২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি অদ্ভুত অস্ত্রোপচারের গল্প

তোমরা হয়ত প্রায়ই শুনে থাক, মানুষের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার কথাটা যদিও একটু ভয়ের ভয়ের লাগে কিন্তু অপারেশন শব্দটা তো শুনেছই। মাঝে মাঝেই কোনো না কোনো মানুষের শরীরে অপারেশন করা হয় শরীরের বিভিন্ন সমস্যা বা ত্রুটি দূর করতে। অনেক সময় শিশু জন্ম নেওয়ার সময় মায়েদের শরীরেও এরকম অপারেশন করা লাগে। যেন শিশুটিকে সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আনা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 10:03 AM

Updated : 13 Oct 2022, 12:41 PM

এ তো গেল স্বাভাবিক কথাবার্তা। ভাবছ এর মাঝে অদ্ভুতের কী আছে? অপারেশন করা আসলে অদ্ভুত না। তবে সেই অপারেশনটা যদি করা হয় একটা কচ্ছপের শরীরে তবে কিন্তু ব্যাপারটা শুধু অদ্ভুতই হবে না, বেশ কষ্টসাধ্য কাজও হবে। এই কষ্টসাধ্য, প্রায় অসম্ভব কাজটি করেছে চায়নার চেংডু হাসপাতালের চিকিৎসকেরা। ঘটনাটির শুরু হয়েছিল হাসপাতালের অদূরেই চেংডু সিটির চিড়িয়াখানায়।

অন্য সব শহরের মতো চেংডু সিটি চিড়িয়াখানাটিও শহরের বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয়। বাচ্চারা সেখানে বাঘ, সিংহ, হরিণ ইত্যাদি দেখতে প্রায়ই ভীর করে। এগুলো ছাড়াও সেই চিড়িয়াখানাতে আছে, শ্বেত বাঘ, পাণ্ডা, কচ্ছপ ইত্যাদি। কচ্ছপগুলোর মধ্যে ডাবাও নামের কচ্ছপটিও বাচ্চাদের খুব পছন্দ। একদিন ডাবাওকে যে লোকটি দেখাশোনা করেন হঠাৎ লক্ষ করলে ডাবাও ঠিক আগের মতো  নেই। সে বেশ ঝিমিয়ে পরেছে। নড়তে পারছে না, খেতে পারছে না। কেমন যেন ক্লান্ত তার চলাফেরা। উনি সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার পরিচালককে খবরটি দেন। পরিচালক খুব দ্রুত ডাবাওকে হাসপাতালে নেবার ব্যবস্থা করেন।

হাসপাতালে আসার পরে দেখা যায়, ডাবাওয়ের পেটে ১৪টা ডিম আছে। অর্থাৎ ডাবাও খুব শিগগিরি অনেকগুলা ছোট ছোট কচ্ছপের মা হতে চলেছে। কিন্তু সমস্যা এখানে নয়। সমস্যা হচ্ছে, একটি কচ্ছপ আসলে একসঙ্গে  এতগুলো ডিম পেটে রাখতে পারে না। এতগুলো ডিম কচ্ছপটির জনন পথে আটকে দিয়েছে। তাই একটি ডিমও বের হতে পারছে না। ডাবাও তাই অসুস্থ বোধ করছে।

মানুষ বা অন্য প্রাণীদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। কখনও কখনও জনন পথ রোধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে, ডাক্তারেরা প্রাণীটির পেটে কেটে বাচ্চাটিকে বের করে আনেন। এই পদ্ধতিতে বাচ্চা জন্ম দেওয়াকে সি সেকশন বা সিজারিয়ান অপারেশন বলে। কিন্তু ডাবাও যে একটি কচ্ছপ আর কচ্ছপের আসল শরীরটা একটা শক্ত খোসের মাঝে থাকে। সেই খোলসও যেই সেই শক্ত নয়, একদম মানুষের হাড়ের মতো শক্ত হয়। সেটি কেটে মূল শরীরে ঢোকা তো খুবই কঠিন একটা কাজ।

ডাবাওয়ের শরীর তখন একে তো খারাপ। তার উপরে এত মানুষ আর ছুরি-কাচি, মেশিন দেখে সে গিয়েছে আরও ঘাবড়ে। ডাবাও তার পুরো শরীর, মাথা সব কিছুকে খোলসের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এরকম অবস্থায় ডাবাওয়ের উপর অস্ত্রোপচার করাও ঠিক নয়।

ডাক্তাররা বুঝতে পারলেন এভাবে হবে না। তারা খুব দ্রুত তৈরি হয়ে নিলেন যেন ডাবাও তার মুখ বের করা মাত্রই তারা কাজে নেমে যেতে পারে। বেশ কিছুক্ষণ পর ডাবাও যখন বুঝতে পারল তার জন্য কোন বিপদ অপেক্ষা করছে না, সে আস্তে করে মাথাটা বের করল। যেই না মাথা বের করেছে ডাক্তাররাও ঝাঁপিয়ে পড়লেন কাজে।

প্রায় ঘন্টা দুই সময় ব্যয় হল শুধু কচ্ছপটির খোলস কেটে তার পেট পর্যন্ত পৌছাতে। এক্ষেত্রে মানুষের মাথার খুলির হাড় কেটে মস্তিষ্কে কোনো অস্ত্রোপচার করতে যেরকম ব্যবস্থা নেয়া হয়, সেরকম ব্যবস্থা নেয়া হল। এরপরে ডাক্তাররা সহজেই ডাবাওয়ের পেটে ঠিক যেখানে ডিমগুলো আটকে আছে সেখানে পৌঁছে যেতে পারলেন। একে একে ১৪টি ডিম বের হয়ে আনা হল। কিন্তু ঘটনাটি এখানেও শেষ হয় না। কেননা মানুষের বাচ্চাদের মতো করে কচ্ছপের পেট থেকে ডিম বের করলেই বাচ্চা হয়ে যায় না। ডিমগুলোকে বালির নিচে বেশ কিছুদিন রাখতে হয়। তারপর বাচ্চারা বের হয়। কচ্ছপ সাধারণত ডিম পাড়েই বালির মধ্যে। এখন বের করার সঙ্গে সঙ্গেই ডিমগুলোকে বালিতে ঢুকানো হল। বেশ কিছুদিন পরে ডিমগুলো থেকে ফুটফুটে চৌদ্দটি বাচ্চা কচ্ছপ বের হয়ে এল।

 

ডাবাও এখন সুস্থ, স্বাভাবিক আছে। তার ছানাদের নিয়ে মহা আনন্দে চেংডু চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে। যারা  চীনের চেংডু শহরে যাবে তারা অবশ্যই দেখা করে এসো ডাবাও আর তার বাচ্চাদের সঙ্গে। তবে ভুলো না সেই ডাক্তারদের সঙ্গে  দেখা করতেও, যারা এই অসাধ্য সাধন করেছেন। তাদের এই প্রচেষ্টা চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে একটা নতুন পথেরও সন্ধান দিয়েছেন। এখন ডাবাওয়ের মতো  সমস্যায় পরলে আর কোনো কচ্ছপকে কষ্ট পেতে বা মরে যেতে হবে না।