মানুষের মতো আচরণ যাদের
বিশাল প্রাণিজগতের কিছু কিছু প্রাণী আছে, যাদের কিছু স্বভাব অনেকাংশেই মানুষের মতো।
যেমন ধর বানরের কথা। আমরা তো বলেই থাকি যে মানুষের পূর্বপুরুষ বানর। বানর ছাড়াও বানর প্রজাতির অনেক প্রাণী আছে, যারা মানুষের থেকে বেশ দূরে থেকেও বানরের মতোই মানুষের অনেক আচরণ দেখিয়ে থাকে। এছাড়া কিছু পাখির মধ্যেও আছে মানুষের স্বভাব। এরকম কিছু প্রাণীর সন্ধানেই আমরা আজ বের হব। চল তাহলে শুরু করা যাক।
গরিলা
আমরা সাধারণত কথা বলে নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করে থাকি। এছাড়াও অনেক সময় নানারকম ইশারা বা মুখভঙ্গির সাহায্যেও নিজেদের মনোভাব প্রকাশ করি, তাই না? খুব ভালো করে খেয়াল করলে দেখবে, গরিলারাও অনেকটা আমাদের মতো করেই ভাব প্রকাশ করে। বিরক্ত হলে আমাদের মতোই শব্দ করে তা প্রকাশ করছে, খুশি হলে অন্যরকম মুখভঙ্গি করে বুঝিয়ে দিচ্ছে, কাউকে ডাকতে হলে হয়তো ইশারা করছে। মোটকথা, দেখলে মনে হবে তুমি হয়তো কোনো মানুষের সাঙ্গেই আছ, কোনো কারণে একজন আরেকজনের সঙ্গে মুখে কথা না বলে ইশারা করেই বুঝিয়ে দিচ্ছে তার কী চাই।
শিম্পাঞ্জি
স্তন্যপায়ীদের মধ্যে মানুষের সবচেয়ে কাছাকাছি হল শিম্পাঞ্জি। তারা তাদের শরীর বিভিন্নভাবে নাড়িয়েও ভাব প্রকাশ করে। কিছু শিম্পাঞ্জি আছে যারা ইশারা ভাষায় এতটাই দক্ষ হয়ে গিয়েছে যে তারা এমনকি আমাদেরকেও ইশারার মাধ্যমে ঠিক ঠিক বুঝিয়ে দিতে পারবে তাদের মনের কথাটি।
স্লথ
তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছ, যারা শুয়ে বসে থাকতে, কিংবা চিপস হাতে টিভি দেখেই অলসভাবে কাটিয়ে দিতে পছন্দ কর অবসর সময়টা। অনেকে হয়ত পুরো দিনটাই শুয়ে বসে কাটাতে পারলে খুশি। তোমরা জেনে মজা পাবে, ঠিক তোমাদের মতোই অভ্যাস ছবির এই প্রাণীটির। কিছু না করে সারাদিন অলসভাবে কাটাতে পারলেই খুশি থাকে স্লথ নামের এই প্রাণী। প্রাণিজগতের অন্য প্রাণীদের সঙ্গে তার তেমন কোন মিল নেই। প্রাণিজগতের বাকি প্রাণীর ব্যাপার কিন্তু আলাদা। তাদের ভাব-ভঙ্গি হচ্ছে, ‘দাঁড়াবার সময় তো নাই’।
টামারিয়ান
তোমাদের বাসায় কোনো খাবার আনার পরে তোমরা কী কর? নিশ্চয়ই সবাই মিলে তা ভাগাভাগি করে খাও। ছবির এই লাল-কালো এই বানরেরা সভ্য মানুষের মতোই খাবার ভাগ করে খায়! তাদের কাউকে কোনো খাবার দেওয়া হলে তারা পরিবারের সদস্য বা বন্ধুদের মতোই দলের বাকি সবাইকে ভাগ করে একসঙ্গে খায়।
ফ্ল্যামিঙ্গো
ছবিটি পরিচিত পরিচিত লাগছে না? হ্যাঁ, বিখ্যাত কোনো ম্যাগাজিন বা ক্যালেন্ডারের পাতায় সেলিব্রেটিদের পাশাপাশি এদের ছবিও হয়তো দেখেছ। গ্রীষ্মমণ্ডলীয় পাখি মাত্রই অনেক বেশি সুন্দর। তাদের বাহারি পালক এতটাই আকর্ষণীয় যে খুব সহজেই তারা বিখ্যাত সব সুপারমডেলের পাশাপাশি ম্যাগাজিনের কভারে জায়গা করে নেয়! মানুষের সঙ্গে এদের মিল হচ্ছে ছবি তোলার জন্য নানা ভঙ্গি করায়। দেখ, কেমন ঘাড় বাকিয়ে একটা ফটোজেনিক ভঙ্গি করে আছে।
রবিন
কেবল উজ্জ্বল লাল রঙই নয়, মিষ্টি দেখতে এই পাখিটার রয়েছে অনন্য এক গুণ। খুব সুন্দর গানের গলা আছে তার। মিষ্টি গলার সুরে সে যে কোন গায়ক পাখির সঙ্গে গলা মেলাতে পারে- হোক সেটা মারিয়া ক্যারি, হুইটনি হুস্টন অথবা বারবারা স্ট্রেইস্যান্ড। সুর যাই হোক, নিজের গলায় সে তুলে ফেলতে পারে অনায়াসেই।
আটলান্টিক বটলনোজ ডলফিন
কোন জিনিসটা মানুষকে অন্য প্রাণীর সঙ্গে আলাদা করে রেখেছে বল তো? মানুষ সামাজিক জীব। এই বিশেষ ডলফিনদের মধ্যেও কিন্তু বেশ সামাজিকতা আছে। ওরা একসঙ্গে দল বেঁধে সাঁতার কাটতে পছন্দ করে- যেন সবাই মিলে হাসিখুশি একটি পরিবার! আর ডলফিনের তাদের শিশুদেরও আগলে তাদের সঙ্গে খেলাধুলা শিখায়, আদব-কায়দার পাঠ দেয় ঠিক মানুষের মতোই করেই।
হাওলার বানর
এই বানরদের খুব পছন্দের একটা কাজ হচ্ছে জোরে জোরে শব্দ করা। সত্যি কথা বলতে কী, শব্দ করতে পছন্দ করে এমন প্রাণীদের তালিকায় এরা একদম প্রথমদিকে থাকবে। তোমাদের নিশ্চয়ই এমন কোন ভাইবোন বা পরিচিত বাচ্চা আছে, যারা চেঁচামেচি করতে খুব পছন্দ করে? ওদের থামতে বলে লাভ নেই, আরও বেশি জোরে চেঁচাবে, তাই না? হাওলার বানরদের স্বভাবটা কিন্তু ঠিক এইরকমই।
পান্ডা
কিউট প্রাণী হিসেবেই নিশ্চয়ই চেন এই সুন্দর আদুরে চেহারার প্রাণীটিকে? যা খুশি তা বলতে পারো ওদের, কিন্তু ভুলেও কিন্তু অভদ্র খাদক বলতে পারবে না । তারা খাবার সময় রীতিমতো আদবকায়দা মেনে চলে। মানুষের মতোই বসে খাবার হাতে তুলে তারপর মুখে নেয়।
রক্তবর্ণ ফিঞ্চ
মানুষ যেমন বাসা সাজানোর সময় খুব যত্ন নিয়ে সময় নিয়ে সাজায়। যেনতেন ভাবে সাজালে ঠিক মন মতো হয় না। রক্তবর্ণ ফিঞ্চ নামের এই পাখিটি মানুষের মতোই খুব যত্ন নিয়ে তার বাসা সাজায়। প্রতিটি খুঁটিনাটি বিষয় তার মন মতো হওয়া না পর্যন্ত সে বানিয়ে যায় তার বাসা। ঠিক মানুষের মতোই।
