২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাখিরাও শিকার করে

পৃথিবীর প্রতিটি প্রাণীর মতো পাখিরাও শিকার করে। পাখিদের দৃষ্টি, শ্রবণশক্তি এবং আঘ্রাণ-ক্ষমতা প্রখর। দ্রুত উড়ে চলতে স্বচ্ছ ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দরকার। দূর থেকে শিকার ভালো করে দেখে তার আকৃতি ও দূরত্ব বোঝা চাই। পাখির চোখ এ কাজের পক্ষে ঠিক-ঠিক উপযোগী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 11:25 AM

Updated : 13 Oct 2022, 12:38 PM

বেশির ভাগ পাখির চোখ মাথার পাশে স্থাপিত। ফলে সামনের দিক অপেক্ষা দুই পাশের বস্তু ভালো করে দেখতে পায়। এরা তাই ঘাড় ফিরিয়ে এদিক-ওদিক দেখে নেয়। ঘাড়ের অস্থিগঠন এমন যে, দুই চোখ দিয়ে পৃথকভাবে দেখলেও মাথা এপাশ-ওপাশ করে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নিজের চতুর্দিকে দেখতে পায়। তাছাড়া একই সঙ্গে দূরে যেমন দৃষ্টি নিক্ষেপ করতে পারে, তেমনি মুহূর্তে একেবারে কাছের বস্তুর উপরও নজর আনতে পারে।

একটি শালিক জমির উপর হেঁটে-হেঁটে খাবার সন্ধান করছে, মাথা ঘুরিয়ে সে যেমন চারপাশে দেখে নেয়, আবার সঙ্গে-সঙ্গে এক চোখ দিয়ে একেবারে পায়ের কাছের ছোট বস্তুটিকেও ভালো করে দেখতে তার অসুবিধা হয় না। পাখির দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। তার চোখের মণির আয়তন মানুষের চোখের তুলনায় প্রায় ৮ গুণ বড়।

নিউজিল্যান্ডের আধা-অন্ধ কিউই পাখির জীবন তার ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে। গভীর জঙ্গলের বাসিন্দা নিশাচর এই পাখির নাক লম্বা ঠোঁটের মাথায়। নানা রকম কাদামাটি, ময়লা-আবর্জনা এবং ঘাসের মধ্যে ঠোঁট চালিয়ে গন্ধের সাহায্যে এরা কেঁচো ও অন্যান্য ছোট-ছোট কীট ধরে। চোখ নয়, নাকই তাদের খাদ্য সংগ্রহের প্রধান অঙ্গ।

কতক পাখির পক্ষে ঠোঁট স্পর্শানুভূতির সহায়ক। কাদাখোঁচা নামে একটি পাখি আছে, সে কাদার মধ্যে লম্বা ঠোঁট ডুবিয়ে কীট সন্ধান করে।

পাখিদের মধ্যে অনেক পাখি আছে মাংসাশী। শকুনের কথা আমরা জানি। যেখানে মরা গরু, যেখানে মড়ক সেখানেই শকুন এসে জড়ো হয়। তাছাড়া চিল, বাজ আর ঈগলের মতো মাংসাশী পাখিও আছে।

আকাশে যারা শিকার করে বেড়ায় তাদের বেশির ভাগের বেলাতেই দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি সাহায্য করে। কত উপরে তারা ডানা মেলে উড়ে বেড়ায়, কিন্তু অনেক নিচের শিকারও তাদের নজর এড়ায় না।

যত রকমের ঈগল পাখি দেখা যায়, তার মধ্যে সবচেয়ে বলার মতো ঈগল হলো স্বর্ণঈগল। নদীর পাড়ের জঙ্গলে-জঙ্গলে, পাহাড়ি অঞ্চলে এদের দেখা যায় বেশি। স্বর্ণঈগল নানা রকমের শিকার ধরে খায়। ছোট-ছোট ফড়িঙ এরা যেমন খেয়ে থাকে, তেমনি তিমির মাংসেও এদের অরুচি নেই। তবে সাধারণভাবে খরগোশ, ইঁদুর, নানা জাতের পাখি শিকার করতে এরা ভালোবাসে।

ডানা মেলে উড়বার সময় ঈগল যখন কোনো শিকার দেখে, মাথা নিচু করে সে খাড়া নিচে নেমে আসে খুব দ্রুত। শিকার কিছু বুঝবার আগেই ঈগল তাকে ধরে ফেলে। একটি গবেষণায় দেখা গেছে, ঈগলের দৃষ্টির জোর মানুষের চেয়ে প্রায় আট গুণ বেশি। তাই ১৬ হাজার ৪৪০ ফুট থেকেও সে তার শিকার দেখতে পায়।

এক ধরনের বাজপাখি আছে, ইংরেজিতে যাকে বলা হয় রেডহেডড মার্লিন। স্ত্রী এবং পুরুষভেদে এদের আলাদা-আলাদা নামও আছে। তুরমতি (স্ত্রী) ও চেতওয়া (পুরুষ)।

তুরমতি ও চেতওয়া জোড়ায় শিকার করে এবং শিকার খাবার ভাগাভাগি করে খায়। বিশিষ্ট পক্ষিতত্তবিদ ড. সালিম আলী পর-পর এক জোড়া তুরমতি-চেতওয়া গুলি করে মারার পর তাদের পাকস্থলিতে দেখেন, একজনের পেটে টটরাঙ্গির ডান পা, অন্য জনের পেটে বাম পা। অন্যান্য অংশের মাংসও সমানভাবে ভাগ করা।

শিকার ধরার জন্যে তুরমতি যাচ্ছে শালিকের পেছনে। সে তাকে মাটি ঘেঁষে অতি দ্রুত অনুসরণ করে চলেছে। আর চেতওয়া উপর দিয়ে উড়ে চলেছে। দুজনেই শালিকের পেছনে চলেছে ঘন-ঘন ডানা নেড়ে তীরের মতো সোজা। শিকার ঝোপের ভেতর আত্মগোপন করেছে। দু’জনের কেউই ছাড়বে না। চেতওয়া ঝোপের মধ্যে ঢুকে ছোট-বড় যে পাখিকে পাচ্ছে তাড়া করে বের করছে। দু’জনের একসঙ্গে শিকার এই একটি মজার সুবিধা।

পেঁচা যেন অনেকটা ডানা লাগানো বেড়ালের মতো। অন্ধকার রাতে যেমন বেড়ালের চোখ জ্বলে তেমনি পেঁচারও। চারদিকে প্রায় কিছু দেখা যাচ্ছে না এমন রাতে পেঁচা ঠিক ভালোভাবে নিজের শিকার ধরতে পারে। অন্ধকারে মানুষ ঠিক যতটা দেখে, পেঁচা তার চেয়ে প্রায় একশত গুণ বেশি দেখতে পায়। পেঁচার শ্রবণশক্তিও প্রখর। মাটিতে কোনো ইঁদুর ঘুরে বেড়ানোর সময় সামান্য শব্দও যদি হয়, সঙ্গে-সঙ্গে পেঁচার কানে তা ধরা পড়ে যায়। পেঁচার দুটো কান কিন্তু একই সঙ্গে শব্দটা শুনবে না। যে কানের দিক থেকে শব্দটা আসছে, সে কান শব্দটা আগে পাবে। খুব বেশি আগে শুনতে পাবে তা নয়। শোনার কথাও ওঠে না। কাছের কান শুনতে পাবে সেকেন্ডের সামান্য এক ভগ্নাংশ, মাত্র ৩০ হাজার ভাগের ১ ভাগ সময় আগে। কিন্তু এই সামান্য সময়ের হেরফের থেকেই পেঁচা বুঝে যায় কোন দিক থেকে শব্দটা আসছে। এবার তার চোখের খেলা।

নিশাচর আরেক পাখির নাম রাতচরা। এই পাখিগুলো আকারে অনেকটা ময়নার মতো। ধূসর, বাদামি ও লালচে-হলুদ নরম পালকে ঢাকা শরীর। তার উপর কালো-কালো ছোপ-ছোপ দাগ। এই পাঁচমিশালি রঙের জন্যে এরা সহজেই গা ঢাকা দিয়ে থাকতে পারে। সন্ধ্যার অন্ধকারে ওরা বাজপাখির মতো ছোঁ মেরে-মেরে উড়ন্ত পতঙ্গ ধরে খায়। কীটপতঙ্গ, প্রজাপতি, মথ ইত্যাদি ওদের প্রধান খাদ্য। প্রকাণ্ড বড় হা করে উড়ন্ত অবস্থাতেই ওই সব পতঙ্গকে ওরা মুখে পুরে ফেলে। এরা একেবারে নিঃশব্দে মথ-প্রজাপতির মতো উড়তে পারে। সবচেয়ে দ্রুত ওড়ে না বটে, কিন্তু শিকার ধরার জন্যে ওরা উড়তে-উড়তে বিদ্যুৎগতিতে মোড় ফিরতে পারে, বাঁক নিতে পারে উল্টোদিকে। শূন্যে ঘুরপাক খেতে পারে অথবা অবলীলাক্রমে ভেসে যেতে পারে যে কোনো দিকে।

পুকুরপাড়ের কোনো গাছে বা ছোটখাটো জলাশয়ের ধারে বাঁশ বা খুঁটির ডগায় মাছরাঙা এসে বসে মাছ ধরার আশায়। ওরা সব সময় মাথাটি ওপর-নিচে বা এদিক-ওদিক নাড়াতে থাকে। সেই সঙ্গে ছোট বেঁটে লেজটিতে এক একটা ঝাঁকুনি দিয়ে ক্লিক করে একটা চাপা আওয়াজ করে। এভাবে বসে-বসে ওরা সারাক্ষণ জলের দিকে তীক্ষ্ণ নজর রেখে দেখতে থাকে কখনও কোনো মাছ বা ব্যাঙাচি ভেসে উঠছে কিনা। শিকার দেখতে পেলেই ওরা ঠোঁট বাগিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে ডুব দেয়।

মুহূর্ত পরেই দেখা যায়, শিকারকে আড়াআড়িভাবে ঠোঁট চেপে ধরে আবার ভেসে উঠেছে। এই মাছরাঙা পাখিরা অনেক সময়েই জলের সামান্য উপরে ডানা মেলে ভেসে বেড়ায়। শিকার দেখলেই দর্শনীয়ভাবে ডুব দিয়ে শিকারকে তাড়া করে বিদ্যুৎ বেগে। এই সময় ওদের কণ্ঠে চিঁ-চিঁ-চিঁ-চিঁ ডাক শোনা যায়।

মাছরাঙা যখন শিকার ধরে তখন শরীরটাকে টান-টান করে। সে মুহূর্তের মধ্যে বাসা ছেড়ে জলের মধ্যে নেমে আসে। জলে ঠিক ঝাঁপানোর সময় ডানা বন্ধ থাকে। কিন্তু, জলের ভেতর আবার খুলে যায়। মাছরাঙা ঠোঁট খোলা রেখে শিকার ধরে। গাছের ডাল বা বাঁশের খুঁটি যদি জলের খুব কাছাকাছি থাকে তা হলে সমস্ত ব্যাপারটা ঘটে যায় চোখের পলক ফেলতে না ফেলতে। ছোট মাছ আর ব্যাঙাচি ছাড়াও এরা জলজ কীটপতঙ্গও খায়।

একটা ছোট মাপের বাজপাখি আছে। এদের নাম শিকরে বাজ। পঙ্গপাল, গিরগিটি, ব্যাঙ, ইঁদুর প্রভৃতি এদের খাদ্য। শিকারকে অতর্কিতে আক্রমণ করাই এদের রীতি। ঝাঁকড়া পাতাওয়ালা গাছের ডালে ওরা সতর্ক সন্ধানী দৃষ্টি মেলে বসে থাকে স্থির হয়ে। তারপর শিকারের দেখা পেলে আচমকা ঝাঁপিয়ে পড়ে। তীক্ষ্ণ বাঁকানো নখে শিকারকে গেঁথে তুলে নিয়ে আসে। ছাতারে, বটের, ঘুঘু প্রভৃতি ছোট-ছোট পাখিদেরও অনেক সময় এই শিকারি পাখিরা ওইভাবে অতর্কিতে আক্রমণ করে বা বিদ্যুৎবেগে তাড়া করে শিকার করে। হতভাগ্য শিকার এত হঠাৎ আক্রান্ত হয় যে, সাবধান হওয়ার বা আত্মরক্ষার বিন্দুমাত্র সময় পর্যন্ত পায় না।