পিঁপড়ে
ক্লাস সেভেনের ক্লাসটিচার জাহিদ হাসান সাহেব শ্রেণীকক্ষে ঢুকে জিজ্ঞেস করলেন, সবাই হাজির? সবাই সমস্বরে জবাব দিল, হাজির স্যার!
গুড! আজ তোমাদের পুচকে এক প্রাণীর গল্প শোনাব। কেউ কি বলতে পার, ওই প্রাণীটার কী নাম?
কয়েক জন একসঙ্গে বলল, মাকড়সা স্যার!
অন্যদের মধ্য থেকে কয়েক জন বলল, না না, মশা স্যার!
একজন বলল, উকুন!
স্যার বললেন, হচ্ছে না। তবে কাছাকাছি যাচ্ছে। আরেকটু ভেবে বল।
এক মেয়ে বলল, চিনিখেকো পিঁপড়ে!
ভেরি গুড! কে বলল কথাটা?
সুমি দাঁড়িয়ে বলল, আমি স্যার।
উত্তর ঠিক হয়েছে। তবে চিনিখেকো বললে কেন?
চিনির গন্ধ পেলেই ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে চলে আসে স্যার। চিনি রাখাই যায় না পিঁপড়ের জন্য। পৃথিবীতে পিঁপড়ের কোনোই দরকার নেই। ওদের বংশসহ মেরে ফেলা দরকার স্যার।
চিনি রক্ষা করার জন্য?
জ্বী, স্যার।
ভুল ধারণা তোমাদের। পিঁপড়ে কখনও চিনি খায় না।
বিস্মিত সবাই প্রায় একসঙ্গে বলল, কী বলছেন স্যার!
আমি ঠিক কথাই বলছি। পিঁপড়ে এক ধরনের ছত্রাক খায়, যা ওরা নিজেরাই চাষ করে উৎপাদন করে। আর গন্ধ শুকে ওরা শুধু চিনির কাছে যায়; খায় না। তোমাদের পিঁপড়ে সম্পর্কে অবাক করার মতো দুটো গল্প শোনাবো। সুমি বসো।
সুমি বসল।
জাহিদ হাসান সাহেব গল্প বলতে লাগলেন। প্রথম গল্পটা এই রকম--
পিঁপড়েরা গাছের পাতা জড়ো করে বাসা বানানোর সময় খুবই পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, বাসা বানানোর কৌশল। ওরা অবাক করার মতো প্রকৌশলগত প্রক্রিয়া প্রয়োগ করে বাসা বানানোর সময়।
পিঁপড়েগুলো বাসা বানানোর জন্য ঘন পাতাসমৃদ্ধ ডাল বেছে নেয়। বাসার আয়তনের ওপর ভিত্তি করে পাতার সংখ্যা বেছে নেয় ওরা। পাতা বেছে নেওয়ার পর দুই দলে ভাগ হয়ে যায়। একদল ভেতরের দিকে আর আরেক দল বাইরের দিকে কাজ করে। এরপর ওরা পাতাগুলোর প্রান্ত কাছাকাছি আনতে থাকে। সবশেষে চলে প্রান্ত সেলাইয়ের কাজ। বলতে পার, কীভাবে পাতার প্রান্ত সেলাই করে পিঁপড়েগুলো?
সবাই একসঙ্গে জবাব দিল, লালা দিয়ে।
গুড! তবে পিঁপড়ের লালা দিয়ে নয়; লার্ভার লালা দিয়ে। সেলাইয়ের পদ্ধতিটাও অবাক করার মতো। বাইরের পিঁপড়েগুলো লার্ভা মুখে নিয়ে দুই পাতার প্রান্ত যেখানে মিশেছে সেখানে আড়াআাড়িভাবে ঘষতে থাকে। লার্ভার মুখ থেকে বের হওয়া সুতো জাতীয় পদার্থ দিয়ে পাতার প্রান্ত সেলাই হতে থাকে। এখানেই ত্যাগের ব্যাপারটা ঘটে। লার্ভাগুলো অজান্তেই এই ত্যাগ স্বীকার করে থাকে। ওদের লালা দিয়ে বাসা সেলাই করায় ওরা স্বাভাবিকভাবে বাড়তে পারে না। তাই বলে পিঁপড়েরা কিন্তু ওদের ফেলে দেয় না বা মেরে ফেলে না। ওরা আজীবন ওদের লালনপালন করে থাকে। তোমাদের কেমন লাগল প্রথম গল্পটা?
সবাই বলল, খুব ভালো স্যার।
জাহিদ হাসান সাহেব জিজ্ঞেস করলেন, তোমরা কি কখনও দেখেছ পিঁপড়ের বাসা?
ওরা এবারও একসঙ্গে বলল, না স্যার।
স্যার বললেন, কিভাবে দেখবে! ঢাকায় কি গাছ আছে নাকি যে পিঁপড়ে বাসা বাঁধবে! এবার শিক্ষাসফরে তোমাদের মধুপুর গড়ে নিয়ে যাব। বৈচিত্রময় জঙ্গল ওটা। বিভিন্ন ধরণের গাছের সমাহার ওই জঙ্গল। ওখানে তোমাদের পিঁপড়ের বাসা দেখাব।
রকিব দাঁড়িয়ে জিজ্ঞেস করল, পিঁপড়ের বাসা তৈরিতে প্রকৌশলের কথা বলেছিলেন স্যার। কিন্তু কোথায় প্রকৌশলগত কাজ করে তা বলেননি স্যার।
জাহিদ হাসান সাহেব হাসিমুখে বললেন, বলিনি বুঝি! বাসা তৈরির সময় ওরা লার্ভার লালা দিয়ে যে কাজটা করে সেটাই প্রকৌশলগত কাজ। পাতার প্রান্তসমূহ সেলাই করাটা তুমি আমি পারব না। খুব ভেবেচিন্তে ওরা এই পদ্ধতিটা বের করেছে এবং খুবই সুক্ষ্ণভাবে ওরা কাজটা করে থাকে। কোনো ফাঁক থাকে না সেলাইয়ে। প্রচণ্ড ঝড়ে পুরো বাসা ভেঙে পড়লেও সেলাই খুলে যায় না কখনও। এর প্রধান কারণ হল, ওরা কখনও কাজে ফাঁকি দেয় না। ওরা খাওয়ার সময়ও একে অপরকে ভাগ দেয়। আর তোমরা ত জানোই, পিপড়ে নিজ ওজনের কয়েকগুণ বেশি ওজনের বোঝা অনায়াসে বহন করতে পারে।
জ্বি স্যার।
জাহিদ হাসান সাহেব বললেন, এবার দ্বিতীয় গল্পটা বলি শোন। পিঁপড়ে নিজেরাই চাষাবাদ করে খাদ্য উৎপাদন করে থাকে।
ঝুমা বিশ্বাস করতে না পেরে দাঁড়িয়ে বলল, কী বলছেন স্যার! পিঁপড়ে চাষাবাদ করবে কিভাবে? ওরা লাঙ্গল পাবে কোথায়?
রকিব বলল, চাষ করতে জমি লাগে, নিড়ানি দিতে হয়।
স্যার একবার হেসে দিয়ে বললেন, তোমাদের প্রশ্নগুলো ঠিক আছে। তবে চাষ করতে সবসময় জমি, লাঙ্গল লাগে না। নিড়ানিও লাগে না। ওরা চাষাবাদের সময় দলবেঁধে গাছের পাতা ছোট ছোট করে কেটে বাসায় নিয়ে আসে। পাতার টুকরোগুলোকে পাশাপাশি সাজিয়ে রাখে। আর আনে এক ধরণের ছত্রাকের বীজ। এই বীজগুলো ওই পাতার ওপর ফেলে রাখে। কিছুদিন পর ওই বীজ থেকে ছত্রাকের জন্ম নেয়। ছত্রাকগুলো বড় হলে পিঁপড়েগুলো খেতে শুরু করে। পিঁপড়ে কখনও একা বা কাউকে বঞ্চিত করে খাদ্য খায় না। যারা অসুস্থ থাকে বা খাদ্য গ্রহণে অক্ষম থাকে, ওদেরও খাদ্যের ভাগ দিয়ে থাকে। ছত্রাক খাওয়া শেষ হলে বাসা পরিস্কারে লেগে যায়। পাতার টুকরো এবং ছত্রাকের অবশিষ্টাংশ বাসার বাইরে এনে ফেলে দেয়।
জাহিদ হাসান সাহেব সবাইকে একবার দেখে জিজ্ঞেস করলেন, গল্প দুটো কেমন লাগল তোমাদের কাছে?
ঝুমা বলল, খুবই আশ্চর্য লাগল স্যার।
আশ্চর্য লাগার মতোই গল্প দুটো। তবে গল্প দুটো সত্য এবং এ গল্প থেকে আমাদের বেশ কিছু শেখার মতো বিষয় আছে। কী শেখার আছে বলতে পার তোমরা?
রাজিব দাঁড়িয়ে বলল, পিঁপড়ে খুব পরিশ্রমী।
গুড! তুমি বস। আরেকজন আরেকটা বল।
ঝুমা বলল, ওরা দলবদ্ধভাবে কাজ করে এবং সবসময় একে অপরকে সাহায্য করে।
ভেরি গুড! আর কেউ কিছু বলবে?
রকিব বলল, আর কিছু খুঁজে পাচ্ছি না স্যার।
ওরা চাষাবাদ করে নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। আজ এ পর্যন্তই থাক। আরেকদিন অন্য একটি গল্প বলা যাবে।
