তেলাপোকা ও দত্যি
দত্যি ও তেলাপোকা নিয়ে দুটো মজার ছড়া লিখেছেন রেজিনা ইসলাম।
টেবিলের উপরে তো মেলা পোকা
তিন, চার ,পাঁচ,ছয় তেলাপোকা,
পিলপিল করে ওরা হেঁটে যায়...
ভয় পেয়ে ইতি, মিতি সেঁটে যায়!
পাখা বড় তেলাপোকা উড়ে যায়
ছোটদের মাথাগুলো ঘুরে যায়।
লুটোপুটি পরে যায় চারদিকে!
ছুটোছুটি কোথথায় কার দিকে...
ছুটে চলে নানি, দাদি, মউটাও
বাদ নেই টগরের বউটাও,
তেলাপোকা হাটে বলো কয় পায়?
খোকাটাও মাঝেমাঝে ভয় পায়!
কথাটা কি সত্যি
একটা বেঁটে দত্যি,
মাত্র দুটো দাঁত ওর,
ওতেই মেখে আঁতর!
একটা রুটি হাফ খায়,
সাথে দুইটা সাপ খায়,
ইয়া মোটা ভুঁড়ি যে!
বয়স এক কুড়ি যে,
দেখতে এক রত্তি,
একটা বেঁটে দত্যি।
