২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেগো: অসাধারণ এক পৃথিবী

লেগো নামের খেলনাটি আমাদের সবারই খুব পছন্দ। টুকরোটাকরা লেগো জুড়ে বাড়ি, মানুষ, প্লেন, গাড়ি কত কীই না বানানো যায়! আমরা যখন লেগো নিয়ে খেলতে বসি, বাসার বড়রাও জুটে যায় আমাদের সঙ্গে খেলতে। পরে এমনও হয় যে, তাদের জন্য আমরাই আর খেলতে পারি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মেজবাহ উল আজীজ তামিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 02:08 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

আমাদের সবার লেগোকে ঘিরে এসব চিন্তা-ভাবনাকে আরও জাগিয়ে তুলতে ওয়ার্নার ব্রাদার্স প্রোডাকশন নিয়ে এসেছে  ‘দি লেগো’ সিনেমাটি। এই অ্যানিমেটেড সিনেমাটি সব বয়সের মানুষের কথা ভেবেই বানানো হয়েছে, যেন বয়সের কথা মোটেই না ভেবে বাচ্চাদের লেগো নিয়ে যারা খেলতে বসে যান, তারাও কিছু মিস না করেন।

সিনেমার মূল থিম সং ‘এভরিথিং ইজ অসাম’ গানটি তোমার মাথায় সারাদিনের জন্য ঘুরপাক খাবে। দেখা যাবে হয়ত কাজের ফাঁকে গুনগুন করে মনের অজান্তেই গেয়ে উঠছ, ‘উই আর দ্য সেম, আই অ্যাম লাইক ইউ, ইউ আর লাইক মি, উই আর অল ওয়ার্কিং ইন হারমোনি।’

সিনেমার শুরুতেই দেখা যায় একটি গোপন জায়গা থেকে মারণাস্ত্র ‘ক্র্যাগেল’ চুরি করে আনে লর্ড বিজনেস। লর্ড বিজনেস এই সিনেমার অশুভ চরিত্র। তার খারাপ কাজের জন্য লেগো দুনিয়ার মানুষ শান্তিতে, স্বাধীনভাবে থাকতে পারে না। সব কিছুই সে দখল করে রাখে আর অন্যদের বাধ্য করে তার কথামতো চলতে। সেসময় এক অন্ধ সাধু ভবিষ্যদ্বাণী করে, একদিন একজন আসবে যে লর্ড বিজনেসের এই খারাপ কাজ করে গড়ে তোলা রাজত্ব তছনছ করে দেবে। সেদিন থেকেই লর্ড বিজনেস শুরু করে সেই একজন মানুষকে খোঁজা, যে তার এই রাজত্বের শেষ করতে পারে।

এরপর ঘটনা চলে যায় বেশ কয়েক বছর পরে। আমরা দেখতে পাই এক আধুনিক শহর, যার নাম ‘লেগো টাউন'। সেই শহরে সব কিছুই নিয়মমাফিক চলে। প্রতিটি কাজের ধরণ ও সময় যেন বাঁধা। এই শহরের রেডিও স্টেশন সারাদিন মানুষকে উজ্জীবিত করার জন্য বাজিয়ে চলে ‘এভরিথিং ইজ অসাম’। শহরের মানুষ ভাবে সত্যিই বুঝি সবকিছু খুব ভালো যাচ্ছে। সেইসঙ্গে শহরের মানুষও বুঝি খুব শান্তিতে আছে। কেউ বুঝতেই পারে না, তারা সবাই যে আসলে লর্ড বিজনেসের হাতের পুতুল।

শহরের সবাই তাই নিয়মগুলো মেনে চলে। গাড়ি চালানোতে নিয়ম, পার্কে নিয়ম, কফি কেনার লাইনে নিয়ম, কোথাও নিয়মের বাইরে কিছু দেখা যায় না। প্রতিটি মানুষের প্রতিদিনের জীবন ঠিক একইভাবে কাটতে থাকে। গল্পের মূল নায়ক ‘এমেট’ সেরকম নিয়মমানা একজন নাগরিক। পেশায় একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। এমেটকে দেখানো হয় খুবই সাধারণ একজন মানুষ হিসেবে, যে সবসময় সব নির্দেশ মান্য করে চলে। কখনও নির্দেশনার বাইরে নিজে মাথা খাটিয়ে কোনো কাজ করে না। কিন্তু  সারাদিন অনেক কষ্ট করে কাজ করার পরে সে আবিস্কার করে, দিন শেষে আসলে তার কোনো বন্ধু নেই। তখন ‘এভরিথিং ইজ অসাম’ গান তার মাঝে কোনো প্রভাব ফেলে না।

একদিন কাজের শেষে এমনই এক একাকী বিকেলে বাসায় ফেরার সময় এমেট তার কন্সট্রাকশন সাইটে কিছু অস্বাভাবিক ঘটনা দেখতে পায়। একটি নিনজা মেয়ে তার সাইটে কিছু একটা খুঁজছে। তার পিছু নিতে গিয়ে ধাক্কা খেয়ে একটি প্লাস্টিকের জিনিসের সঙ্গে এমেট আটকে পড়ে, জিনিসটি তার লেগো ওয়ার্ল্ডে দেখা কোনো জিনিসের মতো নয়।

এ ছোট্ট প্লাস্টিকের টুকরোই সাধারণ এমেটকে অসাধারণ করে ফেলে। সেই মেয়েটির সঙ্গে এমেটের পরিচয় হয়। মেয়েটি এমেট কে জানায় যে তার নাম ওয়াইল্ডস্টাইল। সে এই প্লাস্টিকের টুকরোটির খোঁজেই এতদিন ঘুরেছে। এই প্লাস্টিকের টুকরোটিই হল সেই বিখ্যাত মারণাস্ত্র ‘ক্র্যাগেল’ থামানোর একমাত্র উপায়। এটা যে খুঁজে পাবে, সে-ই হবে একমাত্র মানুষ, যে লর্ড বিজনেসের রাজত্ব শেষ করতে পারবে। তাকে বলা হবে ‘লিডার অব মাস্টার বিল্ডার্স’। ততদিনে লর্ড বিজনেস হয়ে পড়েছে লেগো টাউনের প্রেসিডেন্ট। এমেট কীভাবে তার মোকাবেলা করবে তা ভেবে ভয় পেয়ে যায়।

ওয়াইল্ডস্টাইল তাকে আশ্বস্ত করে বলে যে, এমন আরও অনেক মাস্টার বিল্ডার আছে, যারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। এমেটকে তারা সবাই সাহায্য করবে। এরপরে ওয়াইল্ডস্টাইল তাকে নিয়ে যায় সেই সব মাস্টার বিল্ডারদের কাছে।

এই মাস্টার বিল্ডারদের দেখে অবাক না হয়ে কোনো উপায় নেই। এই জীবনে যত জন সুপারহিরোর নাম তুমি জানো তার প্রায় সবাই এখানে আছে। ব্যাটম্যান, সুপারম্যান, হ্যারি পটার, পাইরেটস, লর্ড অব দ্য রিংস, স্টার ওয়ার্স, ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান, আয়রন ম্যান-- কে নেই এই লিস্টে!

এদের দেখে কিছুটা ভরসা পায় এমেট। কিন্তু এত সহজেই কি পোড়া কপাল এমেটের পিছু ছেড়ে যায়? এমেট কি শেষ পর্যন্ত পারে লর্ড বিজনেসের সাম্রাজ্য শেষ করে লেগো টাউনে শান্তি ফিরিয়ে আনতে? এটি জানার জন্য তোমাকে দেখতেই হবে মুভিটি। শুধু এটুকু বলতে পারি, শেষ ১৫ মিনিটে এমন কিছু হয়ে যাবে, যা হয়ত তুমি সিনেমার শুরুতে কল্পনাও করতে পারনি।

সিনেমাটি তোমার মাঝে সুন্দর একটা অনুভূতি আনবে, তোমার মনে হবে আসলেই ‘এভরিথিং ইজ অসাম’ গানের মতো সব কিছুই খুব সুন্দর, হেরে যাও বা জিতে যাও সব কিছুরই আলাদা করে একটা ভালো ব্যাপার আছে।