২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টি কিছু বিষ্টিছড়া

লিখতে গিয়ে মিষ্টি ছড়া লিখে ফেলি বিষ্টিছড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আলী হাবিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2014, 08:03 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM

সৃষ্টিছাড়া

বৃষ্টিধারা

দেয় ভিজিয়ে

যখন-তখন।

আষাঢ়-শ্রাবণ

নেয় কেড়ে মন।

২.

সজল মেঘ

নিরুদ্বেগ

আকাশ জুড়ে

বেড়ায় উড়ে।

সে মেঘ থেকে

অকস্মাr

ঝরঝরিয়ে

বৃষ্টিপাত।

৩.

বৃষ্টি ধারায়

দৃষ্টি হারায়

ঝর-ঝর-ঝর

বৃষ্টিরে

হায় কী

অনাসৃষ্টি রে।

৪.

আকাশ জুড়ে মেঘ জমেছে

কালো

এমন সময় কার বা লাগে

ভালো

বারান্দাতে একলা বসে

থাকি

মনের পাতায় মেঘের ছবি

আঁকি।

হঠাr করেই বৃষ্টি নামে

জোরে

মায়ের নিষেধ, ভিজবো কেমন

করে?

গ্রিল গলিয়ে দিই বাড়িয়ে

হাত

মাঝ দুপুরে হঠাr

বৃষ্টিপাত।

৫.

টিনের চাল

গাছের ডাল

মাঠের ঘাস

মুরগি-হাঁস

দেয় ভিজিয়ে বৃষ্টি যে

যায় না দূরে দৃষ্টি যে।

৬.

দূরের গ্রামে

বৃষ্টি নামে

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে

রাত্রিদিন

বিরামহীন।

৭.

টিনের চালে টাপুর-টুপুর

বাজায় নূপুর

ছন্দে তালে

গাছের ডালে

বৃষ্টি তোলে মিষ্টি সুর 

মেঘের বাড়ি বৃষ্টিপুর।

৮.

মেঘলা আকাশ, বাতাস ভেজা

বন্দী আছি ঘরে

এমন সময় মনটা যেন

কেমন কেমন করে।

ঝাল-মুড়িতেও যায় না সময়

তখন কী আর করা

কাগজ-কলম নিয়ে আমি

লিখতে বসি ছড়া।

৯.

লিখতে গিয়ে মিষ্টি ছড়া

লিখে ফেলি বিষ্টিছড়া।