ভূততাড়ুয়া
লোকটি নাকি ভূততাড়ুয়া
দশটা আবার পালা,
বিশাল কালো জোব্বা গায়ে
গলায় হাড়ের মালা।
পাঁচটি ভূত ঝোলায় থাকে
তিনটে পকেট ডানে ,
দুটির আবাস বাম পকেটে
বলছি কানে কানে।
কেউ কি চেনো ভূতের বাড়ি?
দিয়েছ কি হাজির?
কিন্তু সেই ভূততাড়ুয়া
পা-ঝাড়া এক পাজির।
খবর পেলেই ছুটে আসে
জোব্বা পরে গায়ে,
ভিরমি খাবে, মূর্ছা যাবে
ভূতের বাবা-মায়ে।
