২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কচুরিপানার উপর হেটে যাওয়া পাখিটি

বর্ষার সময় একটু জলা-জংলা জায়গার আশে-পাশে গম্ভীর একটা পাখির ডাক শুনতে পাবে। ঠিক যেন কোনো রাগী স্কুল টিচার, যিনি মোটেই বাচ্চাদের সঙ্গে কথা বলতে রাজি নন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শহীদুল ওয়াহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 06:32 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

অনেকক্ষণ কিছু জিজ্ঞেস করার পর দায়সারা একটা জবাব দিতে চাচ্ছে। তাই ঠিক কোনো অর্থবোধক বাক্য না হয়ে ‘কোয়ক কোয়াক’ জাতীয় একটা শব্দ শোনা যাচ্ছে। যদি কাছে থেকে দেখতে যাও, তবে দেখবে পাখিটি মোটেও গম্ভীর না। বরং মনের সুখে পানির উপর তিড়িং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এই পাখিটির নাম ডাহুক। বৈজ্ঞানিক নাম, Amaurornis phoenicurus। তোমরা তো জানই বৈজ্ঞানিক নামগুলো রাখা হয় আসলে ল্যাটিন ভাষার শব্দ দিয়ে আর ল্যাটিন ভাষায় ডাহুকের বৈজ্ঞানিক নামের অর্থ হচ্ছে লাললেজী কালো পাখি  (গ্রিক: amauros = কালচে, ornis = পাখি; লাতিন: phoenicurus = লাল লেজের গির্দি)।

ল্যাটিন ভাষায় নাম যাই হোক না কেন, আমাদের গ্রাম বাংলার মানুষেরা এলাকাভেদে ডাহুককে কেউ ডাইক,  কেউবা পানপায়রা  আবার কেউ ধলাবুক ডাহুক বলেও ডাকে। কারণ, ডাহুকের শরীরটা কালচে হলেও এর বুক, গলা, পেট একদম ধবধবে সাদা। তার সঙ্গে মিল রাখতে ঠোটটা হলুদ রঙের, ঠোটের উপরে লাল রঙের একটি ছোট্ট দাগও আছে। সব মিলিয়ে ডাহুক খুব সুন্দর একটি পাখি। জল এদের প্রধান আশ্রয়। পুকুর, খাল, জলাভূমি, বিল ও নদীর গোপন লুকানো জায়গা এদের খুব প্রিয়। এদের পায়ের নখ খুব বড় আর ধারালো। এ কারণেই ডাহুক খুব সহজেই শাপলা বা পদ্ম পাতায় দাঁড়িয়ে থাকতে পারে। এমনকি কচুরিপানার উপর দিয়ে হেঁটেও যেতে পারে। হঠাৎ দেখলে মনে হবে যেন পানির উপর দিয়েই হাঁটছে। আসলে কিন্তু তা নয়।

ডাহুক মূলত আমাদের গ্রীষ্মমন্ডলীয় এলাকার জলাভূমির পাখি। তাই একে দেখা যায় বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মাটিতে, জলাশয়ের ধারে, কচুরিপানার ঝোপে, কলমির ঝোপে। খড়কুটো, শুকনো শ্যাওলা ও জলজ উদ্ভিদ দিয়ে পরিপাটি করে এরা বাসা তৈরি করে। আষাঢ়-শ্রাবণ মাসে ডাহুকেরা একবারে ৬-৭টি করে ডিম পারে। ডিমগুলোও দেখতে তাদের মতোই সুন্দর, ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। বাবা ডাহুক আর মা ডাহুক মিলে পালা করে ডিমে তা দেয়। ডিম ফুটে যখন ছোট্ট ডাহুকগুলো বের হয় তখন পূর্ণবয়স্ক ডাহুকের রঙের মতো না হয়ে শুধু কালো হয়ে থাকে।

ডাহুক-ছানার প্রিয় খাবার, পোকামাকড়, শামুক, উদ্ভিদের ডগা আর শস্যদানা। সবচেয়ে মজার ঘটনাটা ঘটে যখন বাচ্চা ডাহুকগুলোকে খাবার খাওয়ানো হয়। অন্য পাখিদের মতো ডাহুকের বাচ্চাদের মা বা বাবা মুখে খাবার নিয়ে খাইয়ে দেয় না। তাহলে ওরা খায় কীভাবে? ডিম থেকে বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মেই বাচ্চাগুলো ১৫/২০ ফুট উঁচু থেকে লাফ দিয়ে নামে মাটিতে। শরীরটা পাতলা বলে লাফ দিয়ে মাটিতে পড়লেও তাদের কিছুই হয় না। মাটিতে নেমেই বাচ্চাগুলো মা-বাবার পিছনে পিছনে হেঁটে হেঁটে খুঁটে খুঁটে খাবার খায়।  পানিতে বাস করা অন্য পাখিদের থেকে ডাহুকের সাহসও অনেক বেশি হয়। তাই মানুষের আশে-পাশে অনায়াসে বাস করে ওরা। তবে এই সাহসের মাশুলও ডাহুককে দিতে হচ্ছে। সারা পৃথিবীতে আগে প্রায় ৮৩ লক্ষ ৪০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস ছিল। সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা আই ইউ সি এন এই প্রজাতিটিকে বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। যদিও বাংলাদেশের বন্য আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। তবুও পাখি শিকারিরা নির্বিচারে এ পাখিকে হত্যা করেই যাচ্ছে। এছাড়াও আমাদের জলাশয়গুলো দূষিত হয়ে যাওয়ার কারণে ডাহুকের বাসভূমিগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করে টিকতে না পেরে একদিন হয়ত সত্যিই হারিয়ে যাবে সুন্দর এই পাখিটি। তাই তোমরা চেষ্টা করবে নিজেরা পাখি শিকার থেকে বিরত থাকতে এবং জলাশয় দূষণ রোধ করতে। সেই সঙ্গে সচেতন করবে তোমাদের বাড়ির বড়দেরও। এভাবে আস্তে আস্তে হয়ত আমরা সবাই মিলে রক্ষা করতে পারব ডাহুক নামের এই অনন্য পাখিটিকে।