চোখের মাঝেও কৃমি!
সেই ছোটবেলা থেকেই আমাদের আম্মুরা আমাদের বলেন খালি পায়ে না থাকতে। এতে নাকি পেটে কৃমি হয়।
বছর বছর আবার আমাদের কৃমির ওষুধও খাওয়ান কৃমি থেকে দূরে রাখতে। কিন্তু কৃমি কি শুধু পেটেই হয়? উঁহু, কৃমি যে চোখেও হতে পারে, তা কি তুমি জানো? অবাক হচ্ছো, তাই না? আজকে তোমাদের সেই অদ্ভুত কিন্তু ভয়ংকর কৃমির গল্প বলব।
আমরা সবসময়ই শুনে থাকি মশার কথা। বিভিন্ন মশার কামড়ে ছড়ায় এমন নানা রোগ, যেমন ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার কথা তো আমাদের সবার জানা । মাছির কামড়েও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হতে পারে, সে কি আমরা জানি? সত্যি সত্যি কিছু রোগ আছে, যা কিনা মাছির কামড়ে হয়! তবে ভয় পেও না। আমাদের দেশে মাছির কামড়ে হয় এমন রোগ বেশ কম।
আফ্রিকান অঞ্চলে ডিয়ার ফ্লাই নামে এক ধরনের হলুদ মাছি পাওয়া যায়। আর এই মাছির কামড়ে লোয়াসিস নামে একটি রোগ হয়, যা বেশ ভয়ঙ্কর! মশার মতোই এ প্রজাতির স্ত্রী মাছি মূলত রক্ত খেয়ে বাঁচে। অপরদিকে পুরুষ মাছি ফুলের রেণু খেয়ে থাকে। এই রোগের জীবাণুর লার্ভা (কম বয়সী জীবাণু যা পূর্ণাঙ্গ জীবাণু থেকে গঠনগত দিক হতে ভিন্ন) বহনকারী স্ত্রী মাছির কামড়েই মূলত লোয়াসিস রোগ হয়ে থাকে। এই রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম Loa loa ।
আমাদের শরীরে এই জীবাণুর জন্য সাধারণত ব্যাথা হয় না। তবে শরীরের কিছু কিছু জায়গা লাল হয়ে ফুলে যেতে পারে। এ রোগে সবচেয়ে ভয়ের ব্যাপার হল, এই মাইক্রোফাইলেরিয়াগুলো চোখের সাদা অংশে অর্থাৎ কনজাংটিভাতে প্রবেশ করতে পারে। চোখের এই সাদা অংশে এই মাইক্রোফাইলেরিয়ার অবস্থান খালি চোখেই দেখা যায়। আর এটাকেই বলা হয়ে থাকে, চোখের কৃমি!
