২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের সূর্য আমাদের রবি

আজ বিশ্বকবির মৃত্যু দিবস। এই বিশাল মাপের মানুষটি সম্পর্কে জানানোর জন্যই তোমাদের এখানে ডাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 03:42 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস

আমার প্রাণে বাজায় বাঁশি।

এ হল আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন। ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম দশ লাইনকে নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত। জানো তো পুরো গানটা? না জানলে কাউকে আবার বলতে যেও না। এখনই শিখে নাও। জাতীয় সঙ্গীত না জানা কিন্তু মহা অন্যায়ের কথা!

আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন, বলতে পারবে? যিনি লিখেছেন, তাঁর অনেকগুলো উপাধির একটি হল, ‘বিশ্বকবি’। তিনিই কিন্তু বিশ্বের একমাত্র মানুষ, যিনি পৃথিবীর দুইটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত তো জানলে। আরেকটা হল ভারতের জাতীয় সঙ্গীত — জন গণ মন জয় হে… … … ভারত ভাগ্য বিধাতা।

আজ এই বিশ্বকবির মৃত্যু দিবস। তিনি যে শুধু জাতীয় সঙ্গীত রচনা করেই বিখ্যা্ত হয়েছেন, তা কিন্তু নয়। তিনি লিখেছেন অসংখ্য ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান…। বড়দের জন্য যেমন লিখেছেন, তেমনি লিখেছেন ছোটদের জন্যও।

সমাজ সংস্কারক আর শিক্ষানুরাগীও ছিলেন তিনি।আর সেজন্যই তো তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি। বাঙালিদের মধ্যে তিনিই কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। শুধু বাঙালিদের মধ্যেই নয়, পুরো এশিয়ার মধ্যেই প্রথম নোবেল জয়ী মানুষ তিনি। এই বিশাল মাপের মানুষটি সম্পর্কে জানানোর জন্যই তোমাদের আজ এখানে ডাকা।

১৮৬১ সালের ৭ মে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী। ১৩ ভাইবোনের মাঝে তিনি ছিলেন সবার ছোট। সাহিত্যের প্রতি তাঁর ঝোঁকটা ছিল ছোটবেলা থেকেই। আর তাই ১২ বছর বয়সেই তিনি পৃথিবীর জীবনী, গল্প, কবিতা পড়ে ফেলেন। আর সংস্কৃত ভাষার প্রতিও তাঁর অসামান্য ঝোঁক ছিল। কালিদাস পণ্ডিতের লেখা কবিতাগুলো তিনি পড়ে ফেলেছিলেন তোমাদের মতো বয়সেই।

১৮৭৭ সালে তিনি মৈথিলি ধারায় প্রথম কবিতা লেখেন। ‘ভিখারিনি’ নামের যে গল্পটি লেখেন, সেটিও এই সময়েই লেখা। ভালো কথা, এটাই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। ১৮৮২ সালে তিনি লিখেন ‘সন্ধ্যা সঙ্গীত’ ও ‘নির্ঝরের স্বপ্নভগ্ন’। এই ‘নির্ঝরের স্বপ্নভগ্ন’ কবিতাটিই তাঁকে ‘কবি’ হিসেবে ব্যাপক খ্যাতি আর পরিচিতি এনে দেয়। সকলের প্রশংসা পান তিনি এর মাধ্যমে।

১৮৮৬ সালে মৃণালিনী দেবীকে বিয়ে করেন রবি ঠাকুর। ১৮৯০ এ, পারিবারিক জমিদারি দেখভালের জন্য তিনি চলে আসেন আমাদের কুষ্টিয়া জেলার শিলাইদহে। শিলাইদহে তোমরা কি কখনও গিয়েছ? না গেলে অবশ্যই ঘুরে এসো সামনের কোনো এক ছুটিতে। রবি ঠাকুরের অনেক স্মৃতিই সংরক্ষিত আছে। যেমন আছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। সেখানে আরেকটি কুঠিবাড়ি আছে তাঁর।

জমিদারি দেখতে গিয়ে তাঁকে কিন্তু প্রজাদের সুখ-দুখের কথা শুনতে হত। সাধারণ গ্রামবাসীর অবস্থা দেখতে হত। এই করতে করতে ১৮৯১ থেকে ১৮৯৫ সালের মধ্যে তিনি অসাধারণ কিছু লেখা লিখে ফেলেন। ‘গল্পগুচ্ছ’ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯০১ সালে শান্তিনিকেতনে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯০৫ সারে তাঁর বাবা মারা যাওয়ার পর ঠাকুর পরিবারের বিশাল জমিদারির উত্তরাধিকারী হন তিনি এবং আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায়, সাহিত্যে পুরোপুরি মনযোগ ঢেলে দেন। এই সময়ে তাঁর কয়েকটি বিখ্যাত রচনা হল—মানসী (১৯০৯), গীতাঞ্জলি (১৯১০), গীতিমালা (১৯১৪)। এছাড়াও আরও অসংখ্য কবিতা, গল্প, গান, ইংরেজি কবিতা, নাটক প্রভৃতি রচনা করেন তিনি। এগুলোর মধ্যে গীতাঞ্জলিই সবচেয়ে বিখ্যাত। আর জানো তো, এই গীতাঞ্জলির জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

শুধু নোবেলই নয়। ইংরেজ সরকার ১৯১৫ সালে তাঁকে নাইট উপাধিতে ভূষিত করে। তবে ১৯১৯ সালে নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ করে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আটটি উপন্যাস লিখেছেন। এর মধ্যে ঘরে-বাইরে, শেষের কবিতা, ডাকঘর আর যোগাযোগ হল সবচেয়ে উল্লেখযোগ্য। এর বাইরে তো অসংখ্য কবিতা, গল্প, গান, প্রবন্ধ লিখেছেনই। এর বাইরে সাহিত্য সমালোচনা আর ধর্ম, দর্শন, সমাজ নিয়েও আছে তার বেশ কিছু লেখা। তাঁর লেখা নিছক লেখাই নয়, তা যেন বাঙালি সমাজেরই ছবি।

এবার আরও একটি উল্লেখযোগ্য ব্যাপার বলি। এতক্ষণ তো তাঁর সাহিত্য প্রতিভা নিয়ে কথা হচ্ছিল। এবার তাঁর আঁকাআঁকির প্রতিভা সম্পর্কে জেনে নাও।৭০ বছর বয়সে তিনি সারা বিশ্বে একজন চিত্রকর হিসেবে সুপরিচতি হয়ে ওঠেন। ফ্রান্সের প্যারিসে তাঁর একক চিত্র প্রদর্শনীও হয়েছিল এসময়।

রবি ঠাকুর ছিলেন একজন কর্মবীর। সারাজীবন তিনি কাজের পিছনে ছুটে বেড়িয়েছেন। আর তাঁর কাজ দিয়েই তিনি জয় করে নিয়েছেন সারাবিশ্বের অসংখ্য মানুষের হৃদয়। কাজের চাপে ১৯৩৭ সালে রবি ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়েন এবং প্রথমবারের মতো সংজ্ঞাহীন হন। ১৯৪০ সালে তাঁর অসুস্থতার মাত্রা অনেক বেড়ে যায়। যে অসুস্থতার প্রভাবে ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ) তিনি মৃত্যুবরণ করেন।

রবি ঠাকুর আমাদের মাঝে সশরীরে নেই বটে। কিন্তু তাঁর লেখা চিরসবুজ কবিতা, গান, গল্প, নাটক আরও অসংখ্য সৃষ্টির জন্য তিনি অমর হয়ে আছেন। কীর্তিমানের মৃত্যু নাই—এমন মানুষদের জন্যই কথাটা যেন জ্বলজ্বলে সত্যি হয়ে আছে আমাদের মাঝে।