গোসল না করলে যা হয়
আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে গোসল করতে পছন্দ করে না? হয়ত তাকে জ্বালানোর জন্য মজা করেই তোমরা বল যে, ‘এই, গোসল করিস না কেন তুই?’
হয়ত মজা করেই কথাটা বলে বন্ধুরা। কিন্তু কখনও কি গভীরভাবে চিন্তা করে দেখেছ, কেউ যদি নিয়মিত গোসল না করে, তাহলে ঘটনাটা কী হবে?
প্রথমেই আসবে দুর্গন্ধের ব্যাপারটা, আশেপাশের মানুষ নানাভাবে তো হেয় করবেই, কেউ তার কাছে থাকতে চাইবে না। কোনো অনুষ্ঠানে তোমার সব বন্ধুকে দাওয়াত করলে, কিন্তু তাকে হয়ত কেউ ডাকতে চাইবে না, সবাই এড়িয়ে চলবে। কিন্তু এসবের বাইরেও এর অনেক বেশি ক্ষতিকর দিক আছে। আর সেটা হল স্বাস্থ্যগত দিক।
চল দেখে নেওয়া যাক কেউ গোসল করা বন্ধ করে দিলে তার কী কী সমস্যা হতে পারে-
• শরীর থেকে দুর্গন্ধ বের হবে
• চামড়া এবং চুল আগের চেয়ে অনেক বেশি ময়লা হয়ে যাবে দিনদিন
• খুব সহজেই ইনফেকশন হবে
• চুলকানি বেড়ে যাবে, সঙ্গে ইনফেকশন হওয়ার সুযোগ আরও বেড়ে যাবে
মডেল: সাফোয়ান। ছবি: সজীব রকিবুল ইসলাম।
তুমি হয়ত খেয়াল নাও করতে পার, কিন্তু আসলে তুমি প্রতি মুহূর্তে ঘামছ। দেহে দুধরনের ঘাম গ্রন্থি থাকে- এক্রিন এবং অ্যাপোক্রাইন। অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে বের হওয়া ঘামে থাকে প্রোটিন আর ফ্যাটি এসিড। এ কারণে এটা কিছুটা ঘন হয় এবং হলুদ রঙের মতো হয়। তাই দেখবে শার্টের হাতার নিচের অংশ, কলার ইত্যাদি জায়গায় অনেক সময় হলুদ হয়ে থাকতে দেখা যায়। সত্যি কথা বলতে কী, ঘামের নিজস্ব কোনো গন্ধ নেই। মানুষের চামড়া বা চুলের ব্যাকটেরিয়া ঘামের প্রোটিন আর ফ্যাটি এসিডের সঙ্গে মিলে এই বাজে গন্ধটা তৈরি করে।
মানুষ প্রতি ঘণ্টায় গড়ে এক থেকে তিন লিটার পর্যন্ত ঘামতে পারে। এটা আসলে আশেপাশের পরিবেশের ওপর নির্ভর করে। ধরে নেওয়া যাক, তোমার শরীর থেকে ঘণ্টায় তিন লিটার করে ঘাম বের হচ্ছে। যেহেতু তোমার লোম আর চামড়া ঘামে ভিজে আঠালো হয়ে আছে, সেখানে নিশ্চয়ই আগের চেয়ে বেশি ময়লা জমবে এবং আটকে থাকবে? শুধু কী তাই? এসব ময়লার ভেতরে যে রোগ-জীবাণু মিশে আছে সেগুলোও নিশ্চয়ই জমতে থাকবে এই সুযোগে। ময়লার ভিতরে লুকানো জীবাণু ছাড়াও, শরীরে এসে বাসা বাঁধবে আরও অনেক জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক ও ইস্ট। এগুলো সবই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কেবল চামড়ায় থাকা অবস্থায় যদিও এরা খুব বেশি ঝামেলা পাকাতে পারে না। তবে কোনোভাবে যদি একবার চামড়ার ভেতর দিয়ে রক্ত প্রবাহে ঢুকে যায়, তাহলেই হয়েছে। রক্তে সংক্রমণ হওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না।
তোমার চামড়ার ওপরে হয়ত কিছু মারাত্মক ব্যাকটেরিয়া জমে ছিল, যেগুলো এতদিন দেহের বাইরে থাকায় কিছু করতে পারেনি তোমাকে। কিন্তু যখনি তুমি চুলকাতে চুলকাতে তোমার চামড়ার আবরণ ছিঁড়ে ফেললে, তখনি সেগুলো ঢুকে পড়বে তোমার রক্তে। আর যদি ভাগ্য খারাপ হয়, তাহলে বড় ধরনের সমস্যায় তুমি পড়ে যেতে পার।
এতকিছুর চিন্তা যদি বাদও দাও, কেবলমাত্র দুর্গন্ধের কথা চিন্তা করলেই তুমি আর গোসল না করে থাকতে পারবেনা! তাই সবদিক চিন্তা করে, নিয়মিত গোসল করাই উত্তম।
