খাঁচার পাখি
আজ শুক্রবার। সকাল থেকেই বাসায় রমরমা আয়োজন। মা অনেক কিছু রাঁধছে। আপুও এটা ওটা করছে। ভাইয়া বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে। রাতুল ওকে সাহায্য করছে।
এত আয়োজনের কারণ-- রাতুলের আজ জন্মদিন। রাতুল বাসার সবার ছোট। ওর জন্মদিনেই শুধু বাসায় ঘটা করে অনুষ্ঠান হয়।
‘দেখে যাও রাতুল, বাবা তোমার জন্য কী এনেছে’ আপুর চিৎকারে সবাই দরজার কাছে দৌড়ে গেল।
বাবা হাসিমুখে একটা খাঁচা হাতে দাঁড়িয়ে আছেন। খাঁচার ভিতর একটা সবুজ টিয়া পাখি। লাল টুকটুক ঠোঁট।
‘রাতুলের জন্য বাবার উপহার’ বলেই বাবা রাতুলের গালটা টিপে দিলেন।
বিকেল শুরু হতেই এক এক করে মেহমান আসতে শুরু করল। সবার হাতে উপহার।
কেক কাটার সময় হয়ে এল।
কিন্তু রাতুল কোথায়? ‘রাতুল , রাতুল... ...’ আপুর জোর গলা।
রাতুলকে পাওয়া গেল বারান্দায়। গোমড়া মুখে বসে আছে। খুব মন খারাপ করে ও ঘরে এল।
কেক কাটা হল, ছবি তোলা হল। খাওয়া দাওয়া হল। এক এক করে সব মেহমান চলেও গেল।
তারপর গিফটবক্সগুলো খোলা হল। কিন্তু রাতুলের মনটা তো বারান্দায় পড়ে আছে।
রাত বাড়তে সবাই যার যার ঘরে চলে গেল। রাতুল এবার পা টিপে টিপে চলে গেল বারান্দায়।
'' মায়ের কোলে শিশু ঘুমায়, বনে ভালুক হাতি
পাখি কেন থাকবে খাঁচায় আকাশ যার সাথী ''
মনে মনে এই বলে খাঁচার দরজা খুলে দিল। পাখিটা প্রথমে হকচকিয়ে গেল, তারপর ফুরুৎ ... ... ... ... ...!
সকালে মা-ই প্রথম চেঁচালেন, ‘পাখিটা নেই।’ বাবা ও আপু একসঙ্গে বলে উঠলেন, ‘নিশ্চয়ই দরজাটা ভালোভাবে লাগান হয় নাই।’ কিন্তু এ বাড়ির সবচাইতে বুদ্ধিমান সদস্য ভাইয়া রাতুলের কারসাজি ধরে ফেলল।
সবাই একসঙ্গে রাতুলের দিকে তাকাল। রাতুল চুপ করে আছে। তারপর জোর গলায় বলল, ‘তোমাদের যদি খাঁচায় বন্দী করে রাখা হয় তবে কি তোমাদের ভালো লাগবে?’
সবাই অবাক! মা রাতুলকে জড়িয়ে ধরল। আপু গাল টিপে দিল। ভাইয়া দিল মাথায় গাট্টা।
বাবা বললেন, ‘এটা হল জন্মদিনে রাতুলের সবচেয়ে বড় উপহার।’
‘কী রকম?’ সবাই একসঙ্গে বলে উঠল।
‘এই যে খাঁচার মুক্ত পাখি, এর থেকে বড় উপহার আর কি হতে পারে।’ সবাই একসঙ্গে হেসে উঠল।
রাতুল জোরে জোরে আবৃত্তি করল,
“মায়ের কোলে শিশু ঘুমায়, বনে ভালুক হাতি
পাখি কেন থাকবে খাঁচায় আকাশ যার সাথী।”
