তিনি এসেছেন আমাদের মাঝে
আকাশ বলছে, তিনি আসছেন; বাতাস বলছে, তা-ই!
পাখিরা বলছে, তিনি আসছেন-- চলো না সেখানে যাই।
সূর্য বলছে, আমিও দেখব; মেঘও রাখে তা ভেবে--
তিনি আসছেন তাই তো সকলে অভিনন্দন দেবে।
তিনি আসছেন-- গাছের পাতারা গাছের ফুলেরা হাসে
তিনি আসছেন-- নদীতে খুশিতে পাল তোলা নাও ভাসে।
তিনি আসছেন-- তাই সমুদ্র ঢেউ তোলে রংমাখা
তিনি আসছেন-- রংধনু তাই ছড়িয়ে দিয়েছে পাখা।
তিনি আসছেন-- তাই ঈশ্বর নতুন পৃথিবী আঁকে
পৃথিবীর যত সৃষ্টিরা এসে শুভেচ্ছা দেয় তাকে।
তিনি এসেছেন আমাদের মাঝে, তিনি আসবেন আরও
তার আগমনে এই পৃথিবীর রং হবে আরও গাঢ়।
