বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান
লেখক: মাশুদুল হক প্রকাশনা: আলেকজান্দ্রিয়া প্রকাশনী প্রচ্ছদসহ ভেতরের ছবি এঁকেছেন শিল্পী আসিফুর রহমান। মূল্য: ২০০ টাকা
‘রাজার ছেলে বিলু বসেছিল প্রাসাদের দাওয়ায়। তাই দেখে রাজা রেগে মেগে দিলেন হুঙ্কার।
পাইক পেয়াদা, বরকন্দাজ কে আছিস? বাঁদরটাকে ধরে নিয়ে আয়!
তাই শুনে, পাইক পেয়াদারা লাঠি-সোঠা, তীর-ধনুক, বর্শা আর হাতের কাছে যা ছিল তাই নিয়ে ছুটল।
রাজপ্রাসাদে বাঁদর, দেখ দেখি কাণ্ড!
কিন্তু কোথাও বাঁদরটাকে দেখতে না পেয়ে শেষমেষ একদল বনের দিকে রওনা দিল বাঁদর ধরতে। আর একদল গেল চিড়িয়াখানার কর্তাকে ধরে আনতে।’
এই দিয়েই শুরু হয়েছিল বিলু কালু আর গিলুর অভিযানের গল্প।
দুই পাখাওয়ালা প্রাণী-- নাম পক্ষীরাজ। এটাকে ঘোড়ার পিঠে জুড়ে দিলেই হয়ে যায় পক্ষীরাজ ঘোড়া! প্রয়োজনবোধে হাতির সঙ্গেও জুড়ে দেওয়া যেতে পারে! নদীর নাম ‘তের’। কারণ তেরনদীর নিচে জন্মে জলজ কাঁকুড়, তার ফলের দৈর্ঘ্য বার হাত হলে, বীজ হয় তের হাত! চীন বাদ দিয়ে আর সব অচেনা রাজ্যেরই সাধারণ নাম হল ‘অচিনপুর’, তা সে রাজ্যের নাম হোক কনকপুর, সুবর্ণপুর কিংবা মণিমালা! এমনই মজা করে লেখা হয়েছে ‘বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান’।
ও আচ্ছা! বিলু কে, এ কথা তো বলাই হয়নি! বিলু হল, কনকপুরের রাজকুমার। কিন্তু রাজকুমারসুলভ কোনো ভাবভঙ্গিই নেই ওর মধ্যে। সে পা ছড়িয়ে মাটিতে বসে থাকে, সহিসপুত্র কালুর সঙ্গে দিনরাত ঘুরে বেড়ায়, দাঁতহীন বাচ্চাহাতি গিলুকে আদর করে। গিলুও খুব মজার হাতি। কথায় কথায় সে গাল ফুলিয়ে অন্য দিকে হাঁটা দেওয়া শুরু করে। অন্য সব দেশে কী হয়? জল্লাদরা হাসতে হাসতে ঘ্যাচাং করে যার তার গর্দান কেটে দেয় না? কিন্তু বিলুদের রাজ্যে এসবের বালাই নেই। বিলুদের রাজ্যের জল্লাদের নাম সোলেমান। সে বিখ্যাত মজার মজার গল্প বলার জন্য। সেইসব গল্প আবার বিলুর খুবই প্রিয়। বিলু তো বিলু কারাগারের লোকজনও সেই গল্পের জন্য পাগল। ফলে যা হবার তাই হয়! রাজকর্ম সব শিকেয় উঠে বসে আছে। তাই দেখে রাজামশাই রেগে-মেগে আগুন। বিলু অন্য রাজকুমারদের মতো না হলে কী হবে? বিলুর বাবা ঠিকই অন্য রাজাদের মতো। কথায় কথায় এর ওর গর্দান কাটার নির্দেশ দেন তিনি। কিন্ত যেহেতু সোলেমান জল্লাদ সেই নির্দেশ না মেনে শুধু গল্প শুনিয়ে বেড়ায়। তাই রাজা নির্দেশ দিলেন, কাট আগে সোলেমানের গর্দানটাই! যেই কথা সেই কাজ, লোক লেগে গেল সোলেমানের খোঁজে। সেই কথা না শুনে সোলেমান একদম রাজ্য ছাড়া হয়ে গেল।
সোলেমানকে খুঁজতে বিলুও রওনা দেয়। তার সঙ্গে দেয় যোগ দেয় কালু আর গিলুও। বন্দি রাজকুমার গুরুৎও পালিয়ে এসে জুটে যায় তাদের দলে। বীর গুরুৎ-এর সাথে ওরা ঘুরতে থাকে মণিমালা রাজ্যে, মায়াবনের গভীরে; ওরা বন্দি হয় কাঁচরাজ্যে, ভালমানুষদের রাজ্য কুঞ্জপুরের ভালবাসা পায়, চড়ে ভয়ানক নীলগিরি পাহাড়ের চূড়ায়। গুরুৎ কাউকে ভয় করে না, কুড়াল সঙ্গে থাকলে ও যে কাউকে হারিয়ে দিতে পারে।
‘বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান’-- নিঃসন্দেহে একটি চমৎকার রূপকথার বই। বইটা ভালো লাগার আরও একটি কারণ হল, আমরা ছোটবেলা থেকে যেসব রূপকথা শুনে বড় হয়েছি সেগুলো নিয়ে মাশুদুল হক খুব সুন্দর ভাবে ভেবেছেন এবং এগুলোর যথার্থ ব্যবহারও করেছেন । কিছু যায়গায় এত্ত সুন্দরভাবে জিনিসগুলো মিলে গিয়েছে যে তুমি গালে হাত দিয়ে ভাবতে বসবে- ‘আচ্ছা এটা তাহলে এখান থেকে এসেছে!’
রূপকথার বই বলে যে বইটা শুধু ছোট বাচ্চাদের জন্যেই, তা নয় মোটেও! এটা পড়ে ভালো লাগবে না, এমন কাউকে পাওয়াই যাবে না। সব বয়সী পাঠকদের আগ্রহই শুরু থেকে শেষ পর্যন্ত বজায় থাকবে! আর চরিত্রগুলো এত জীবন্ত আর সাবলীল যে না ভালো লেগে পার পাওয়া যাবে না; কোনো অতিরিক্ত চরিত্র নেই, সবারই যে সমান গুরুত্ব আছে তা বই শেষে বোঝা যাবে। ওদের দিনগুলো এমন এক উত্তেজনা আর ভালো লাগায় কাটে যে বাকি জীবনে চাইলেও আর ভুলতে পারবে না বিলু, কালু আর গিলুকে।
