২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোকস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শিশির মাহমুদ, হোসাইন মার্কেট, উত্তর বাড্ডা, ঢাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 02:55 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

উচিত জবাব

একদিন বাজারে কলার সাঙ্গে লেবুর দেখা হল। কলা যে কী দুষ্টু, তা তো জানোই। লেবুকে দেখেই ওর মাথায় দুষ্টুবুদ্ধি আসল। ডাক দিল লেবুকে-- কী রে লেবু, কেমন আছিস?

- এই তো কলা ভায়া, ভালো। তুমি ভালো আছ তো?

- হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা লেবু, শুনলাম, মানুষ নাকি তোকে চিপেচুপে নিয়ে তারপর খায়?

বলেই দুষ্টু কলার সে কী হাসি! লেবুর তো প্রথমে খুবই মন খারাপ হল। একটু পর ও-ও দিল একদম পাল্টা জবাব-- তা তো খায়-ই। কিন্তু তোমার যে গল্প শুনলাম, সে তো আরও খারাপ। তোমাকে নাকি ন্যাংটো করে তারপর খায়!

সংগ্রহে : মোঃ ইমাম হোসেন শুভ, চৌদ্দগ্রাম, কুমিল্লা

চুলকানি

একবার আবদুল গেল এক জ্যোতিষীর কাছে, ওর নাকি ডানহাত চুলকায়। শুনে জ্যোতিষী বললেন- এ তো খুবই ভালো লক্ষণ। শিগগিরই তুমি অনেক টাকা উপার্জন করতে যাচ্ছো। শুনে তো আবদুল বেশ খুশি। সঙ্গে সঙ্গে বামহাত বাড়িয়ে দিয়ে বলল, আমার বামহাতও চুলকায়।

তখন জ্যোতিষী বলল, তার মানে আরও ভাল। তোমার আয় আরও বেশি হবে। এবার আবদুল আরও খুশি হয়ে বলল, আমার ডান পা-ও চুলকায়। জ্যোতিষি এবারও বলল, মানে তোমার রোজগার হবে আরও বেশি।

আবদুল কিন্তু তারপরও থামলো না। ওর বাম পা দেখিয়ে বলল, আমার বাম পা-ও চুলকায়। এবার জ্যোতিষী বুঝলো ব্যাপারটা! চিৎকার করে বলল, আরে বোকা, তোমার চুলকানি হয়েছে, বোঝো না? যাও, ডাক্তারের কাছে যাও!

সংগ্রহে : পার্থ প্রতীম, উকিলপাড়া, নওগাঁ

টিভি নিল না কেন?

ফাহিম সাহেবের ঘরের সবকিছু চুরি হয়ে গেছে। এমনকি ফ্রিজ-খাট-ডাইনিং টেবিল সব চোরেরা তুলে নিয়ে গেছে। তাই শুনে তো থানার ওসি নিজেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ফাহিম সাহেবের বাসায়। এসে দেখেন, ফাহিম সাহেব একটা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছেন, আর ঠিক সামনেই তার টিভিটা রাখা। দেখে তো ওসি সাহেবের আক্কেল গুড়ুম! এ কেমন ধরনের চোর রে বাবা! বাসার তাবৎ জিনিস নিয়ে গেল, খালি টিভিটাই নিল না। টিভিটা নষ্ট নাকি? আর নষ্ট হলেই সেই চোর বুঝবেই বা কী করে? তো ওসি, ফাহিম সাহেবকে আর জিজ্ঞেস না করলে পারলেন না, ‘ব্যাপার কী বলুন তো? চোর ব্যাটা আর সবই নিল, কেবল টিভিটাই নিল না? টিভিটার কোনো রহস্য আছে নাকি?’

শুনে বিরস মুখে ফাহিম সাহেব বললেন, ‘টিভি নিবে কী করে? যখন চোর ব্যাটা চুরি করছিল, তখন তো আমি নিজেই টিভি দেখছিলাম!’

সংগ্রহে : নূর উদ্দীন রানা, পূর্ব কাজীরবাগ, ফেনী

স্কুলের ভালো নাম!

একদিন নাবিল রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পাড়ার এক বুড়ো চাচা তাকে ডেকে জিজ্ঞেস করলেন, খোকা, তোমাকে তো প্রতিদিনই দেখি এই রাস্তা দিয়ে যাওয়া-আসা কর, কিন্তু তোমার নামটা কোনোদিন জানা হয়নি। তা তোমার নামটা কী?

- জ্বি নাবিল।

- আহা, ডাক নাম নয়, ওই স্কুলের ভাল নাম আরকি।

- ও, স্কুলের নাম! যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়।

সংগ্রহে : শিশির মাহমুদ, হোসাইন মার্কেট, উত্তর বাড্ডা, ঢাকা।