লেভ তলস্তয়-এর গল্প
চাষ না করে দিনরাত ঘুড়ি কেবল মাঠে ঘুরে বেড়ায় আর ঘোড়া সারাদিন মাঠে লাঙ্গল চষে ও কেবল রাত্রে খায়।
ঘোড়া ও ঘুড়ি
একদিন তাই ঘুড়ি ঘোড়াকে বলল, “কেন তুমি লাঙ্গল চষ? আমি তোমার মতো হলে কখনও এ কাজ করতাম না। মনিব আমাকে চাবুক মারলে আমি তাকে পিছনের পা দিয়ে লাথি মারতাম।”
পরদিন ঘোড়া তাই ঘুড়ির কথামতো কাজ করল। মনিব দেখল ঘোড়া অবাধ্য হয়েছে, সে ঘোড়ার পরিবর্তে ঘুড়িকেই জোয়ালে যুতল।
শেয়াল একদিন সারসকে নিমন্ত্রণ করল ও থালায় খেতে দিল পাতলা মাড়। সারস তার লম্বা গলায় থালা থেকে কিছুই খেতে পারল না আর শেয়াল চেটেপুটে খেল সবটুকু। অন্য একদিন শেয়ালকে তার বাড়ি নিমন্ত্রণ জানাল সারস, আর সরুমুখ এক কলসিতে খাবার দিল। শেয়াল তাতে মুখ ঢোকাতে পারল না কিন্তু সারস তার লম্বা গলা ঢুকিয়ে দিব্যি সবটুকু একাই খেয়ে নিল।
এক বাঁদরের ছিল দুটো ছানা। কিন্তু সে তার একটাকেই কেবল ভালোবাসত। একবার লোকে বাঁদরটাকে তাড়া করল, তখন সে তার প্রিয় ছানাটিকে নিয়ে দৌড়ে পালাল, অন্যটিকে সেখানে ফেলে রেখে। অপ্রিয় ছানাটি তখন একটি ঘন ঝোপে লুকিয়ে রইল। পাশ দিয়ে চলে গেল লোকেরা, তাকে দেখতেই পেল না। এদিকে বাঁদর এত দ্রুত এক গাছে লাফ দিল, যার ফলে গাছের ডালে মাথায় আঘাত লেগে তার ছানাটি গেল মরে।
যখন লোকেরা সেখান থেকে চলে গেল তখন বাঁদর চলল তার অপ্রিয় ছানাটির খোঁজে। কিন্তু কিছুতেই সে তাকে খুঁজে পেল না, তাই সে থেকে গেল একেবারে একলাটি।
এক কাঠবিড়ালি গাছের এক ডাল থেকে আর এক ডালে লাফ দিতে গিয়ে পড়ল একেবারে ঘুমন্ত এক নেকড়ের উপর। নেকড়ে তো তাকে ধরেই খেয়ে ফেলতে চাইল।
মিনতি জানাল কাঠবিড়ালি, “দয়া করে ছেড়ে দিন আমায়।”
নেকড়ে বলল, “বেশ, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তুমি কেবল আমাকে বলো কী জন্য তোমরা কাঠবিড়ালিরা সদাই এত স্ফূর্তিবাজ? আমার শুধুই কেবল মন খারাপ, আর তোমরা কেমন এ গাছ থেকে ও গাছে লাফালাফি করে খেলা করে বেড়াচ্ছ।”
কাঠবিড়ালি বলল, “প্রথমে আমাকে ছেড়ে দিন, যাতে আমি ওই গাছটাতে যেতে পারি আর সেখান থেকেই আপনাকে সবকিছু বলব আমি, নাহলে আপনাকে ভীষণ ভয় করছে আমার।”
নেকড়ে কাঠবিড়ালিকে দিল ছেড়ে। সে চড়ল এক গাছে আর সেখান থেকে বলল, “আপনি দুঃখী, কারণ আপনি হিংস্র। আর আপনার এই হিংস্রতাই অহরহ আপনার হৃদয়কে পুড়িয়ে মারছে। আর আমরা স্ফূর্তিবাজ, এ জন্যই যে আমরা নিরীহ ও ভালো, কখনও কারও কোনো ক্ষতি করি না।”
মাঠে ভেড়ার পাল চরে বেড়াচ্ছে। হঠাৎ আকাশ থেকে ধেয়ে এলো ঈগল, শক্ত থাবায় এক মেষশাবককে ছোঁ মেরে তুলে নিল। এটা এক কাক দেখে, সেও মাংস খেতে চাইল, বলল, ‘এটা কি আর এমন কঠিন ব্যাপার! আমি আরও ভালোভাবে এই কাজ করব। বোকা ঈগল ধরল একটা বাচ্চাকে, আর আমি ওই মোটাসোটা ভেড়াটাকেই বেছে নিলাম।’
এই বলে কাক তার থাবা বসাল ভেড়ার লোমে। সে চাইল তাকে ওঠাতে কিন্তু পারল না, এমন কি সে তার থাবাকে ঐ ভেড়ার পুরু লোম থেকে ছাড়াতেও পারল না। মেষপালক এলো, সে ভেড়ার গা থেকে কাকের পা টেনে বের করে তাকে মেরে ফেলে দিল।
দুই মোরগ তাদের লড়াই শুরু করল এক গোবর-গাদার পাশে। এদের একটি ছিল বেশি শক্তিশালী, সে অন্য মোরগটিকে মেরে সেই গোবর-গাদা থেকে তাড়িয়ে দিল। সমস্ত মুরগি তাকে ঘিরে প্রশংসা করতে লাগল। মোরগ চাইল পাশের প্রতিবেশীরাও তার শক্তি ও জয়ের কথা জানুক। এই ভেবে সে উড়ে গেল এক চালাতে, ডানার ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে লাগল, ‘সকলে দেখো আমাকে, আমি একটি মোরগকে পিটিয়েছি, আমার মতো শক্তিশালী আর কেউ নেই।’
কিন্তু তার কথা শেষ হবার আগেই উড়ে এলো ঈগল, মোরগকে মেরে শক্ত থাবায় নিয়ে চলল তার নিজের বাসায়।
