২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেই বানাও টেলিফোন

তোমাদের অনেকেরই বাসায় নিশ্চয়ই টেলিফোন আছে। একটা টেলিফোনে বড় মানুষগুলো কতো কথাই না বলে! তোমাদেরও ইচ্ছে করে টেলিফোনে কথা বলতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 03:24 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

কিন্তু বড়রা সবসময় হয়তো টেলিফোন ধরতে দেয় না। আর বড়রা দিলেই বা কী? নিজে নিজে বানানোর একটা মজা আছে না? তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারবে নিজেদের টেলিফোন। কীভাবে? চলো আজকে শিখে ফেলি টেলিফোন বানানো।

টেলিফোন বানানোর জন্য খুব ভারী যন্ত্রপাতি দরকার নেই। তোমার দরকার হবে শক্ত কাগজ। ক্যালেন্ডারের কাগজ হলেও হয়। তবে কাগজের ডিসপোজেবল কাপ হলে আরও ভালো হবে। আর দরকার হবে আঠা, চিকন পেনসিল/সুঁই আর অনেক লম্বা ঘুড়ি ওড়ানোর সুতো। এ সুতোগুলো অন্য সব সুতো থেকে বেশ শক্ত হয়।

প্রথমে শক্ত কাগজ গোল করে পেঁচিয়ে চায়ের কাপের মতো কাপ বানিয়ে ফেল এবং আঠা দিয়ে লাগিয়ে ফেল। এরকম দুটো কাপ বানাতে হবে। এবার কাগজের ঐ কাপের তলার অংশে সুঁই দিয়ে ছোট্ট দুটো ফুটো করে ফেল। তারপর ঘুড়ি ওড়ানোর সুতোর এক প্রান্ত একটা কাপের তলার ফুটো দিয়ে এবং অপরপ্রান্ত আরেকটা কাপের তলার ফুটো দিয়ে ঢুকিয়ে দাও। এবার সুতো যাতে তলার ভিতরের দিকে আটকে থাকে, এই জন্য সুতোয় একটা গিঁট দিয়ে দাও অথবা কোনোভাবে কাপের তলার ভিতরের দিকে সুতোটা আটকে দাও। ব্যাস, তৈরি হয়ে গেল টেলিফোন।

বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে এবার তোমার বন্ধুটাকে একটা কাপ দিয়ে দূরে পাঠাও আর তুমি একটা কাপ ধরে থাক। কাপটা মুখের কাছে ধরে একজন কথা বল। ঠিকাছে ফিসফিস করেই বল। অথবা কাপটা এমনভাবে মুখে চেপে ধর যে শব্দ বাইরে না যায়। অপর প্রান্তের বন্ধুকে বল কাপে কান পেতে থাকতে। শোনা যাচ্ছে না? অবশ্যই শোনা যাবে!

এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, কীভাবে এত সহজে একটি টেলিফোন হয়ে গেল? ঠিকাছে তাও না হয় বলেই দেই। আমরা তো জানিই, শব্দ এক প্রকার শক্তি। তোমার কথার শব্দটা কাপের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে। সেই কম্পনটা কাপের নিচের সুতো দিয়ে প্রবাহিত হয়ে ওই পাশের কাপে পৌঁছায়। তাই শব্দ শোনা যায়। বাতাসের মধ্যে দিয়েও শব্দের কম্পন প্রবাহিত হয়। কিন্তু তারের বা সুতোর মধ্যে দিয়ে আরও সহজে প্রবাহিত হয়। এর কারণ হচ্ছে শব্দ সবচেয়ে বেশি প্রবাহিত হয় কঠিন মাধ্যমে। তারপর তরল মাধ্যমে। আর তারচেয়েও কম বায়ু মাধ্যমে। শূন্য মাধ্যমে শব্দ প্রবাহিত হতে পারে না। এখানে বায়ু মাধ্যমে কথা না শোনা গেলেও বায়ুর চেয়ে বেশ শক্তিশালী কঠিন মাধ্যম হিসাবে সুতোটি ছিল। টেলিফোনেও ঠিক এই কাজটিই করা হয়। শুধু শব্দ শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তারপর তারের মধ্যে দিয়ে আরেকজনের কাছে পাঠানো হয়।

তো আর বসে থেকে কী হবে? চটজলদি বানিয়ে ফেল নিজেদের টেলিফোন আর চমকে দাও সবাইকে।