আকাশে উড়া লেমুর
আমার নাম উড়ন্ত লেমুর। আমি দেখতে ছোট্ট হলেও উড়ন্ত কাঠবিড়ালির মতো আমিও উড়তে পারি। উড়ে উড়ে চলে যেতে পারি এ গাছ থেকে ও গাছে। তাই তো সবাই আমার নামের আগে উড়ন্ত শব্দটা লাগিয়ে নিয়েছে। মজার কথা হল, সবাই আমাকে লেমুর বলে ভাবলেও আসলে কিন্তু আমি লেমুর নই।
মাদাগাস্কারে থাকা ছোট্ট মিষ্টি লেমুরকে নিশ্চয় দেখেছ তোমরা? ঠিক ওদেরই মতো দেখতে আমি। ওদের মতো দ্রুত না হলেও কষ্টেসৃষ্টে আমি গাছে চড়তে পারি। চড়তে পারি আরও অনেক জিনিসেও। তবে তারপরেও আমি ওদের মতো লেমুর না। কোথাও চড়তে গেলে নখ না থাকায় বেয়ে বেয়ে উঠতে খুব কষ্ট হয় আমার। একটুতেই হাঁপিয়ে উঠি। তারচেয়ে উড়ে উড়ে গাছের এ ডাল থেকে ও ডালে যেতেই বেশ মজা লাগে। সত্যিকারের লেমুরেরা আবার আমার মতো উড়তে পারে না।
আমি দেখতে একটা বড়সড় কাঠবিড়ালির মতো। আমার ছোট্ট মাথায় আছে বড় বড় দুটো চোখ। এতটুকু দেখতে বলে আমার ওজনও এক্কেবারে কম। মাত্র দুই বা চার পাউন্ড। আমার গায়ের রঙ ধূসর হলেও তাতে অল্প অল্প সবুজ রঙও লাগানো আছে। ভাবছ দুই-চার পাউন্ড ওজন নিয়ে আমি কী করে উড়ি? খুব সোজা। আমার গায়ের ভেতরে আছে ‘প্যাটাজিয়াম’নামের একটা ঝিল্লী। পুরো শরীরে ছড়িয়ে আছে ওটা। প্যাটাজিয়ামই আমার কাঁধকে শরীরের অন্য অংশের সঙ্গে এবং পায়ের নখের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। ওটার কারণেই এত সুন্দরভাবে উড়তে পারি আমি। ঝিল্লীর পাশাপাশি আমার শরীরে আছে ২৭ ইঞ্চি আকৃতির দুটো পাখা। ঝিল্লী আর পাখার সাহায্যেই আমি চোখ বন্ধ করে বাতাসে ভেসে যেতে পারি সহজেই।
আমার বাড়ি দক্ষিণ-পশ্চিম এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টে। তবে আরও বেশ কিছু জায়গাতেও থাকে আমার অন্য ভাই-বোনেরা। এমনিতে আমরা বেশ উড়তে পারলেও সেটা শুরু হয় কিন্তু জন্ম নেওয়ার দুই থেকে তিন বছর পর। এর আগ পর্যন্ত আমরা কেবল মায়ের কাছে থাকি। মা আমাদেরকে খাওয়ায়, ঘুম পাড়ায়। তখন আমরা চুপটি করে ঘরে থাকি। মোটেই উড়াউড়ি করে বাবা-মায়ের দুশ্চিন্তার কারণ হই না।
মাছ-মাংস খেতে একদম ভালে লাগে না আমার। গাছের পাতা, বাঁশের কচি পাতা, গাছের রস আর ফল খেতেই ভালোবাসি আমি। শুনলে একদম হাসবে না কিন্তু! আমার না একটা ডাকনামও আছে। সবাই আমাকে আদর করে কোলুগো বলে ডাকে। খুব ভালো লাগে আমার নিজের ডাক নামটাকে।
রাত আমার খুব পছন্দের। সবসময় রাতের বেলাতেই বাসা থেকে বের হই আমি। আর বাকিটা সময় গাছের বাসায় চুপটি করে লুকিয়ে থাকি। অনেকে ভাবে, আমি বুঝি উড়তে পারি না। কিন্তু সেটা একদম ভুল। শুধু আমি কেন, আমার মা-বাবা, মামা-চাচা সবাই আকাশে উড়তে পারে। এমনকি আমাদের বাচ্চারাও অনায়াসে উড়ে। এমনি এমনি তো লোকে আর আমাদের উড়ন্ত লেমুর বলে ডাকে না!
