন্তু চলে আসবি। আমি এসব নিষ্ঠুর শিকারিদের ভয়ে দরজা বন্ধ করে রাখব। তুই এসে কড়া নেড়ে বলবি, আমায় ঢুকতে দাও। তখন আমি দরজা খুলে দেব।’
এভাবে দুদিন চলল। তৃতীয় দিনে রাজা মতিকে দেখে ফেললেন। তিনি তখন বললেন, ‘বনের এই সোনালি পালকের মোরগটি আমার চাই। তবে এটিকে মারা যাবে না। তীরও ছোঁড়া যাবে না। জীবিত ও সুস্থ অবস্থায় ধরে আনতে হবে।’
পরদিন শিকারিরা বনের বিভিন্ন স্থানে ওত পেতে বসে রইল। মতি তার বোনকে বলল, ‘আজ তো কোনো শিকারির শব্দ পাওয়া যাচ্ছে না। তাহলে আমি একটু ঘুরে আসি।’
মতি ঘরের বাইরে এসে আনন্দে মাতোয়ারা হয়ে ঘুরতে লাগল। এমন সময় শিকারিরা ওকে ধরার জন্য এগিয়ে এল। তখন মোরগটি উড়তে শুরু করল। এ গাছ হতে ওগাছে, আবার ওগাছে হতে আরও এক গাছে উড়ে উড়ে সে বহুদূর চলে গেল। শিকারিরা তাকে ধরতে পারল না। সন্ধ্যায় শিকারিরা চলে গেলে সে বাড়ি ফিরে এল। দরজার সামনে দাঁড়িয়ে বলল, ‘আমায় ঢুকতে দাও।’
অমনি ভেতর হতে দরজা খুলে গেল। আর মোরগটি ঘরে ঢুকে গেল। সব শিকারিরা চলে গেলেও বাড়ির কাছে একটি শিকারি লুকিয়ে ছিল। সে গিয়ে রাজাকে সবকথা খুলে বলল।
পরদিন মোরগটি আবার বেড়াতে বের হল। সন্ধ্যার আগে শিকারিরা এসে তাদের বাড়ির সামনে লুকিয়ে বসে রইল। অন্ধকার নেমে আসার পর মোরগটি যখন বাড়ি ফিরে আসছিল, তখন সবাই মিলে মোরগকে ঘেরাও করে ফেলল। মোরগ আর পালাতে পারল না। শিকারিরা মিলে মোরগটিকে রাজার কাছে নিয়ে গেল। রাজার ওকে হাতে নিয়ে অনেক আদর করলেন। তারপর ওকে নিয়ে হীরাদের বাড়ি এলেন। তিনি তো জানেন কী বলে দরজা খুলতে হয়। তাই তিনি নিজেই দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ‘আমায় ঢুকতে দাও।’
এ কথা শুনে হীরা তো দরজা খুলে দিল। সে ভাবল তার ভাই ফেরত এসেছে। রাজা হীরা দেখে আশ্চর্য হলেন। এত সুন্দরী একটা মেয়ে এই গহিন জঙ্গলে একা একা থাকে। তিনি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
এদিকে হীরা ভেবেছিল, তার ভাই মতি ঘরে ফিরে এসেছে। কিন্তু দরজা খুলে সে দেখতে পেল যে মতিকে কোলে নিয়ে মুকুট পরা একটা লোক দাঁড়িয়ে আছে। হীরা একটু ভয় পেল। সে জানে যে দেশের রাজারা মুকুট পরেন। কিন্তু এই লোকটা মুকুট পরেছে কেন? সে কি দেশের রাজা?
রাজা হীরার দিকে তাকিয়ে ওর মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, ‘আমি দেশের রাজা। তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার সঙ্গে রাজপ্রাসাদে চল। তুমি এ দেশের রানি হবে।’
হীরা বলল, ‘আমি আপনার সঙ্গে যেতে পারি। তবে এই মোরগটি আমার সঙ্গে যাবে এবং আমি আমার ভাইয়ের মতো তাকে আদর করব।’
হীরার প্রস্তাবে রাজা রাজি হলেন। ওরা রাজপ্রাসাদে চলে এল। রাজা মহাধুমধামে হীরাকে বিয়ে করলেন। রাজ্যের সমস্ত লোককে দাওয়াত দিলেন। সবাই আনন্দে মাতোয়ারা হল।
এখন হীরামতি মহাসুখে আছে। মতি সারাদিন রাজার বাগানে ঘুরে বেড়ায়। হীরাকে নিয়ে রাজা নানা স্থানে বেড়াতে যায়। ওরা রাজার বাড়ির মজার মজার খাবার খায়।
এদিকে ওদের ডাইনি মা ভেবেছে হীরামতি মরে গেছে। ওদেকে বনের পশুরা খেয়ে ফেলেছে। সে বেশ শান্তি পাচ্ছে। ওর নিজের এক চোখা মেয়েটিকে নিয়ে সে সুখেই আছে। হঠাৎ একদিন সে জানতে পারল যে হীরা এখন পাশের দেশের রাজরানি। আর মতি মোরগ হয়ে গেলেও রাজঅতিথি। ওকে সবাই খুব আদর করে। এ কথা শুনে ডাইনি হিংসায় জ্বলতে শুরু করল। সে সারাক্ষণ রাগে ছটফট করতে লাগল। একসময় তার মেয়েকে ডেকে বলল, ‘তুমি ভালো করে সেজেগুঁজে তৈরি হও। তুমি হবে দেশের রাজরানি।’
এরপর হতে ডাইনি সারাক্ষণ ভাবতে লাগল কী করে হীরামতিকে আবার দুর্দশার কবলে ফেলা যায়। কী করে তাদের আবার পশুপাখি বানিয়ে ফেলা যায়। কী করে তাদের মেরে ফেলা যায়। কী করেই বা তার নিজের মেয়েকে রাজরানি বানানো যায়।
দিন যায়, মাস যায়। বছর গড়াতেই রানির কোলে এক ফুটফুটে চাঁদের মতো ছেলে জন্ম নিল। ছেলের মুখ দেখে রাজা খুব আনন্দ পেলেন। ছেলের নাম রাখা হল চাঁদকুমার। ছেলের জন্মের খুশিতে রাজা তাঁর রাজ্যের সব মানুষকে দাওয়াত দিলেন। ধনী-গরিব সব মানুষ রাজার বাড়ি এল। তারা উৎসবে মেতে উঠল।
রাজার দাওয়াত থেকে পরিরাও বাদ পড়ল না। তারা সারারাত ধরে গান গাইল, নাচল, ফুলের বনে নানা রংয়ের ফুল ফোটাল। এই সুযোগে ডাইনিও তার মেয়েকে নিয়ে রাজার বাড়ি এল। সে রানির চাকরানির ছদ্মবেশ ধারণ করল। ছেলেকে কোলে নিয়ে আদর করল। রাগে ওর তখন পিত্তি জ্বলে যাচ্ছে। কিন্তু মুখে যেন ওর হাসি আর ধরে না। সাতদিন পর রাজা শিকারে যাবার জন্য প্রস্তুত হলেন। ডাইনি রাজাকে বলল, ‘মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রানির সব রকম সেবা করব। আমি আপনার চাঁদের টুকরা চাঁদকুমারকে সারাক্ষণ কোলে রাখব।’
রাজা নিশ্চিন্ত মনে শিকারে চলে গেলেন। এদিকে ডাইনি সৎমা রানির পাশে রইল। পরদিন সকালে রানি যখন গোসল করতে চাইল তখন সে বাথরুমে গরম পানি দিয়ে এল। রানি গোসল করতে যেই না গরম পানি শরীরে দিল অমনি তার সারাশরীর কুচকুচে কাল হয়ে গেল। আসলে ঐ পানিটুকু ছিল জাদুর পানি।
এবার ডাইনি তার মেয়েকে রানির পোশাক পরিয়ে প্রাসাদে নিয়ে এল। সে মাথাটা একটা কালো কাপড় দিয়ে ঢেকে নিল। জাদুর বলে এই মেয়েটিকে অনেকটা রানির মতোই সাজানো হল। তবে তার চোখ কিন্তু একটাই রইল। কোনোভাবেই তাকে দুই চোখ দেওয়া গেল না।
পরদিন রাজা যখন ফিরে এলেন তখন তিনি রানির সঙ্গে কথা বলতে চাইলেন। ডাইনি বলল, ‘জাঁহাপনা, রানি আগামি সাতদিন আলোর দিকে তাকাতে পারবেন না। তাঁর চোখে একটা সমস্যা হয়েছে।’
ডাইনির কথা শুনে রাজা খুশিমনে চলে গেলেন। এদিকে হীরা প্রতিদিন রাতে এসে তার ছেলেকে কোলে নিয়ে তাকে দুধ খাওয়াতে লাগল। সকাল হবার আগেই ডাইনি তাকে সরিয়ে নিয়ে যায় আর তার নিজের মেয়েকে সেখানে বসিয়ে রাখে। পঞ্চম রাতে রানি যখন চাঁদকুমারকে দুধ খাওয়াতে এল, তখন সে খুব কাঁদতে লাগল। সে বলতে লাগল, ‘আমি এখানে আর মাত্র দুদিন আসতে পারব, এরপর আমাকে পাখি বানিয়ে বনে পাঠিয়ে দেওয়া হবে।’
প্রতিদিনকার এ ঘটনাগুলো রাজবাড়ির কারও নজরে আসেনি। তবে রাজপরিবারের একজন সেবিকা এগুলো দেখেছে। কিন্তু সে ভয়ে কাউকে বলেনি। কিন্তু আজ রানিমার কান্না শুনে তার মন কেঁদে উঠল। সে পরদিন সকালেই রাজার দরবারে হাজির হয়ে কথাগুলো রাজাকে জানাল। রাজা তখন চিন্তায় পড়ে গেলেন। সারাদিন তিনি তাঁর ঘরে বসে বসে ভাবলেন। রাত যখন গভীর হল তখন তিনি রানির ঘরে গিয়ে চাঁদকুমারকে দেখতে চাইলেন। ডাইনি তাকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলেন।
তিনি দেখলেন কুচকুচে কালো এক ভদ্রমহিলা চাঁদকুমারকে দুধ খাওয়াচ্ছে। আর তার পাশে এক চোখা এক দুষ্ট চেহারার মেয়ে বসে কটমট করে তাকাচ্ছে।
রাজা এগিয়ে গিয়ে সেই কুচকুচে কাল ভদ্রমহিলাকে বললেন, ‘আমি জানি, তুমিই আমার প্রিয় রানি। তোমার চেহারা যত কালোই হোক, তুমিই এ রাজ্যের রানি থাকবে।’
রাজা এ কথা বলার সঙ্গে সঙ্গে রানি তার আগের চেহারা ফিরে পেল। রাজা প্রহরীদের ডাকলেন। ডাইনি আর তার মেয়েকে বন্দি করতে বললেন। পরদিন ওদের বিচারের আয়োজন করা হল। ডাইনির মেয়েকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেওয়া হল। আর ডাইনিকে নদীর পাড়ে পাহাড়ের ধারে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হল। ডাইনি শরীর পুড়ে ছাই হয়ে গেলে ছাইগুলো নদীতে ফেলে দেওয়া হল। সঙ্গে সঙ্গে মোরগটি মানুষে পরিণত হল। এখন হীরা হল রাজরানি। আর মতি রাজার আড়িতে চাঁদকুমারকে নিয়ে সকাল বিকাল খেলা করে। তারা পরম সুখে জীবন কাটাতে লাগল।
